এ বছরই এনএসজির সদস্য হচ্ছে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের চলমান বিরোধিতা সত্ত্বেও পরমাণু প্রযুক্তি সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) অন্তর্ভুক্ত হওয়ার আশা শেষ হয়ে যায়নি ভারতের। যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা গত শুক্রবার আশাবাদ ব্যক্ত করেছেন, এ বছরের শেষ নাগাদ ৪৮ সদস্যের এ সংগঠনে ভারত স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে।
এনএসজির সদস্যপদ নিয়ে ভারতের জন্য আশার কথা শোনানো ওই কর্মকর্তা ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার সিউলে সদ্য সমাপ্ত এনএসজির বৈঠকে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর এক দিনের মধ্যেই মার্কিন কর্মকর্তার এ বক্তব্য এল।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশাবাদী, এ বছরের শেষ নাগাদ একটা সমাধানের দিকে যাব। এর জন্য কিছু কাজ করতে হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা আশাবাদী যে, এ বছরের শেষ নাগাদ ভারত এনএসজির পূর্ণ সদস্য হবে।’
মার্কিন ওই কর্মকর্তা এনএসজির বৈঠকের আলোচনার বিশদ জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ভারত এনএসজির সদস্য হোক, এটা একান্তভাবে চায় যুক্তরাষ্ট্র। ভারতের সদস্যপদের জন্য ওবামা প্রশাসন নয়াদিল্লির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এ বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গেও কাজ করছি আমরা।’
সিউলের বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাসখন্দে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। কিন্তু বৈঠকে এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির প্রশ্নে চীনের মন গলানো যে সম্ভব হয়নি, তা বৈঠকের ফলাফলই বলে দেয়।