ঋত্বিক ঘটকের বাড়ি সংরক্ষণের দাবিতে সোচ্চার নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার হাতে স্মারকলিপি হস্তান্তর করছেন সাংস্কৃতিক নেতৃবৃন্দ
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার হাতে স্মারকলিপি হস্তান্তর করছেন সাংস্কৃতিক নেতৃবৃন্দ

বিশ্ববরেণ্য বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা রক্ষার দাবিতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে স্মারকলিপি দিয়েছে নিউইয়র্কে প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ। ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় কনস্যুলেট ভবনে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা স্মারকলিপি গ্রহণ করেন।
শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের স্বাক্ষর করা এই স্মারকলিপি কনসাল জেনারেলের হাতে হস্তান্তর করেন সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএর আহ্বায়ক গোপাল সান্যাল, বাংলাদেশ আমেরিকা প্রেস ক্লাবের সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম, প্রগতিশীল নাগরিক আন্দোলনের নেতা কমিউনিটি অ্যাকটিভিস্ট মুজাহিদ আনসারী প্রমুখ। এ সময় তাঁরা ঋত্বিক ঘটকের বাড়িটিকে সংস্কৃতি মন্ত্রণালয় বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এনে একে জাদুঘরে রূপান্তরিত করার দাবি জানান। এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপিতে বলা হয়, চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক রাজশাহী শহরের মিঞাপাড়ার বাড়িতে বড় হয়েছেন। এখানে কেটেছে তাঁর শৈশব, কৈশোর ও তারুণ্যের একটি অংশ। এই বাড়িতে কিছু সময় বসবাস করেছেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীও। এই বাড়িতে থাকার সময়ই ঋত্বিক ঘটক রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েন। তিনি রাজশাহী কলেজ ও মিঞাপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নাট্যচর্চা করেছেন। ঋত্বিক ঘটক রাজশাহীতে ‘অভিধারা’ পত্রিকা সম্পাদন করেছেন। বিলুপ্ত কল্পনা হলের ‘ভাবীকাল’ নামে একটি চলচ্চিত্রের ব্যানারও এঁকেছেন বলে জানা যায়। এরশাদ সরকারের আমলে ১৯৮৯ সালে নামমাত্র মূল্যে তাঁর পৈতৃক বাড়ির ৩৪ শতাংশ রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেওয়া হয়। তারাই এখন সম্পূর্ণ বাড়িটি ব্যবহার করছে। বাড়িটির এক অংশে ইতিমধ্যে বহুতল ভবন করছে কলেজ কর্তৃপক্ষ। আরেক অংশে যেসব কক্ষে ঋত্বিক ঘটকের পরিবারের সদস্যরা থাকতেন, সেসব কক্ষও ব্যবহার করছে কলেজ কর্তৃপক্ষ। তারই একটি অংশ ভেঙে অস্থায়ী সাইকেল গ্যারেজ নির্মাণের মতো ঘৃণ্য কাজ করা হয়েছে। এ অবস্থায় দ্রুততার সঙ্গে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণ করে একে হেরিটেজ হিসেবে ঘোষণার দাবি করা হয়।