উড়ন্ত বিমানে জ্যান্ত সাপ!

আপনি বিমানে কোথায় যাচ্ছেন। বেশ আরাম-আয়েশেই বসে যাচ্ছেন গন্তব্যর দিকে। হঠাৎ শুনতে পেলেন বিমানের মধ্যে আছে জ্যান্ত সাপ। গত রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যানাইক থেকে অ্যাঙ্কোরেজগামী ফ্লাইটে একটি সাপ পাওয়া গেছে। যাত্রীরা বিমানে সাপের কথা প্রথম জানতে পারেন পাইলট ঘোষণায়। বিমান চলতে শুরুর ১৫ মিনিটের মধ্যেই পাইলট ওই ঘোষণা দেন। পাইলট যাত্রীদের উদ্দেশে বলেন, যাত্রীগণ, বিমানের ভেতর একটি সাপ আছে। তবে আমরা জানি না সাপটা ঠিক কোথায় আছে। এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে বিমানের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
বিমানের শেষের দিকের আসনে মায়ের সঙ্গে বসেছিল একটি ছোট ছেলে। সে প্রথম সাপটি দেখতে পায়। সে দেখে বসার আসনের পেছনে একটি ব্যাগের ভেতর সাপটি আছে। তবে সাপটি পরে একটি ব্যাগে ভরে ফেলে বিমান কর্মীরা। আনা ম্যাক কোনাগি নামে বিমানের এক যাত্রী বলেন, ‘বিমান কর্মী এবং পাইলট তৎক্ষণাৎ ঘটনাটি সঠিক পন্থায় নিয়ন্ত্রণ করেন।’
বিমানে ওই সাপটি ফেলে রেখে গিয়েছিলেনে এর আগের ফ্লাইটের কোনো এক যাত্রী। সাপটি নাকি তাঁর পোষ্য ছিল। তিনি নেমে যাওয়ার পর ভুলে যান যে সাপটি বিমানেই রয়ে গেছে।