ঋদ্ধি-দেবজিত জুটির আয়োজন ডিসেম্বরে
একাডেমিক থিয়েটার ও ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমি ১২ ডিসেম্বর ‘আলোয় ফেরার গান’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করছে। পুরো পৃথিবী এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকে গৃহবন্দী, কারও মন ভালো নেই।
৩০ বছরের পুরোনো এই একাডেমিক থিয়েটার প্রতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠান করে থাকে। এবার ভার্চুয়াল অনুষ্ঠান করছে তারা। পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষ এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে। ‘আলোয় ফেরার গান’, ‘আলোয় ফেরার কবিতা’, ‘আলোয় ফেরার নাটক’—সবই থাকবে। টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। তবে দাম খুব বেশি নয়। ভারতে ২০০ টাকা এবং যুক্তরাষ্ট্র-কানাডায় ৮ ডলার করে। অনুষ্ঠান থেকে যে আয় হবে তা পথশিশুদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
সামনে শীত আসছে। শীতে আয়ের অর্থ দিয়ে পথশিশুদের জন্য শীতবস্ত্র কেনা হবে। ঋদ্ধি ও দেবজিত বন্দ্যোপাধ্যায় ছাড়াও ঋদ্ধি মিউজিক একাডেমির শিক্ষার্থীরা গান করবে এই অনুষ্ঠানে। পঞ্চকবির গান, পুরোনো বাংলা গান, বাংলা নাটকের গান থাকবে।
ঋদ্ধি ও তাঁর স্বামী দেবজিত বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বাংলা নাটকের গান নিয়ে কাজ করছেন। বাংলা নাটকের গানের সবচেয়ে বিশাল আর্কাইভ তাদের। উনিশ শতকে কলোনিয়ার কলকাতাজুড়ে ছিল নবাব-জমিদার, রাজা-রইসদের বাবুগিরির বিনোদ-বিলাস। তাঁদের সাহচর্য এ বাই-বারাঙ্গনা নটী-বিবিদের রকমফের চরিত্রগাথায় নাট্যকার ভেদে মুখর হয়েছে বহু বিচিত্র থিয়েটারের গান ও মঞ্চ গান। উনিশ থেকে বিশ শতক কালের যাত্রার মঞ্চ গানে প্রকাশ পেয়েছে কলকাতা তথা বাংলার বাবু জীবনের অন্তরালের কথা। সেই সব বাংলা নাটকের গান থাকবে এই আয়োজনে।