উষ্ণতম ফেব্রুয়ারির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেব্রুয়ারি উষ্ণতম মাস
ফেব্রুয়ারি উষ্ণতম মাস

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, এ বছরের ফেব্রুয়ারি মাসটি অন্য যেকোনো ফেব্রুয়ারির তুলনায় উষ্ণতম ছিল। এই ফেব্রুয়ারিতে অন্য বছরগুলোর ফেব্রুয়ারির তুলনায় তাপমাত্রা ১ দশমিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাই প্রশ্ন উঠেছে, জলবায়ু নিয়ে জরুরি অবস্থা জারির কি এটাই সবচেয়ে উপযুক্ত সময়?
ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-এর সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি বিশাল ধাক্কা হয়ে এসেছে। মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। ১৯৫১ থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে যে গড় তাপমাত্রা ছিল, চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই গড়ের তুলনায় ভূ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ১ দশমিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

ফেব্রুয়ারির আগে গত জানুয়ারি মাসও উষ্ণতম মাস হিসেবে রেকর্ড গড়ে। চলতি বছর জানুয়ারি মাসে আগের যেকোনো বছরের জানুয়ারির তুলনায় গড়ে তাপমাত্রা বেশি ছিল ১ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস।
জার্মানির পটসডাম ইনস্টিটিউট অব ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ সেন্টারের গবেষক স্টেফান র‍্যামস্টর্ফ বলেন, ‘আমরা এখন এক ধরনের জরুরি জলবায়ু পরিস্থিতির মধ্যে আছি, যা আমাদের প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে...এটা একেবারেই নজিরবিহীন।’