ঋণ–অনুদান দুটোই পাবেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্রমাগত সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। ফেডারেল সরকারের তহবিলে বরাদ্দকৃত অতিরিক্ত অর্থ এখনো পড়ে আছে। ঋণ ও অনুদান কর্মসূচিতে আবেদন করে মার্কিন অর্থনীতির চলমান সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

মহামারি করোনা থেকে উঠে টিকে থাকার সংগ্রামে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে ফেডারেল সরকার। অনুদান ছাড়াও সহজ শর্তে পাঁচ লাখ ডলার পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বরাদ্দকৃত অর্থের অধিকাংশই অব্যবহৃত রয়ে গেছে। ফেডারেল সংস্থা ক্ষুদ্র ব্যবসা প্রশাসন (এসবিএ) মার্কিন সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের উঠে দাঁড়ানোর জন্য ফেডারেল সরকারের অনুদান ও ঋণ কর্মসূচিতে আবেদন করার জন্য এসবিএ নতুন করে আহ্বান জানিয়েছে।

১৬ জুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে এসবিএ। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার ঘোষিত বিভিন্ন সহযোগিতা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন এসবিএ কর্মকর্তারা। কোভিড-১৯ মহামারিতে সংকটে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী এবং অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ফেডারেল সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করা হয়েছে।

এসবিএ কর্মকর্তারা বলেছেন, ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন (ইআইডিএল) নামের ঋণ কর্মসূচির আওতায় ফেডারেল সরকারের কাছ থেকে পাওয়া অর্থঋণ প্রতিষ্ঠানগুলো নানাভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। এর মধ্যে কর্মচারীদের মজুরি, ব্যবসা পরিচালনার জন্য অন্যান্য বিল পরিশোধ, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভাড়া পরিশোধের মতো জরুরি কাজে এ অর্থ ব্যবহার করে ব্যবসায়ীরা সংকট থেকে নিজেদের বের করে নিয়ে আসতে পারেন।

বেশ কিছু শর্তের ওপর নির্ভর করছে একটি প্রতিষ্ঠান কী পরিমাণ ঋণ গ্রহণ করতে পারবে। তবে কংগ্রেসে গৃহীত আইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এ খাতে সর্বোচ্চ পাঁচ লাখ ডলারের ঋণ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। যারা গত বছর ইআইডিএল ঋণ পেয়েছেন, তাঁদের ২৪ মাসের মধ্যে কোনো কিস্তি পরিশোধ করতে হবে না। ২০২১ সালে ঋণ গ্রহীতারা ১৮ মাসের কিস্তি বিরতি সুবিধা পাবেন বলে এসবিএ জানিয়েছে।

ইআইডিএল কর্মসূচিতে টার্গেটেড ইআইডিএল অ্যাডভান্স ও সাপ্লিমেন্ট ইআইডিএল অ্যাডভান্স প্রোগ্রামে পাওয়া অর্থ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে। এ অর্থ কোনো কিস্তির মাধ্যমে ফেরত দিতে হবে না বলে এসবিএ সংবাদ সম্মেলনে জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুদান পেতে যেকোনো প্রতিষ্ঠানকে ইআইডিএল ঋণের জন্য আবেদন করতে হবে। ব্যবসাটি যে এলাকায় পরিচালিত হচ্ছে, সে এলাকা নিম্ন আয়ের এলাকা কিনা তা এসবিএর ওয়েবসাইটে পরীক্ষা করে দেখা হচ্ছে। নিম্ন আয়ের এলাকা হিসেবে চিহ্নিত তালিকা এর মধ্যেই ওয়েবসাইটে যুক্ত করে দেওয়া হয়েছে।

এসবিএ জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান ইআইডিএলের আবেদন করে ঋণের অর্থ গ্রহণ না করেও শুধু অনুদানের অর্থ গ্রহণ করতে পারবে। এসবিএ কর্তৃক দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ বিলিয়ন ডলার এ খাতে বরাদ্দের মধ্যে এখন পর্যন্ত ৫৫০ মিলিয়ন ডলার অর্থের ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট ইআইডিএল প্রোগ্রামে অনুদানের জন্য ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত মাত্র দেড় বিলিয়ন ডলার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে।