উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়লেন তিনি

ককপিটে প্রবেশের চেষ্টা সফল না হওয়ায় উড়োজাহাজ থেকে বাইরে লাফিয়ে পড়ে আহত হয়েছেন একজন। ২৫ জুন, লসএঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা শুরুর পর উড়োজাহাজের ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন এক যাত্রী। তাতে বাধা পেয়ে খুলে ফেলেন জরুরি নির্গমন পথের দরজা। এরপর উড়োজাহাজের সেই পথ দিয়ে তিনি বাইরে লাফিয়ে পড়েন। অবাক করা এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, লসএঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা স্থানীয় সময় গত শুক্রবার ঘটেছে। পরে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উড়োজাহাজ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন তিনি। আটকের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এফএএ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই বিমানবন্দর থেকে স্কাইওয়েস্ট এয়ারলাইনস পরিচালিত ইউনাইটেড এক্সপ্রেসের একটি উড়োজাহাজ সল্টলেক শহরের উদ্দেশে যাত্রা করে। যাত্রা শুরুর পরপর একজন যাত্রী নিজের আসন থেকে উঠে ককপিটে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হন তিনি।
এরপর ওই যাত্রী উড়োজাহাজের জরুরি নির্গমন পথের দরজা খুলে স্লাইডের মাধ্যমে বাইরে লাফিয়ে পড়ে আহত হন বলে জানিয়েছেন উড়োজাহাজটির কর্মীরা। উড়োজাহাজটি তখন রানওয়েতে চলমান অবস্থায় ছিল।

তবে এর পেছনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাশকতার ইচ্ছা ছিল কি না, এখন তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে উড়োজাহাজগুলোতে নিয়ম ভাঙার এমন ঘটনা ঘটছে। চলতি বছরই ছোটবড় প্রায় তিন হাজার অঘটন ঘটেছে। এফএএ জানিয়েছে, গত বছর প্রতিষ্ঠানটি উড়োজাহাজে অঘটনের ১৮৩টি ঘটনা তদন্ত করেছে।