এ যেন আরেক ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলিয়া ঝিমবেক। সুন্দরী ও স্মার্ট। আমাদের নতুন সহকর্মী, কেমিস্ট। বয়স ২৪। পড়াশোনা ভালো। সঙ্গে কনটেমপোরারি ড্যান্সার। ফুটবলও ভালো খেলে। নাচ তার শখ। অফিসের সবাই তাকে জুঝি নামে ডাকে। কাজে খুবই মনোযোগী। অফিসের যেকোনো পার্টির ড্যান্সে ফ্লোর তার দখলে থাকে। তার হাতে পায়ের টাট্টু আমাকে খুব আকৃষ্ট করে। আমি জুঝিকে একটু আলাদা চোখে দেখি এ জন্য নয় যে, সে খুব ঝাল খেতে পছন্দ করে। আমি ওকে আলাদা চোখে দেখি, কারণ জুঝির মা নেই। তাকে আমার মেয়েদের মতো মনে হয়। জুঝিকে বিশেষ পছন্দ করি, কারণ সে তার বাবার সঙ্গে একা থাকে।
জুঝির বাবা রামোন ঝিমব্যক। বয়স ৫৫, পেশায় মাইক্রোবায়োলজিস্ট। দেখতে মেয়ের মতো সুদর্শন, স্মার্ট ও আধুনিক। তিন বছর বয়স থেকে জুলিয়াকে তিনি একা নিজের মতো করে মানুষ করেছেন। জুলিয়ার মা তিন বছরের মেয়েকে তার কাছে ফেলে বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে। জুঝির চাল–চলনে যে কারও বুঝতে অসুবিধা হয় না, সে কোনো পুরুষ মানুষের গাইডেন্সে বড় হওয়া মেয়ে। বাবা তার সবচেয়ে প্রিয় মানুষ। চালচলন টমবয় টাইপ। বাবা মেয়ের সুন্দর সম্পর্ক।
সেদিন হঠাৎ করেই জুলিয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে গেল। দৌড়ে বের হওয়ার সময় বলে যায়, তার বাবা গুলিবিদ্ধ হয়েছেন। তিন দিন পর জুলিয়া কাজে ফিরে এসে জানায়, বাবাকে তার মায়ের বয়ফ্রেন্ড গুলি করেছে। তার বাবার অবস্থা গুরুতর। ডাক্তার জানিয়েছে, গুলিতে তার মেরুদণ্ডের দুটি ডিস্ক গুঁড়া হয়ে গেছে।
জুলিয়া কাঁদতে কাঁদতে এও জানাল, ডাক্তার বলেছে তার বাবা আর হাঁটতে পারবে না কোনোদিন। এপ্রিল মাসে জুলিয়া ও তার বাবা করোনা আক্রান্ত হয়। জুলিয়া ২০ দিনের মাথায় সুস্থ হয়ে উঠলেও তার বাবা আইসিউ থেকে প্রায় আড়াই মাস পর সুস্থ হয়ে বাসায় ফেরেন। বাবাকে হাসপাতালে রেখে জুলিয়া অনেক চিন্তায় থাকত।
করোনাভাইরাসে বিপর্যস্ত নগর নিউইয়র্ক এখন নতুন সংকটের মুখোমুখি। অনেকটাই ভেঙে পড়েছে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি। নগরেহঠাৎ করে বেড়ে গেছে অপরাধ। অস্ত্র-সহিংসতা অতীতের রেকর্ড ছড়িয়ে গেছে। গত নয় দিনে নিউইয়র্ক নগরে গোলাগুলিতে ১০০ জনের বেশি আহত হয়েছে।
‘ডিফান্ড পুলিশ’ নামের আন্দোলন জোরালো হওয়ার পর নগরের অপরাধ প্রবণতায় নতুন মাত্রা পেয়েছে। এনওয়াইপিডির কমিশনার ডারমট শিয়া গত সপ্তাহে জানিয়েছেন, নগরীতে খুন পাঁচ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। আগের বছরের চেয়ে এ পর্যন্ত ৪২ শতাংশের বেশি লোক এই নগরে গুলিবিদ্ধ হয়েছে।
নিউইয়র্কে করোনা-পরবর্তী সময়ে কর্মহীন লোকের সংখ্যা বেড়েছে। ২৫ মে মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর নাগরিক আন্দোলন ছড়িয়ে পড়ে সারা আমেরিকায়। নিউইয়র্কে এই আন্দোলনের সুযোগে ব্যাপক লুটপাট হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিউইয়র্ক রাজ্য ও নগর দ্রুত পুলিশ সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এ নিয়ে পুলিশের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বাবা হাসপাতাল থেকে ফিরে আসায় তার খুশি ছিল দেখার মতো। ভাবছিলাম, জুলিয়ার বাবা আরও কয়দিন করোনা নিয়ে হাসপাতালে থাকলে হয়তো আজকে তার মেরুদণ্ড নষ্ট হতো না।