এ লড়াই বাঁচার লড়াই

সময় কীভাবে যেন সবকিছু দ্রুত পাল্টে দেয়। বহু ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর শহর নিউইয়র্ককে দেখে এখন চেনার উপায় নেই। কয়েক মাস আগে যখন চীনের উহানে করোনাভাইরাসে মানুষ মারা যাচ্ছিল, তখন চীনা জাতিগোষ্ঠীর মানুষেরা পরিণত হয়েছিল এক অস্পৃশ্য জাতিতে। রাস্তায়, দোকানে, ট্রেনে-বাসে তারা নানাভাবে অপমান ও বিদ্বেষপূর্ণ আচরণের শিকার হয়েছে। যেন চীনা বংশোদ্ভূত মানেই করোনাভাইরাসের জীবাণু বহন করে বেরোচ্ছে। মানুষ তাদের খাদ্যাভ্যাস নিয়ে তিরস্কার করেছে। এটাই এখনকার বাস্তবতা।
দেশে-দেশে কালে কালে মানুষ এ ধরনের নিগ্রহের শিকার হয়েছে। মধ্যযুগের প্লেগ মহামারির জন্য ইহুদিদের দায়ী করে ব্যাপক ইহুদি নিধন হয়েছে। ইউরোপীয় কলেরা মহামারির সময় দরিদ্রদের শহর থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। মনে করা হয়েছে দরিদ্ররাই কলেরা রোগ ছড়াচ্ছে। ২০১৪ সালের ইবোলা মহামারির সময় মানুষ আফ্রিকান মানুষদের ঘৃণার চোখে দেখেছে। তাদের খাদ্যাভ্যাস নিয়ে সমালোচনা করেছে। বর্তমানে বাংলাদেশে প্রবাসীরা এক ধরনের বিদ্বেষমূলক নিগ্রহের শিকার হচ্ছেন। অথচ করোনাভাইরাস দেশ-জাতি-ধনী-গরিব নির্বিশেষে ছড়িয়ে পড়ছে। এর জন্য প্রয়োজন সময়োপযোগী প্রতিরোধ ব্যবস্থা। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাইরাস বিস্তারের চরিত্র কিছুটা হলেও বোঝা যাচ্ছে।
প্রথমে খুবই ধীর গতিতে বিস্তার লাভ করে ভাইরাসটি। প্রথম সংক্রমণের পর থেকে প্রায় দেড় মাস পর দেখা যায় ভাইরাসের বিস্তার মহামারির রূপ লাভ করেছে এবং তখন প্রতিরোধ ব্যবস্থা দিয়ে মহামারি থামানো যাচ্ছে না। এ জন্য সংক্রমণ শুরুর আগেই প্রতিটি দেশের বা অঞ্চলের পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, যাতে দেশের ভেতরে প্রবেশ না করে। সে কাজটি করতে আমেরিকা থেকে বাংলাদেশ সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে। চীনে যখন সংক্রমণ শুরু হয়, তখন আমেরিকার রোগনিয়ন্ত্রণ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মার্কিনিদের চীন ভ্রমণের বিষয়ে সতর্ক করেছিল। এখন বলা হচ্ছে, এসব সতর্কতা ও গোয়েন্দা প্রতিবেদন ট্রাম্প প্রশাসনের নজরে আনার জন্য সপ্তাহের পর সপ্তাহ চেষ্টা করেছেন স্বাস্থ্য ও হিউম্যান সার্ভিস মন্ত্রী অ্যালেক্স আজার।
এমনকি দেশে প্রথম সংক্রমণের পর তার বিস্তার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এই উদ্যোগটি প্রথম প্রয়োজন ছিল রাষ্ট্রীয় পর্যায় থেকে। অথচ এই রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সবাই খুব দেরি করে ফেলেছে। এ ভুলের মাশুল দিতে হচ্ছে হাজার হাজার মানুষকে। ইতালিতে করোনা শনাক্ত হওয়ার পর ৪৫তম দিনে তা মহামারি রূপ নেয়। স্পেনে ৫০তম দিনে ও আমেরিকায় করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় গত ২০ জানুয়ারি। এরপর ১০ মার্চ ৫০তম দিনে রোগীর সংখ্যা এসে দাঁড়ায় ১ হাজারে। এর পরের এক সপ্তাহে আক্রান্ত রোগী ৫ হাজার ছাড়িয়ে যায়। তারপরই শুরু হয় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি। পরের ১২ দিনে রোগী বেড়ে হয়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা।
