উড়োজাহাজে যাত্রীর আজব কাণ্ড!

যাত্রীরা সবাই সিটবেল্ট বেঁধে নিচ্ছেন। উড়োজাহাজ আর একটু পরেই রানওয়ে থেকে উড়বে। উড়োজাহাজ ছাড়বে—এই মুহূর্তে একজন কেবিন ক্রুকে কামড় দেওয়ার চেষ্টা করেন এক যাত্রী। এরপর দরজা খুলে আচমকা উড়োজাহাজ থেকে লাফ দিয়েছেন তিনি। ভাগ্য ভালো, লাফ দিয়ে রানওয়েতেই ছিলেন। তবে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় শার্লট ডগলাস ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম টুন লন সেইন।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, টুন লন সেইন ইংরেজি খুব ভালো বলতে পারেন না। এ কারণে এখনো জানা যায়নি, তিনি ঠিক কী কারণে উদ্ভট এ কাণ্ড ঘটিয়েছেন। গত শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। ভাষাগত সমস্যার কারণেই সেদিনের শুনানি স্থগিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার আমেরিকান এয়ারলাইনসের ৫২৪২ ফ্লাইটের যাত্রী ছিলেন টুন লন। উড়োজাহাজটি ওড়ার আগ মুহূর্তে টুন তাঁর সিট থেকে উঠে মূল দরজা খোলার চেষ্টা করেন। এ সময় দুজন যাত্রী ও একজন বিমানকর্মী তাঁকে বাধা দিলে টুন ওই কর্মীকে কামড় দেওয়ার চেষ্টা করেন। পরে আরেকটি দরজা খুলে রানওয়েতে লাফ দেন টুন। পরে টুন দৌড়ে ট্যাক্সিওয়েতে (জেট প্লেন ওঠা-নামার স্থান) ঢুকে পড়লে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আগামী ১ জুন ওই মামলার শুনানি হবে।