উড়ালপথে আপদে-বিপদে
ফ্লাইট নং ইকে ২০৬। নিউইয়র্ক থেকে মিলান হয়ে যাবে দুবাই। ছেড়েছে স্থানীয় সময় রাত ১০টা ৩০-এ। নির্ধারিত সময় থেকে ১০ মিনিট দেরিতে। প্লেনে বসে নিউইয়র্কের আকাশে উড়তে যাব তখন পেলাম খোকন মামার কল। না ধরতে পারলেও সঙ্গে সঙ্গে এল মেসেজ। ভালো থাকুন মামা। ভালোভাবে ফিরে আসুন। আপনাকে মিস করব। সত্যি বোধ করি তাই। আমি ইতিমধ্যে ভালোবাসার নগর নিউইয়র্কসহ স্বজনদের মিস করতে শুরু করেছি।
সারা দিন দৌড়ঝাঁপ করে ব্যাগ গুছিয়ে আমরা চারজন সন্ধ্যার পর দুটো গাড়িতে করে ছুটলাম জেএফকে এয়ারপোর্টে। চারজন মানে আমি ও আমার পিরানী বেগম সাহেবা, ছোট মেয়ে ইশওয়ানী ও বোন মিলি। বোর্ডিং কার্ড নিয়ে বাইরে এসে কতক্ষণ আমার নানুকে (নাতিন) সঙ্গ দিয়ে রাত নয়টার পর শুরু হলো প্লেনে ওঠার আনুষ্ঠানিকতা। আমার সঙ্গে দুজন হুইলচেয়ারধারী। ওনাদের কল্যাণে অপেক্ষমাণ যাত্রীদের লম্বা লাইন পেছনে ফেলে লাইনের একেবারে সামনে যেতে যেতে বাঙালি হুইলচেয়ারের চালক বারবার বলছেন, ‘ভাইসাব হুইলচেয়ারের সাথে এক্কেবারে ভিড়ি থাকবেন, জিজ্ঞেস করলে চট করে বলি দিবেন আপনি উনার সাথি মানে ফার্টনার। আশা করি আমার কথাখান বুঝতে আপনার কোন ফ্রবলেম অয় নো।’ উত্তরে বললাম, আরে না, কী যে বলেন! ভাই আপনে তো আমাদের ঋণী করে দিলেন। পঞ্চাশোর্ধ্ব মাঝারি উচ্চতার হুইলচেয়ারের চালক ঠোঁটের ওপর একটি হালকা হাসির ছোঁয়া রেখে বললেন।
‘ভাই, জেএফকে এয়ারপোর্টে আইজ মনে করেন বিশ বছরের বেশি সময় ধরে এই হুইলচেয়ার টানতে আছি। এয়ারফোর্টের কাম করনের ট্রিক্স আমার বেকগুন জানা। ইয়ানার লাই সব চেনাজানা বেবাক বাঙালি ভাইয়েরা এই টুনু মিয়ারে খোঁজ করে। তয় আফনেরে তো আগে দেখিনো। বাংলাদেশে আফনের বাড়ি কোনায়।’ বললাম, সিলেটের সুনামগজ্ঞে। জিজ্ঞেস করলাম, সিলেটের কাউকে চেনেন? প্রশ্ন শুনে হুইলচেয়ারে বসা আমার বেগম সাহেবাসহ চেয়ারটি থামিয়ে একেবার সটান দাঁড়িয়ে গেলেন।
কোনো আগাম সংকেত না দিয়ে আমার বাঁ হাতের বাহুতে খামচি মেরে ধরে বললেন, ‘চিনিনি মানে? আফনাদের কামাল সাব বাংলাদেশ সোসাইটির সভাপতি কেমনে হয় হিতে কি জানেনি? নিজের বুকে টোকা দিয়ে বললেন, বেক এই টুনু মিয়ার পলিটিক্সের কারণেই উনি বারবার প্রেসিডেন্ট অই যায়। তারপর নিউইয়র্কের অমুক আওয়ামী লীগ নেতা, তমুক বিএনপি নেতা সব উনার নিকট হতে পলিটিক্স শিখে আজ বাংলাদেশে গিয়ে এমপি-মন্ত্রী হয়েছে।’ সাথে কয়েকজন অ্যাটর্নি ও সাংবাদিকের নাম বললেন। যাঁরা ওনার সঙ্গে চলাফেরা করেই নাকি আজ নিউইয়র্কের সমাজে প্রতিষ্ঠিত। অবশ্য ওনাকে অবিশ্বাস করি কীভাবে? কারও কারও যে অতীত ইতিহাস মাঝেমধ্যে বুদ্বুদের মতো ফুস করে ভেসে ওঠে। হয়তো এর কিছু বাস্তবতা থাকলে থাকতেও পারে।
গেটে আমাদের ছেড়ে গেলেন বটে তবে নিউইয়র্কের অনেক বিখ্যাত ব্যক্তিদের মতো এই সর্বকাজের কাজু মহান টুনু মিয়াকে ভুলে যাওয়ার কোনো সংগত কারণ খুঁজে এখনো পাইনি। বরং মজা পেলাম এই ভেবে এসব মহারথীই আজকাল দেখি সামনের সারিতে প্রতিনিয়ত চেয়ার দখলের প্রতিযোগিতায় ভীষণভাবে ব্যস্ত।