এখন বিশেষজ্ঞরা বলছেন, আমরা যেসব বিধিনিষেধ, সামাজিক দূরত্ব মেনে চলছি, তা ঠিকমতো পালন হলেও আমেরিকার ১ থেকে ২ লাখ মানুষ এই ভাইরাসে প্রাণ হারাবে। এসব না মানলে সংখ্যাটা ১০ লাখে গিয়ে পৌঁছাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এসব তথ্য বিজ্ঞানীরা আগে কেন বলেননি? তাঁরা কি আগে থেকে আঁচ করতে পারেননি? হয়তো পেরেছেন, হয়তো পারেননি। যদি পেরেও থাকেন, তবে তা প্রকাশ করার মতো পরিবেশ তৈরি ছিল না। কারণ, প্রথম করোনা-আক্রান্ত ব্যক্তির সন্ধান লাভের পর দেড় মাস সময়ের মধ্যে যে সংখ্যক মানুষ আক্রান্ত হয়, সেই সংখ্যাটি ছিল খুবই নগণ্য। ফলে সে সময় ভয়ংকর কোনো তথ্য দিয়ে কেউ আতঙ্ক ছড়ানোর দায় নিতে চায় না। অন্যদিকে রাষ্ট্র পরিচালনার প্রধান ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি এ বিষয়ে সংবেদনশীল না হয়ে প্রতিক্রিয়াশীল আচরণ করে, সে ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতালি, ফ্রান্স, আমেরিকার মতো দেশগুলোতে। প্রাথমিক পর্যায় তারা কেউই করোনাভাইরাসকে পাত্তা দেয়নি।
২০ জানুয়ারি প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ২২ জানুয়ারি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘বিষয়টি বেশ ভালোভাবেই আমাদের নিয়ন্ত্রণে আছে।’ এরপর ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল, ‘আমাদের দেশে মাত্র ১১ জন আক্রান্ত এবং তাঁরাও সেরে উঠছেন।’ ৬ মার্চ ট্রাম্পের বক্তব্য ছিল, ‘কেউ চাইলেই পরীক্ষা করাতে পারে। সব ব্যবস্থাই আছে। পরীক্ষা করা সত্যিই দারুণ।’ প্রশাসনের পক্ষ থেকে যখন এ ধরনের অবজ্ঞাসুলভ কথা বলা হচ্ছে, তখন আক্রান্ত দেশগুলো থেকে যাত্রীবাহী ফ্লাইট আসা কার্যত বন্ধ করা হয়নি। কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি রোগ পরীক্ষা করাসহ কোয়ারেন্টিন ও আইসোলেশনের ক্ষেত্রে। মানুষ জানতে পারেনি কীভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। ফলে মানুষ ব্যক্তি পর্যায়েও সতর্কতা অবলম্বন করেনি। এভাবেই ট্রাম্পের সেই ‘মাত্র ১১ জন’ ছয় সপ্তাহের ব্যবধানে লাখ ছাড়িয়ে গেছে। এখন প্রতিদিন হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে।
আমেরিকার এই দুঃসময়ে বিশেষ করে নিউইয়র্কের অবস্থা যখন ভয়াবহ, তখন আশার আলো হাতে একজন পথ দেখাচ্ছেন। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। একজন প্রকৃত নেতার নেতৃত্ব, তাঁর সূক্ষ্ম পরিকল্পনা ও ব্যবস্থাপনা দক্ষতা নিউইয়র্ক তথা আমেরিকার মানুষ অবাক হয়ে দেখছে। একটি মাত্র অঙ্গরাজ্যের গভর্নর হয়েও আজ তিনি সমগ্র দেশের জন্য রোল মডেল। তাঁর ডাকে সাড়া দিয়ে অন্য অঙ্গরাজ্য ভেন্টিলেটরের মতো স্বাস্থ্য সরঞ্জামসহ সাহায্যের হাত বাড়াচ্ছে। হাজার হাজার স্বাস্থ্যকর্মী তাঁদের জীবন বাজি রেখে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখাচ্ছেন। জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে সবাই লড়াই করে চলেছে করোনার বিরুদ্ধে। এত কিছুর পরও অনেক জীবন আমরা হারিয়ে ফেলেছি। হারাতে হবে আরও কিছু জীবন। তবে ঘুরে আমরা দাঁড়াবই। এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াইয়ে জিততে হবে।