উৎকণ্ঠা ও উৎসবের এক ধারাবাহিক পুরাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গত ২১ আগস্ট আমেরিকার ওয়াইমিং থেকে তোলা দৃশ্য
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গত ২১ আগস্ট আমেরিকার ওয়াইমিং থেকে তোলা দৃশ্য

২১ আগস্ট ২০১৭। আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি অঞ্চল থেকে দেখা গেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে সব অঞ্চল নয়, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে নির্দিষ্ট কিছু অঞ্চল থেকেই। এ ছাড়া আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে অনেক এলাকা থেকেই। এ নিয়ে উত্তেজনাও কম ছিল না। অনেক আগে থেকেই বিশেষজ্ঞরা সূর্যগ্রহণ দেখা নিয়ে মানুষকে সতর্ক করে আসছিলেন। দিচ্ছিলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা। চোখ সামলে রাখার মন্ত্র দেওয়া হচ্ছিল নিয়মিতভাবেই। এ নিয়ে হয়ে গেছে জমজমাট ব্যবসাও। কিন্তু তারপরও অনেকেই এসবের কোনো কিছু কানে তোলেননি। খোলা চোখেই আশ মিটিয়ে দেখেছেন সূর্যগ্রাসের ঘটনা। অনেকে দিনটিকে স্মরণীয় করে রাখতে আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে। বৈজ্ঞানিক ব্যাখ্যা পাশ কাটিয়ে অনেকে দিয়েছেন নিজস্ব ব্যাখ্যা। উঠে এসেছে ভিনগ্রহের প্রাণীদের সূর্যগ্রাসের চমৎকারী গল্পগাথা।
শুধু ২০১৭ সালের সাম্প্রতিক এই সূর্যগ্রহণই নয়, ইতিহাসে কিংবা পুরাণজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে মানুষের উৎকণ্ঠা ও আকর্ষণের যুগপৎ অভিব্যক্তি। সব সময়ই গ্রহণকে মানুষ ব্যাখ্যা করেছে নিজেদের মতো করে। এ ক্ষেত্রে বিজ্ঞজনদের মতো নিজের সঙ্গে মিললে ঠিক আছে, না হলে নিজের ভাবনাই সই।
পৃথিবীর ইতিহাসে বহু জাতি বহু অনিষ্ট, জরা ও মৃত্যুর কারণ হিসেবে দেখেছে সূর্যগ্রহণকে। এমনকি হাজারো মৃত্যু ও যুদ্ধ থামিয়ে দেওয়ার কারণ হিসেবে হাজির হয়েছে সূর্যগ্রহণ। খ্রিষ্টপূর্ব ৫৮৫ সালে লিডিয়ান ও মেডেসদের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছিল সূর্যগ্রহণ। কারণ উভয় পক্ষই মনে করেছিল যে এই গ্রহণ তাদের যুদ্ধের প্রতি দৈবের অসম্মতি। এমনকি সূর্যগ্রহণকে বিয়োগান্ত কোনো ঘটনার পূর্বাভাস হিসেবেও বিবেচনা করা হয়। ১১৩৫ সালে রাজা প্রথম হেনরির মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা হয় ১১৩৩ সালের সূর্যগ্রহণ। এমনকি ১৬৫২ সালে হওয়া গ্রেট প্লেগ নামে পরিচিত মহামারির কারণ হিসেবেও অনেকেই সূর্যগ্রহণকেই দায়ী করেন। ১৬৮৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনও এক দিন পিছিয়ে দেওয়া হয়েছিল সূর্যগ্রহণের কারণেই।
৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে মানুষ ধীরে ধীরে সূর্যগ্রহণের বাস্তবিক কারণের দিকে মনোযোগী হয়। শুরু করে গবেষণা। থেলিস থেকে শুরু করে বহু বিজ্ঞানী এ ক্ষেত্রে অবদান রাখলেও সার্বিকভাবে সবচেয়ে বড় কাজটি করেন এডমুন্ড হ্যালি। ১৭১৫ সালে তিনি জানান, গ্রহণ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। এ ক্ষেত্রে তিনি ব্যবহার করেন অগ্রজ বিজ্ঞানী আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র। আর মানুষের সামনে হাজির করেন সৌরমণ্ডলের আবর্তনসংশ্লিষ্ট গ্রহণের পূর্বাপর। তিনিই প্রথম এ-বিষয়ক একটি পূর্ণাঙ্গ মানচিত্র হাজির করেন পৃথিবীর সামনে।
যদিও এসব গবেষণা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষকে দৈব শঙ্কা ও সংশয় থেকে মুক্তি দিতে পারেনি আজও। এ ক্ষেত্রে পৌরাণিক বিভিন্ন আখ্যান যেমন কাজ করে, তেমনি কাজ করে অসময়ে নেমে আসা অন্ধকার। মানব বৈশিষ্ট্যের মধ্যেই গ্রহণকেন্দ্রিক বিভিন্ন সংস্কার ঢুকে পড়েছে উত্তরাধিকার সূত্রে। এটা অনেকটা বংশপরম্পরায় সম্পত্তির মালিকানা পাওয়ার মতোই। ফলে পৃথিবীর শক্তিকেন্দ্র সূর্যের গ্রহণকে অনেকেই এখনো দেখেন কোনো অসংস্কৃত অসুরের গ্রাস হিসেবে। পাঠকের সামনে এমনই প্রচলিত পৌরাণিক ধারণা তুলে ধরা হলো আজ—