বিমানে উঠে নির্দিষ্ট সিটে বসতে গিয়ে সামান্য বিপত্তি। অধিকাংশ বিমানযাত্রীর পছন্দের সিট জানালার পাশে হলেও আমি বসতে চাই মাঝের চার সিটের যেকোনো এক পাশের সিটে। বিমানবালা আমাকে যে সিট দেখিয়ে দিলেন তা পেছনে না হেলে একদম খাড়া থেকে যায়। নট নড়নচড়ন। অনেক কসরত করেও সেই ত্রুটি না সারাতে পেরে আমাদের চারজনকে অন্য সিটে বসতে দিয়ে বারবার সরি বলতে লাগলেন সুদর্শনা বিমানবালা। একটু পরপর এসে হেসে বললেন, ‘হ্যালো ইয়াংম্যান, আপনার জন্য একটি সুখবর। মিলান পর্যন্ত আজকের এই ফ্লাইটের অনেক সিট খালি যাবে বলে আশা করছি। এসবের যেকোনো চার সিটের একটিতে শুয়ে আপনি মিলান পর্যন্ত আরামে ভ্রমণ করতে পারবেন। শুনে সিটের ত্রুটিজনিত বিড়ম্বনায় ওঠা রাগের ওপর যেন একপশলা বৃষ্টি হয়ে গেল। বললাম, ধন্যবাদ আপনাকে। যথাসময়ে ডিনার পরিবেশিত হলো।
ডিনার সেরে আমি পেছনের সিটে শুয়ে আছি চুপচাপ। সারা দিনের ধকলে কিছুক্ষণ পর চোখভর্তি ঘুম নিয়ে ঢলে পড়লাম। হঠাৎ শুনি আমার বোনের আল্লাহ আল্লাহ করে আর্তচিৎকার। সঙ্গে আরও কয়েকজন ভিনদেশি যাত্রীরাও ও মাই গড, ও মাই গড বলে চিৎকার করছেন। শুয়ে থেকে বিষয় কী বুঝতে চাইলাম।
এমিরাটসের এ৩৮০-৮০০ বিমান এয়ার টার্বুলেন্সে পড়ে ভয়ানকভাবে দুলছে। বলা যায়, একদম বেমক্কা মতোন। কখনো নিচে নামচে। পরক্ষণেই সাঁ করে আবার ওপরে উঠছে। কিন্তু পুরো এয়ারক্রাফটটি যেন কোনো দিকে তাল সামলাতে পারছে না। একবার মনে হলো অনেকটা সময় কাঁথ হয়ে উড়তে লাগল। আর তখনই আমার বোনের আল্লাহ আল্লাহ ডাক যেমন বেড়ে গেল। পুরো প্লেনজুড়ে শুরু হলো মাই গড, মাই গড; ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে ভয়ার্ত চিৎকার।
এবার আমিও ভয় পেয়ে গেলাম। প্রায় ৪১ হাজার ফুট ওপরে বিক্সবে নামক দ্বীপের ওপর ভেসে থাকা বিমান চলছে প্রায় ঘণ্টায় ৫৭০ মাইল বেগে। সামনের সিটের পেছনের স্ক্রিনে বিমান এই মূহূর্তে কোথায় আছে তা স্পষ্ট দেখিয়ে চলছে। ম্যাপ দেখে মনে হলো, আমরা তখনো আটলান্টিক মহাসাগরের ওপরে দিয়ে উড়ে যাচ্ছি। তার মানে, না চাওয়ার কিছু ঘটে গেলে সোজা সার্ক মামাদের সঙ্গে নিশ্চিত মোলাকাত। ওনাদের আজকের ডিনার পর্ব হবে বড্ড মজাদার। কেননা, মেন্যুতে থাকবে শখানেক নানা দেশীয় নারী-পুরুষ। তবে এবার মনে হলো বিমানচালকেরা তাঁদের সর্ব্বোচ্চ দক্ষতা দিয়ে এই বিরূপ পরিস্থিতি পার করতে চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে সামনে বসা বিমানবালাদের মুখের চিলতে হাসি উধাও। সে জায়গাতে ভর করে আছে ভয়মিশ্রিত ফ্যাকাশে অবয়ব। যা দেখে আমি আরও ভড়কে গেলাম। তখনো চলছে দুলনি তবে জোরেশোরে নয়। মনে হলো, ধীরে ধীরে তা কমে আসছে। হয়তো বিমানচালকরা মাঝ আকাশের এই মুসিবতকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পেরেছেন।
আরও প্রায় মিনিট পাঁচেক পর আবার সব স্বাভাবিক হয়ে এল। যাত্রীরা সিট থেকে উঠে কেউবা পায়চারি করছেন। কেউবা আবার ব্যস্ত হয়ে গেছেন সিটের সামনের স্ক্রিনে ভালো বিনোদন কিছু পাওয়া যায় কি না, তা খুঁজতে। আমার বোন খুঁজছে তার পানের বাটা। বিমানবালাদের মুখে চিলতে টাইপের মিষ্টি হাসি ফেরত এসেছে। আমার মতো কেউ কেউ বিমানের পেছনে গিয়ে দেখছেন কোথাও ২-৩টি সারি সিট পাওয়া যায় কিনা।
তখনো আমরা কিন্তু আকাশেই উড়ছি। কিছুক্ষণ আগে যেখানে সবার জীবন ছিল প্রচণ্ড বিপন্ন, অনিশ্চিত হয়তো বা শেষ মূহূর্ত। বারবার সবাই ডাকছিল সৃষ্টিকর্তাকে। প্রকাশ করছিল, আরও কটা দিন বেঁচে থাকার আকুলতা। নিমেষে সেই বিপদসঙ্কুল মুহূর্ত কেটে যেতেই আবার সেই মানব শুরু করে দিলো আগত দিনের স্বপ্ন বোনা। বাজাতে শুরু করল আনন্দ-সুখের তানপুরা। যাতে টুংটাং শব্দে বেজে উঠল, সমগ্র মানবজাতির একমাত্র বাসনার আদি ও অকৃত্রিম রূপ, ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে/ জীবনের তরে আরও খানিক বেঁচে যেতে চাই।’