উৎসবের রাজ্য ক্যালিফোর্নিয়া!

চারদিকে উৎসব যেন; দিনরাত হাজার-হাজার মানুষের পদভারে গমগম করছে। শত শত যুগল হাত ধরাধরি করে চলছে। প্রকৃতি দুহাতে উজাড় করে দিয়েছে ক্যালিফোর্নিয়াকে। এখানকার মানুষের বসবাস প্রকৃতির সঙ্গেই। প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে প্রায় নয় শ মাইল বিস্তৃত মেক্সিকো সীমান্ত ঘিরে গড়ে ওঠা রাজ্য ক্যালিফোর্নিয়া। অনিন্দ্য সুন্দর প্রকৃতির আশীর্বাদধন্য ক্যালিফোর্নিয়া এক উৎসবের রাজ্য।
প্রশান্ত মহাসাগরের নীলাভ জলের আছড়ে পড়া ঢেউ যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। সাগর-পাহাড়ের মিতালিতে সৈকতজুড়ে পর্যটকদের আনাগোনা। সান-ফ্রান্সেসকো গোল্ডেন গেট সেতু, আলকাতরাজ আইল্যান্ড, রেডউড বন, সিয়েরা নেভাদা পর্বতমালা, সেন্ট্রাল ভ্যালি খামার; কী নেই! প্রকৃতির এ সৌন্দর্যের বন্দনা করতে পৃথিবীর নানা দেশ থেকে প্রতি দিন ছুটে আসে মানুষ ক্যালিফোর্নিয়ায়। পাহাড়-পর্বত, বিশাল সৈকতের পাশে হাইওয়ে (সেভেন্টিন মাইল ড্রাইভ) এক অসাধারণ ভালো লাগার জায়গা; এক অভূতপূর্ব দৃশ্য। সাগরের তীরে বিশাল পাহাড়সম পাথরের মাঝে নানা বর্ণের পাখি, তিমি মাছের আনাগোনা; যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক নিরন্তর মিতালি। কেউ-কারও ক্ষতির চিন্তায় নেই। নির্ভয়ে সৈকতে মানুষ ও বিভিন্ন প্রাণী বিচরণ করছে।
সৈকতের পাশেই রয়েছে মনটেরি সাইপ্রেস গাছের সারি। তিন শ বছর ধরে এ গাছগুলোই প্রশান্ত মহাসাগরীয় এলাকার মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। এ গাছগুলো লম্বায় ৭০ ফুট। প্রশান্ত মহাসাগরের পাশেই রয়েছে কিছুটা উঁচু ভূমি। এসব টিলাতেই বাস করেন অনেকে।
স্থানীয়রা জানান, এসব বাড়ির দাম আকাশছোঁয়া। এতে আমেরিকার ধনীরা থকেন। ক্যালিফোর্নিয়ায় ধনাঢ্য আমেরিকানদের বাস। এদের জন্য নির্ধারিত আবাসন সুবিধা রয়েছে। সাগর পাড়ের পাহাড়ি উপত্যকার সেসব বিশেষ আবাসনে রয়েছে গলফ খেলার মাঠসহ নানা সুযোগ-সুবিধা।
দেখা হলো লাভারস পয়েন্ট, যেখানে অবারিত সমুদ্রের অসীম জলের ঢেউকে সাক্ষী রেখে অগণিত যুগলকে দেখা যায় হাত ধরে পথ চলতে।
সান ফ্রান্সেসকো শহরের অদূরেই আলকাতরাজ দ্বীপ। এখানেই ছিল এক সময় সেই কারাগার, যেখানে বন্দী থাকত আমেরিকার কুখ্যাত সব অপরাধীরা। এখন এ দ্বীপ ভ্রমণ-পিপাসুদের জন্য বিনোদনের জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে। সান্তা ক্রুজ বে থেকে প্রমোদতরীতে করে এ দ্বীপে যাওয়া যায়। ঝাঁকে-ঝাঁকে সিগাল পাখির ওড়াউড়ি যেন প্রমোদতরীকে স্কট দিয়ে নিয়ে যায় দ্বীপাঞ্চলে। সান ফ্রান্সেসকো থেকে সাউসালিটো সিটি পর্যন্ত রয়েছে গোল্ডেন ব্রিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এ সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিচে হুড নদীর জলরাশির সঙ্গে সংগত হয় পাহাড় ও সমতলভূমির নয়নাভিরাম দৃশ্য। যেদিকে ফেরা যায়, সেদিকেই সেতুটি বেকগ্রাউন্ডভিউ (পশ্চাৎপট) হিসেবে দাঁড়িয়ে যায়। