উড়োজাহাজ গুঁড়িয়ে দিল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া উড়োজাহাজটি
ছবি: সংগৃহীত

সড়কের ওপর দিয়ে আড়াআড়ি চলে গেছে রেললাইন। তার ওপর মুখ থুবড়ে পড়ে আছে একটি ছোট্ট উড়োজাহাজ। হঠাৎই লাইনে চলে আসে ট্রেন। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় উড়োজাহাজটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন পাইলট। এমনই একটি ভিডিও অনলাইনে ঘুরছে। ট্রেনের ধাক্কায় উড়োজাহাজের গুঁড়িয়ে যাওয়ার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের। স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটেছে। এই দিন শহরের প্যাকোইমা এলাকায় একটি ব্যস্ত জংশনে ছোট আকারের একটি সেসনা উড়োজাহাজ রেললাইনের ওপরে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটি ওড়ার পরপরই রেললাইনের ওপর জরুরি অবতরণ করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ার পর আহত পাইলটকে সেটি থেকে বের করে আনছেন পুলিশের কয়েকজন সদস্য। তাঁর মাথা ও মুখমণ্ডল থেকে রক্ত ঝরছে। পাইলট উড়োজাহাজটি থেকে বেরিয়ে আসার কয়েক সেকেন্ডের মধ্যে সেটিকে আঘাত করে একটি ট্রেন। এতে দুমড়েমুচড়ে যায় উড়োজাহাজটি। এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে চারপাশে।

পরে লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে এই ভিডিও টুইটারে পোস্ট করা হয়। ভিডিওটি ধারণ করেছেন লুইস জিমেনেজ নামে ২১ বছর বয়সী একজন সুরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘পুলিশের পক্ষ থেকে রক্তাক্ত পাইলটকে উদ্ধারের কয়েক সেকেন্ড পরের ঘটনা। উড়োজাহাজটির ধ্বংসাবশেষের একটি টুকরা উড়ে আমার শরীরের ওপর এসে পড়েছিল।’

পাইলটের জীবন রক্ষার জন্য পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ টুইটারে বলেছে, এই পাইলট রেললাইনের ওপর উড়োজাহাজটির জরুরি অবতরণ করাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এত দ্রুত এই লাইনে ট্রেন চলে আসবে, সেটা ভাবেননি। তবে পুলিশের তাৎক্ষণিক উদ্যোগে তাঁকে উড়োজাহাজটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।