এই ঈদ হোক স্মরণীয়
ঈদ শব্দটিই এক ধরনের উদ্দীপনামূলক, আনন্দময়, উৎফুল্লময় শব্দ। এই শব্দটির সঙ্গে জড়িত আমাদের ধর্ম, সংস্কার, বিশ্বাস, আনন্দ, সুখ, সম্পর্ক...আরও কত কি!
প্রতি বছর এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনে আমাদের কত কী করার থাকে! নতুন কাপড়, ম্যাচিং করা জুতো-গয়না, পরিবারের উপহার কিনা! ঈদ রাতে কেউ জ্যাকসন হাইটসে, কেউ বা ভিন্ন এলাকায় গিয়ে হাতে মেহেদি পরেন। তারপর প্রিয় সব খাবার রান্না করে আত্মীয় বন্ধুদের নিয়ে উপভোগ করেন। বছরের এই ঈদ দিনটাতেই দেখা যায়, পুরুষদের সবার মাথায় সাদা গোল টুপি পরে দলে দলে মসজিদে যাচ্ছেন। সে এক ভিন্ন সৌন্দর্য বিরাজ করে তখন। ঈদ আমাদের খুশির দিন। আনন্দের দিন।
কোভিড-১৯ এর মহামারিকালে এবার আমাদের ঈদ হবে ভিন্ন রকমের। সচেতন মানুষগুলো কেউ কেউ এবার শপিংয়ে যাবেন না। কিছু বাজার করে রান্নাবান্নায় ঘরে পালন করবেন ঈদ। কিছু মানবিক মানুষ অতিমাত্রায় বাজার থেকেও সামান্য কিছু কাট করে রাখবেন অসহায়দের জন্য। কিছু মানুষ এবারের ঈদে হাতে মেহেদি পরতে না পারার শোকে–দুঃখে মানসিকভাবে বিধ্বস্ত হবেন। আবার, অনেকেই লকডাউনের কোন নিয়মই মানবেন না। এই হবে আমাদের এবারের নিউইয়র্কের লকডাউন ঈদ।
আমাদের কমিউনিটিতে একটা বিষয় লক্ষণীয়, এটাও এক ধরনের মেল্টিং পট। একেকজনের জীবনযাপন, চিন্তা–চেতনা এখানে একেক রকম। প্রবহমান জীবনের ধারা যে একই রকম হতে হবে, তা নয়। এতগুলো বছর খুব আনন্দ বিলাসিতায় ঈদ উদ্যাপন করেছি আমরা। এবার না হয় একটু ভিন্ন রকমের ঈদ হলো! তাতে হতাশ হওয়ার কোন কারণ নেই।
এবারের ঈদ উদ্যাপনে আমরা নতুন কিছু পন্থা অবলম্বন করতে পারি। যেহেতু এবার বাইরে মেহেদি রাত হওয়ার সম্ভাবনা নেই, কিংবা হলেও তা বিপজ্জনক এই মুহূর্তে, তাই আমরা মেহেদি প্যাক কিনে ঘরে বসে নিজের মতো করে হাতে পরতে পারি। গুগল বা ইউটিউবে সার্চ দিলেই মেহেদির সব ধরনের ডিজাইন চলে আসবে। প্রোফেশনালি না হোক, অন্তত করতে তো পারি!
পরিবার-বন্ধু-আত্মীয়দের সঙ্গে ভিডিও কলে ঈদ পালন করা যায়। এই দিনটিতে সবাই এক সঙ্গে মিলিত হয়ে নিজের হাতের রান্না করা সুস্বাদু খাবার অন্যদের খাওয়াতে পছন্দ করেন। এবার না হয় ভিডিও কলে একে অন্যের মজাদার খাবারগুলো উপভোগ করল! কিংবা সময় পেলে সতর্কতার সঙ্গে চাইলে নিজে ড্রাইভ করেও প্রিয় কিছু খাবার আত্মীয়-বন্ধু বা প্রিয়জনদের দুয়ারে দিয়ে আসতে পারে। এতে আপনার রান্না করা ঈদের মজাদার খাবারটি আপনার প্রিয়জনরা খেতে পারল। আবার আপনিও ভালোবোধ করলেন।
কত কত ঈদ আমরা পালন করেছি আনন্দের সঙ্গে, অর্থ ব্যয়ে। এবার না হয় একটি ঈদ হলো ভিন্ন! লাখ কোটি মানুষ এখনো এই ধরিত্রীতে ‘ঈদ’ কী, তাই জানে না। ঈদের সুস্বাদু খাবার, নতুন পোশাক কী, তাও জানে না। তাদের কথা ভাবুন। সেই হিসাবে আমরা কত কী পেয়েছি! আসুন, তার জন্য শুকরিয়া আদায় করি। কত লাখ লাখ মানুষ কোভিড-১৯–এ বছর ঈদ পালন করতে পারেনি। তাদের পরিবারে ভয়ংকর শূন্যতা-কষ্ট। কিন্তু আমরা এ বছর ঈদ পালন করতে পারছি। আসুন বেঁচে থাকার জন্য শুকরিয়া আদায় করি।
দয়া করে ঈদ উদ্যাপনে বিউটি পারলার, বারবার শপ, সেলুন, গেট-টুগেদার এড়িয়ে চলুন। সতর্ক থাকুন, নিজেকে নিরাপদ রাখুন। অন্যকে সতর্ক হতে সহায়তা করুন। একটা বছরই তো। টিকে থাকার লড়াইয়ে আমরা না হারি।
এবারের ঈদ হোক সবার জন্য নিরাপদ, এই শুভ কামনা।