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো। দুই নদীর মিলনস্থলে এ শহরটির পাহাড় যেন রঙিন বাড়ির পাড়া-গ্রাম। পাহাড়ের নিচ থেকে ওপরে থরে-থরে সাজানো বাড়ি। শত-শত বছরের প্রাচীন সিকোরিয়া গাছে পরিবেষ্টিত সিয়েরা নেভাদা পাহাড়, যেখানে পাহাড়ের চূড়া থেকে ঝরনা নেমে এসেছে। যুগ-যুগান্তর ধরে মানুষ এ বিস্ময়কর দৃশ্য উপভোগ করে যাচ্ছে।
লস অ্যাঞ্জেলেস শহর বিনোদনের স্বর্গরাজ্য। হ্যারিসন ফোর্ডসহ হলিউডের শীর্ষস্থানীয় ৩৩ জন আমেরিকান চলচ্চিত্র অভিনেতার খোদাই করা নাম রয়েছে হলিউড ব্লুবার্ড ৭০০০ ব্লকের ‘হলিউড ওয়াক অব ফেইম’-এ। প্রতি দিন হাজারো উৎসুক মানুষ এ ব্লকের ফুটপাত ধরে হেঁটে যান; ছবি তোলেন তাঁদের পছন্দের তারকার খোদাই করা নামের সঙ্গে। সড়কের দুধারে নানা রকমের বিনোদন নির্ভর স্টোর।
লস অ্যাঞ্জেলেস শহর একনজরে দেখতে চাইলে গ্রিফিট অবজারভেটরিতে উঠে যাওয়া ভালো। একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে হলিউড সাইন ঘিরে সন্ধ্যায় আলো ঝলমলে এ শহর দেখার মজাই আলাদা।
বেশ লম্বা ভ্রমণ বলা যায়। দীর্ঘ এ ভ্রমণেই বিশ বছর পর দেখা মিলল বড়ভাই মুজাহিদ-মনোয়ারের সঙ্গে। হঠাৎ এ সাক্ষাৎ ভ্রমণের আনন্দকেই ভিন্ন মাত্রায় নিয়ে গেল। ক্যালিফোর্নিয়ার অ্যাপলভিউ এলাকায় থাকেন তাঁরা দুজন। পুরো দেশীয় মেজাজে গড়া বিশাল বাড়ি। খাবার টেবিল সাজিয়ে প্রতীক্ষা করছিলেন তাঁরা। এত পদ যে, টেবিলে স্থান সংকুলান হচ্ছিল না। অনেক দিন লাখ্কা মাছ খাওয়া হয়ে ওঠেনি। এবার মিলল সেটাও।
আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে দেশীয় খাবারের রেস্টুরেন্টের বড় অভাব। বিশেষ করে আমেরিকার মধ্যভাগের অঙ্গরাজ্যগুলোয় এ অভাব খুব করে অনুভূত হয়। আবার বাংলাদেশি কমিউনিটি ছোট হওয়ায় দেশীয় খাবারের দোকানের সংখ্যাও কম। তাই ভ্রমণপিপাসুরা ঘুরতে বেরোলে সাধারণত নিজের পরিচিতদের খোঁজ করেন। এতে এক ঢিলে দুই পাখি মারা যায়। প্রিয়জনের সঙ্গও মেলে, সঙ্গে মুখরোচক দেশীয় খাবার। লস-অ্যাঞ্জেলেসে গিয়ে আমাদের দলটিও তেমনি পাপড়ি আপাকে খুঁজে বের করল। সুনসান নীরবতায় জড়ানো শহর সেন্ট জোসেফ শহরে মিলল তপু ভাইয়ের। ক্যালিফোর্নিয়ার পাহাড়ের গায়ে জড়ানো শহর ফলসাম ক্যালিফোর্নিয়া শহরে আমাদের আপন করে নিলেন প্রকৌশলী জ্যোতির্ময় দাদা। এদের কাউকেই ধন্যবাদ দেওয়ার দুঃসাহস নেই। প্রিয়জনকে কী ধন্যবাদ দেওয়া যায়!