উবারচালকদের বেকার ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের পৃথিবীতে মানুষকে খাদ্য থেকে শুরু করে শিক্ষা কিংবা স্বাস্থ্য—সবকিছুই কিনতে হয় ন্যায্য দামে। আর এই ন্যায্য দাম পরিশোধের জন্য নিজেকেও নামতে হয় পণ্যের কাতারে। কেউ বেচে শ্রম, কেউ মেধা। এটাই স্বতঃসিদ্ধ নিয়ম। এই নিয়ম মেনেই চলছে পৃথিবী এবং এর তাবৎ ব্যবস্থা। বাজার অর্থনীতি মানুষকে একই সঙ্গে ক্রেতা ও বিক্রেতায় পরিণত করেছে। জীবনের চলার পথে নিত্যকার চাহিদা মেটাতে তাকে কিনতে পারতে হয়। আর এই কেনার যোগ্যতা অর্জনের জন্য তাকে পরিণত হতে হয় যোগ্য বিক্রেতায়।

কম্পিউটারের সহজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ তৈরি করে এবং তা সফলভাবে বেচেই বিল গেটস উঠে এসেছেন সারা বিশ্বের শীর্ষ ধনীর কাতারে। কিন্তু সবাই বিল গেটসের মতো নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষেরই নিজের শ্রমটুকুই সম্বল। তাঁরা এটুকু বেচেই বেঁচেবর্তে থাকেন। এঁদের ঘোরানো চাকাতেই চলে রাষ্ট্র নামক গাড়িটি। ফলে এই বিপুল মানুষের দেখভাল করাটা রাষ্ট্রেরই দায়িত্ব। আর এই সূত্রেই কর্মক্ষম মানুষ ও তাঁদের কর্মসংস্থানের গুরুদায়িত্বটি রাষ্ট্রের ওপর বর্তায়।

কর্মসংস্থানের জন্য রাষ্ট্র অনেকাংশে নির্ভর করে বড় বড় প্রতিষ্ঠানের ওপর। কিন্তু অনেক সময় দেখা যায়, বড় বড় প্রতিষ্ঠান শ্রম কেনার কথা দিয়ে তা বরখেলাপ করছে। তখন বিপাকে পড়ে বহু মানুষ, যারা ওই প্রতিষ্ঠানে শ্রম কিংবা মেধা বিক্রি করতে গিয়েছিল। হঠাৎ করে কাজ হারিয়ে তখন সেই মানুষেরা পড়ে অথৈ সাগরে। এই পরিস্থিতিতে রাষ্ট্রেরই দায় সেই সব মানুষের পাশে দাঁড়ানো। কারণ, এর সঙ্গে তার অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য খাতওয়ারি বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা তৈরি করে রাষ্ট্র। কিন্তু সেই নিয়ন্ত্রক সংস্থাও যদি ব্যর্থ হয়, সে ক্ষেত্রে একটি গণতান্ত্রিক দেশে নাগরিকদের অধিকার নিশ্চিতের জন্য রয়েছে আদালত।

আমেরিকার আদালত সম্প্রতি এই দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান উবার বিভিন্ন সময়ে নানা অজুহাতে নিজেদের নিবন্ধিত চালকদের কাজ দেওয়া বন্ধ করে। এটা অনেকটা উল্লিখিত ‘কিনব বলে, না কেনা’র মতো। কিন্তু এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার করার কিছুই ছিল না। কারণ, গাড়ি সেবার ক্ষেত্রে উবারের মতো প্রতিষ্ঠান ধারণাগত জায়গা থেকেই একেবারে নতুন। ফলে এ ধরনের প্রতিষ্ঠানকে নিয়মের নিগড়ে বাঁধার মতো পর্যাপ্ত কানুন এখনো তৈরি হয়নি। আর এর সুযোগ নিচ্ছিল উবার কর্তৃপক্ষ।

কিন্তু আমেরিকার আদালত বুঝিয়ে দিলেন, তাঁরা আছেন। বাংলাদেশি একজনসহ তিন উবারচালকের কাজ হারানোর জেরে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের করা মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি আদালত কর্মহীন উবারচালকদের বেকার ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বটিকেই স্মরণ করিয়ে দিয়েছে। একই সঙ্গে এই রায় পেশাজীবী বিভিন্ন সংগঠনকে এ বার্তাও দিচ্ছে যে নিজেদের অধিকার আদায়ের লড়াইটা নিজেদেরই করতে হয়। এবার অন্য পেশাজীবী সংগঠনগুলোও তাদের অধিকার নিয়ে সোচ্চার হবে—এটাই আশা।