ঋত্বিকা ব্যানার্জির একক কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একক কনসার্টে ঋত্বিকা

নিউইয়র্ক নগরের উডসাইডে ১১ জুলাই কণ্ঠশিল্পী ঋত্বিকা ব্যানার্জির একক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল ঋত্বিকার প্রথম একক কনসার্ট। পিজি প্রোডাকশন হাউস এ কনসার্টের আয়োজন করে। এই কনসার্টের স্পনসর করেছে পিজি কেয়ার প্রো এবং পাওয়ার বাই মাটি ব্যান্ড। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল।

‘একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়’ দেশাত্মবোধক এ গানটি গেয়ে কনসার্টের সূচনা করেন ঋত্বিকা ব্যানার্জি। এরপর একে একে রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত প্রায় ২৫টি বাংলা ও হিন্দি গান গেয়ে মঞ্চ মাতান ক্ল্যাসিক ঘরানার এ শিল্পী। এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ ও শিল্পী শহীদ হাসান।

কনসার্টের একপর্যায়ে মঞ্চে কথামালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাসেম্বলি মেম্বার (ডিস্ট্রিক্ট ৩৮) জেনিফার রাজকুমার। আবির আলমগীরের সঞ্চালনায় এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন—সমাজসেবক রাহাত মুক্তাদির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন চৌধুরী, আহসান হাবীব, চলচ্চিত্র অভিনেতা আহমদ শরীফ, পিজি প্রোডাকশন হাউস ও পিজি কেয়ার প্রোর স্বত্বাধিকারী পার্থ গুপ্ত। পার্থ গুপ্ত বলেন, ‘এ ধরনের কনসার্ট আমি নিয়মিত আয়োজন করে থাকি। আমার প্রতিষ্ঠান পিজি প্রোডাকশন হাউস ও পিজি কেয়ার প্রো শিল্প ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।’

১৭ বছর বয়সী উদীয়মান কণ্ঠশিল্পী ঋত্বিকা ব্যানার্জির জন্ম নিউইয়র্কে। বাবা রাকেশ ব্যানার্জি ভারতীয় এবং মা উর্মিলা রাই বাংলাদেশের গোপালগঞ্জের হলেও তাঁরা সবাই এখন আমেরিকাপ্রবাসী।