এই গ্রীষ্মে দোকান ছাড়া আইসক্রিম মিলবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের গ্রীষ্মে নিউইয়র্কে দোকান ছাড়া আইসক্রিম খুঁজে পাওয়া কঠিন হতে পারে। আইসক্রিম ট্রাক চালকেরা ক্রমাগত ট্রাফিক আইন লঙ্ঘন করছেন এমন অভিযোগে ৪৬টি আইসক্রিম ট্রাক আটক করা হয়েছে গত সপ্তাহেই শুধু। এমন চলতে থাকলে নিউইয়র্কে দোকান ছাড়া আইসক্রিম মেলা কঠিন হয়ে যাবে।
গ্রীষ্ম মানেই পথে পথে প্রচুর আইসক্রিম ভ্যান। এ কারণে নগরীর কিছু অংশে আইসক্রিম ক্রেতাদের ভিড় লেগে যায়। ফলে বিভিন্ন স্থানে যানজট দেখা দেয়। এ কারণে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ ৫ জুন ৪৬টি আইসক্রিম ট্রাক জব্দ করে।
‘অপারেশন মেল্টডাউন’ নামের একটি প্রতিষ্ঠানের প্রচেষ্টা ও সহযোগিতায় নগরীতে ট্রাফিক নিরাপত্তা আইনভঙ্গের অভিযোগে আইসক্রিম ট্রাক অপারেটরদের অভিযুক্ত করা হয়েছে। আইসক্রিম ট্রাক আটকের পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ জরিমানাও করা হয়েছে।
২০০৯ সাল থেকে ২০১৭ সালের মধ্যে মেল্টডাউন অপারেটররা আইন লঙ্ঘনের জন্য করা ২২ হাজার সমন বা উকিল নোটিশ সংগ্রহ করেছে। এর মধ্যে লাল বাতি না মানা, ফায়ার হাইটড্রেন্টের কাছে পার্কিং ও পথচারী পারাপার অবরোধ করার মতো অভিযোগ রয়েছে।
এ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ‘কেউই নিউইয়র্ক নগরীর আইনের ঊর্ধ্বে নয়। বিশেষত যারা জনসাধারণের নিরাপত্তাকে উপেক্ষা করে এবং সড়ককে বিপজ্জনক করে তোলে, তাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আইনের আওতায় আনতে হবে।’
আইন লঙ্ঘনের কারণে আইসক্রিম ট্রাক চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের দশ হাজার ডলারের বেশি জরিমানা করা হয়েছে। আরও ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান নগর কর্মকর্তারা।
এর আগে শুধু জরিমানা করা হলেও এবারই প্রথম ট্রাক জব্দ করা হয়েছে। এর কারণ হিসেবে নগর কর্তৃপক্ষ বলছে, জরিমানার হাত থেকে বাঁচতে অপারেটররা নামবদলে একই কার্যক্রম চালিয়ে যায়। বিভিন্ন করপোরেশনের নামে ট্রাকগুলো পুনরায় নিবন্ধন করে। ফলে এগুলো আর শনাক্ত করা সম্ভব হয় না। এতে অর্থ বিভাগ জরিমানার অর্থ আদায় করতে পারে না। এবার তাই একেবারে জব্দ করা হয়েছে।