উৎসব করতে এসে দুঃখ নিয়ে ফেরা

ম্যানহাটনের জাভিটস সেন্টার থেকে রাত ১১টার দিকে বেরিয়ে আসার সময়ই খটকা লাগছিল। হিলারি ক্লিনটন শিবিরের উত্তেজনা তখনো কমেনি। রাস্তার ওপর বসে জায়ান্ট স্ক্রিনে নির্বাচনের ফলাফল দেখছেন তাঁরা। অবিশ্বাস, সন্দেহ, ভয় নিয়ে অপেক্ষা করেছেন রাত দুইটা পর্যন্ত। শেষ পর্যন্ত হিলারি ক্লিনটনের প্রচার কমিটির চেয়ারম্যান জন পডেস্টা সমর্থকদের বাড়ি ফিরে যেতে বললে তাঁরা ধীরে ধীরে জাভিটস সেন্টার থেকে বেরিয়ে আসেন।
‘হিলারি ক্লিনটন ফর আমেরিকা’ নামে তৈরি প্রচারমঞ্চে সমর্থকদের নিয়ে বিজয় উদ্যাপনের জন্য বেশ কয়েক দিন ধরে নাম নিবন্ধন চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে জাভিটস সেন্টারের আশপাশে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। মাথার ওপরে হেলিকপ্টারের টহল শুরু হয়। আর ঢোকার আগে নিরাপত্তা বিভাগের তল্লাশি তো ছিলই। এত বাধাবিপত্তি পেরিয়েও হাজার হাজার মানুষ ওই সমাবেশে যোগ দেওয়ার জন্য এসেছিলেন। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, স্বামী-স্ত্রী-সন্তান সবাইকে নিয়ে। নিউইয়র্কে বরাবরই ডেমোক্র্যাটদের প্রাধান্য, তাই জাভিটসেও ছিল উপচে পড়া ভিড়।
তবে শেষ রক্ষা হয়নি। সকালে জাভিটস সেন্টার থেকে এনবিসি টেলিভিশন কয়েকজন সমর্থকের বক্তব্য প্রচার করে। জোয়ান ম্যাককে নামের এক নারী বলেন, ‘ট্রাম্পের জয় একটা বিপর্যয়, দেশের জন্য দুঃখবোধ করছি আমি।’ জোয়ান জিয়ানে নামে অপর এক নারী বলেন, ‘দেশটা যে কতটা বিভক্ত সেটা আজ বোঝা গেল। এটা বিশ্বাস করা যে কতটা কঠিন।’ ম্যাক কোয়েল নামে একজন আফ্রিকান আমেরিকান বলেন, ‘নির্বাচনের ফল বুঝিয়ে দিয়েছে আমার প্রতিবেশী, আমার সহকর্মী, চেনাশোনা অনেকে আসলে আমাকে নিয়ে কী ভাবেন। আর তাঁরা তার স্বাক্ষর রেখেছেন ব্যালটে।’
গতকাল রাতে যাঁরা জাভিটস সেন্টারে গিয়েছেন, হিলারি ক্লিনটনকে সমর্থন দেওয়ার পেছনে তাঁদের একেক জনের একেকটা যুক্তি ছিল। সমাবেশে প্রচুর নারী ভোটার আসেন। তাঁদের পরনে ন্যাস্টি উইমেন, উইমেনস প্লেস ফ্রম হাউস টু সিনেট, হিলারি ফর আমেরিকা, ডাম্প ট্রাম্প লেখা টি-শার্ট ছিল। ত্রিনিদাদ থেকে প্রায় ২০ বছর আগে নিউইয়র্কে আসা ওয়েন্ডি ব্রুস্টার মাথায় নীল রঙের পাখির পালকের বিরাট মুকুট পরে এসেছিলেন, সঙ্গে ছিল দুই সন্তান। ইচ্ছা ছিল ক্যারিবিয়ান কার্নিভ্যালে তিনি একসময় যে নাচ করতেন তাই করবেন। নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ কথা, মূল্যায়ন ইত্যাদি নিয়ে ট্রাম্পের ওপর ক্ষিপ্ত তিনি।
স্ত্রী এমিলিকে নিয়ে এসেছিলেন ডায়ান আগোলা। স্ত্রী শ্বেতাঙ্গ, তিনি কৃষ্ণাঙ্গ। শিকাগোয় জন্ম নেওয়া ডায়ান এখন নিউইয়র্কে থাকেন। ট্রাম্পের বৈষম্যমূলক কথা তাঁদের ভালো লাগেনি। দক্ষিণ আফ্রিকা থেকে এসে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন শ্বেতাঙ্গ এক নারী টেসা গর্ডন। তিনি বলছিলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের রূপ আমি দেখেছি। ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদীদের যা খুশি তা-ই বলার সুযোগ করে দিয়েছেন। তিনি অনেক জায়গায় জিতেছেন। এটা খুবই ভীতিকর।’ টেসা গর্ডন ম্যাসাচুসেটস থেকে মাস খানেক আগে ফ্লোরিডা চলে যান, সেখানে হিলারির হয়ে কাজ করেন তিনি।
কেউ কেউ শুধু ইতিহাসের অংশ হতে এসেছিলেন। ডেভিড ভিলারি ও অ্যান্থনি কাস্টার এসেছিলেন ইতিহাসের অংশ হতে। মধ্য ত্রিশের ডেভিড বলেন, ‘আমি আমার নাতি-নাতনিকে বলব চোখের সামনে আমি নতুন ইতিহাস তৈরি হতে দেখেছি।’ অ্যান্থনি কাস্টার হিলারি দুই প্রার্থীর মধ্যে হিলারিকে বেশি পছন্দ করেন কারণ তিনি রাজনীতি করে করে এ পর্যায়ে এসেছেন। অনভিজ্ঞ নন।
তবে শেষ পর্যন্ত জাভিটস সেন্টারে হাজির হওয়া মানুষের যুক্তি, আবেগ সবই মার খেয়েছে ব্যালটের কাছে। কেউ কেউ তবু গতকাল বুধবার সকালে জাভিটস সেন্টার থেকে দুই কিলোমিটার দূরে ট্রাম্প টাওয়ারের সামনে দাঁড়িয়ে ‘উইথ হিলারি’ বলে চিৎকার করেছেন।