উড়োজাহাজে ঘুমন্ত নারীকে যৌন হয়রানি!

মার্কিন একটি ফ্লাইটে পাশে বসা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ওই নারী অভিযোগ করেছেন, ওই ফ্লাইটে তিনি ঘুমাচ্ছিলেন। এ সময় পাশে বসা ওই ব্যক্তি তাঁকে যৌন হয়রানি করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ওই ভারতীয় নাগরিকের নাম প্রভু রামামূর্তি (৩৪)। ওই ফ্লাইটে তিনি তাঁর স্ত্রী ও ওই নারীর মাঝের আসনে ছিলেন।
অভিযোগকারী নারী বলেছেন, তিনি যখন ঘুম থেকে ওঠেন, তখন দেখতে পান, তার শার্ট এবং ট্রাউজারের বোতাম খোলা এবং অভিযুক্ত ব্যক্তির হাত রয়েছে তাঁর ট্রাউজারের ওপর।
রামামূর্তি এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পুলিশ বলেছেন, ওষুধ খেয়ে তিনি নিজেও ঘুমাচ্ছিলেন।
ভারতীয় নাগরিক রামামূর্তি অস্থায়ী একটি ভিসায় যুক্তরাষ্ট্রে বাস করছেন। অভিযুক্ত নারী উড়োজাহাজের জানালার পাশে বসেছিলেন। মাঝে ছিলেন রামামূর্তি। আর রামামূর্তির পাশে ছিলেন তাঁর স্ত্রী।
বুধবার রাতে স্পিরিট এয়ারলাইনসের ওই ফ্লাইটটি লাস ভেগাস থেকে ডেট্রয়েটে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার মিশিগানে একটি কেন্দ্রীয় আদালতে অভিযুক্ত রামামূর্তিকে হাজির করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। কৌঁসুলিরা আদালতকে বলেন, রামামূর্তির পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।