১. সূর্যখেকো রাক্ষস: সূর্যখেকো রাক্ষসের দল আকাশকে অন্ধকারে ঢেকে দেয় বলে বহু প্রাচীন সভ্যতায় বদ্ধমূল ধারণা ছিল। চীনা পুরাণমতে এক খারাপ ড্রাগন রয়েছে আকাশে, তারকাদের মাঝে। আর এই ড্রাগনই সূর্যকে গিলে ফেলে। একই ধরনের গালগল্প প্রচলিত আছে ভিয়েতনামেও। সেখানকার পুরাণমতে একটি বিরাট ব্যাঙ সূর্যকে গিলে ফেলে মাঝে মাঝে, আর তখনই হয় সূর্যগ্রহণ। প্রাচীন মায়াসভ্যতায়ও এমন রাক্ষস ধারণা ছিল। সেখানে এই রাক্ষসকে চিত্রিত করা হয়েছে বিরাট সাপ হিসেবে। আর হাঙ্গেরীয় পুরাণে এই রাক্ষসের রূপ হচ্ছে পাখি। একইভাবে সাইবেরিয়া ও কোরিয়ায় এই রাক্ষসকে বিবেচনা করা হয় যথাক্রমে ভালুক ও কুকুর হিসেবে।
২. রাহুর গ্রাস: ভারতীয় সভ্যতায় গ্রাসের কারণ হিসেবে দেখা হয় অপদেবতা রাহুকে। এই অঞ্চলের পুরাণমতে রাহু বিষ্ণুর ছদ্মবেশে অমৃত চুরি করেছিল। আর এই চুরির ঘটনা দেখে ফেলে চাঁদ ও সূর্য। সেই থেকে এই দুজনের ওপর রাহুর রোষ। আর তাই সুযোগ পেলেই চাঁদ ও সূর্যকে গ্রাস করে সে নিজের প্রতিশোধ নেয়।
৩. মূল কুশীলব ‘স্কোল’ নামের নেকড়ে: ভাইকিংদের বিশ্বাসমতে, স্কোল নামের একটি নেকড়ে সূর্য চুরি করে। আর তখনই হয় সূর্যগ্রহণ। কিন্তু স্কোল সূর্যকে বেশিক্ষণ রাখতে পারে না নিজের কাছে। স্কোলকে সন্ত্রস্ত করে সূর্যকে উদ্ধারও করে অবশ্য ভাইকিংরাই। কারণ তারা গ্রহণের সময় প্রচুর কোলাহল করে। আর এতে ভয় পেয়ে ওই নেকড়ে সূর্য ছাড়াই পালিয়ে যায়।
৪. চন্দ্র-সূর্যের যুদ্ধ: বহু প্রাচীন সভ্যতাই গ্রহণকে বিবেচনা করেছে সূর্য ও চাঁদের যুদ্ধ হিসেবে। ইনুইট (কানাডা, রাশিয়াসহ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা বিশেষ এক জনগোষ্ঠী) লোকসাহিত্যে এমন বর্ণনাই দেওয়া রয়েছে। এই গল্প অনুযায়ী, চন্দ্র দেবতা অ্যানিংটন ও সূর্য দেবী ম্যালিনার মধ্যে একবার তীব্র ঝগড়া হয়। ভেঙে যায় ভাই-বোনের সংসার। ম্যালিনা রাগ করে ঘর ছাড়ে। সেই থেকে অ্যানিংটন ম্যালিনার পেছনেই ছুটছে। চলছে লড়াই। অধিকাংশ সময়ই এতে ম্যালিনা জেতে। কিন্তু যখন অ্যানিংটন যেতে, তখন হয় সূর্যগ্রহণ। একই ধরনের যুদ্ধতত্ত্ব হাজির করা হয় আফ্রিকার বাটাম্মালিবা উপকথায়। টোগো ও বেনিনের (বাটাম্মালিবা অধ্যুষিত) অধিবাসীদের মধ্যে বিদ্যমান ধারণা অনুযায়ী চন্দ্র-সূর্যের যুদ্ধের কারণেই পৃথিবীতে অন্ধকার নেমে আসে। আর বাটাম্মালিবার জনগণ এ সময় একত্র হয়ে নিজেদের হিংসা ও ঝগড়ার সমাধান করলেই শুধু এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এ কারণে গ্রহণের সময়কে এই অঞ্চলের অধিবাসীরা বিবেচনা করে বিনির্মাণের সময় হিসেবে।
৫. গর্ভবতী নারী ও শিশুর জন্য শঙ্কা: এমনকি এখনকার সময়েও সূর্য বা চন্দ্রগ্রহণের আগে বহু মানুষ যোগাযোগ করে গ্রিফিথ পর্যবেক্ষণ কেন্দ্রে শুধু এই জানতে যে গর্ভবতী ও শিশুদের জন্য আশঙ্কার কিছু রয়েছে কি না। এমন শঙ্কা বহু প্রাচীন। আজটেকদের সময় থেকেই এমন শঙ্কা চলে আসছে। এমনকি এর মূল আরও পেছনেও থাকতে পারে। ভারতে এখনো এমন ধারণা বেশ প্রচলিত। এ কারণে সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের ঘরের বাইরে যেতে রয়েছে কড়াকড়িও।
৬. গ্রহণকালে রোপিত গাছ বাড়ে বেশি: এটি নেতিবাচক নয়, বরং ইতিবাচক। ইতালিতে এই ধারণা প্রচলিত আছে যে গ্রহণের সময় কোনো গাছ রোপণ করা হলে, তা অন্য সময়ে রোপিত গাছ থেকে বেশি বাড়ে। এর ফুল হয় আরও বেশি আকর্ষণীয় ও সুবাসিত। যদিও দুঃখজনক হলেও সত্যি যে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি আগেরগুলোর মতোই।