উল্লাপাড়া সোসাইটির বাংলা বর্ষবরণ উদ্যাপিত

আমেরিকার বাংলাদেশি জনসমাজের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইন্ক-এর উদ্যোগে ১৩ এপ্রিল মেরিল্যান্ডে ও ১৪ এপ্রিল নিউজার্সিতে বাংলা বর্ষবরণ ১৪২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন ছিল যেমন খুশি তেমন সাজো, কবিতা আবৃত্তি, গান, ক্রীড়া প্রতিযোগিতা, মোরগ লড়াই ও শুভেচ্ছা বক্তব্য। মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের প্রবাসীদের উপস্থিতিতে এক খণ্ড মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার কৃতি সন্তান চিকিৎসক খন্দকার সেলিম। সংগঠনের আহ্বায়ক মমিনুর রহমান, সদস্যসচিব আলী মুল যুদী, প্রধান সমন্বয়ক সাইয়ান ফারিয়া ও তাঁদের সহযোগীরা অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে ছিল ঘরের রান্না পান্তা ইলিশসহ ৩৭ রকমের ভাজি-ভর্তা। নিউইয়র্ক থেকে অনুষ্ঠানে অংশ নেন উল্লাপাড়া সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুজ্জামান খান তনু, প্রধান নির্বাচন কমিশনার এইচ এম শাহিদ, মীর আমজাদ হোসেন, মাখসুদা খান, সামছুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিউল আলম, জহুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন আন্দলিব হোসেন লিমা, মাইন, কান্তা, রাজিব, মুনা টমাস প্রমুখ।
১৪ এপ্রিল নিউজার্সি, পেনসিলভানিয়া ও কানেকটিকাটের উল্লাপাড়া প্রবাসী ছাড়া ও অনেকে পরিবার পরিজন নিয়ে পয়লা বৈশাখ উদ্যাপন করেন আহ্বায়ক শাহিনুর রহিমের নিজস্ব বাস ভবনের হলরুমে। তাঁকে সহযোগিতা করেন সদস্যসচিব গোলাম সারওয়ার, নুরুন নবী পলাশ ও প্রধান সমন্বয়ক সৈয়দ সালাউদ্দিন মারুফ। রাস্তায় আলপনা ছাড়াও হলরুমের দেয়ালে কাগজের তৈরি বিভিন্ন রকমের চিত্র, ডালা, কুলা ও তাল পাতার হাত পাখা দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়। প্রথমে কেক কেটে সবাইকে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে শাড়ি ও পাঞ্জাবি পড়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি মো. রাকিবুজ্জামান খান তনু শুভেচ্ছা বক্তব্যে বলেন, আগামী বছর উল্লাপাড়াবাসীর সবাইকে নিয়ে নিউইয়র্কে বড় করে বাংলা বর্ষবরণ উদ্যাপন করা হবে। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে উল্লাপাড়া সোসাইটির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।