এই গ্রীষ্মে সতর্ক হোন, সুস্থ থাকুন

প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রায়ও আসে পরিবর্তন। এটা স্বাভাবিক। তবে প্রকৃতির বদলে নিউইয়র্কের তাপমাত্রায় যে বদল হয়, তা অন্য অঞ্চল থেকে কিছুটা ভিন্ন। এখানকার মানুষও ভিন্ন। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন মানসিকতার মানুষকে এখানে ‘ক্রেজি পিপল’; আর এখানকার তাপমাত্রার দ্রুত ওঠানামার বৈশিষ্ট্যকে বলা হয় ‘ক্রেজি ওয়েদার’। সাদা বাংলায় পাগলাটে আবহাওয়ায় পাগলাটে মানুষের বাস। এই পাগলাটে আবহাওয়ায় খাপ খাওয়াতে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শুরু হয় মানুষের পোশাকপরিচ্ছদ থেকে শুরু করে সাজসজ্জায় পরিবর্তন। তীব্র শীত পেরিয়ে হালকা শীতের বসন্তে মানুষের পোশাকে পরিবর্তন আসে। আর গ্রীষ্মের দাবদাহে আসে আরেক রকমের কাপড়। পাশ্চাত্যে শীতবস্ত্র সবার জন্য এক হলেও গ্রীষ্মের গরম নিয়ে আসে নিজ নিজ দেশের সংস্কৃতির সঙ্গে মানানসই সাজসজ্জার স্বাধীনতা। এখানকার গ্রীষ্ম তাই বৈচিত্র্যপূর্ণ রং ও সাজসজ্জার ডালি সাজিয়ে আসে। এ বৈচিত্র্যে আপনিও হাজির হতে পারেন দেশীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে নেওয়া পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জায়। তবে সে ক্ষেত্রে কিছু বিষয়ের দিকে নজর রাখতে হবে।
প্রথমত, এখানকার বাতাসে আর্দ্রতা খুব বেশি। ফলে গ্রীষ্মে গরম খুব বেশি অনুভূত হয়। প্রখর রোদে শরীরের চামড়া পুড়িয়ে দেয়। রয়েছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক ও চোখের ক্ষতির আশঙ্কা। এ ছাড়া ঘাম বেশি হয় বলে মারাত্মক পানিশূন্যতারও আশঙ্কা রয়েছে। এসব আশঙ্কার কথা মাথায় রেখে বাইরে কাজ করতে হয় এমন ব্যক্তিদের বাইরে থাকাকালে নিয়মিত সানস্ক্রিন লোশন, রোদ চশমা ও হ্যাট অবশ্যই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পেশাগত কারণে যারা বাইরে থাকতে বাধ্য না হলেও সবাইকেই কম-বেশি বাইরে বেরোতে হয়। ঘরে বসে তো আর একটি ঋতু কাটিয়ে দেওয়া যায় না। ফলে সবাইকেই গ্রীষ্মে ঘর থেকে বের হওয়ার আগে এই সতর্কতাগুলো মেনে চলতে হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সতর্ক হতে হবে। দুরন্তপনা তাদের মজ্জাগত। বিকাশের জন্য জরুরিও। কিন্তু এই দুরন্তপনা তাদের অসুস্থতার কারণ যাতে না হয়, সে জন্য সময় নিয়ে তাদের এ সতর্কতাগুলো সম্পর্কে বোঝাতে হবে। বিশেষত স্কুলে যাওয়া-আসার পথে এবং খেলার মাঠে থাকার সময় এসব বিষয় যেন মেনে চলে, সে জন্য তাদের বোঝাতে হবে।
অনেকের ধারণা সানস্ক্রিন লোশন শুধু বড়রা ব্যবহার করবেন, বাচ্চাদের না হলেও চলে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সতর্কতা বাচ্চাদের জন্যই বরং বেশি দরকার। এ ব্যাপারে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি; আমার মেয়ে ৪/৫ বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করে। তখন যতন ভৌমিক নামে সিলেটে সেইভ দ্য চিলড্রেনের এক চিকিৎসক বললেন, ওকে অবশ্যই সানস্ক্রিন লোশন দেবেন। পরে একই পরামর্শ দিয়েছিলেন এক চর্ম বিশেষজ্ঞও। তিনি বলেছিলেন, ‘যে স্থানটা আমরা কাপড় দিয়ে ঢাকতে পারি না, তা সানস্ক্রিন লোশন দিয়ে ঢেকে দেওয়া ভালো। শুধু সানস্ক্রিন লোশনটি বাচ্চাদের জন্য কিনা তা দেখে নিতে হবে।’ সেই সময় থেকে এখন পর্যন্ত আমি এই পরামর্শ মেনে চলছি। দেশে থাকতে ওর কাছ থেকে অন্য বাচ্চারাও চেয়ে নিত। আমি ওকে ছোট্ট টিউব দিয়ে দিতাম। এভাবে বাচ্চাদের সচেতন করে তুলতে হবে।
গরমে পোশাকের ক্ষেত্রেও সচেতন হতে হবে। যতটা সম্ভব আরামদায়ক সূতির কাপড় ও কিছুটা ঢিলেঢালা পোশাক পরতে হবে। আরামের বিষয়টি মাথায় রেখেই ফ্যাশনের বিষয়ে সচেতন হতে হবে। কারণ স্বস্তি আগে, পরে প্রদর্শন। এ দেশে অল্প মূল্যে আরামদায়ক কাপড়ের পায়জামা পাওয়া যায়, যা কামিজের সঙ্গে ব্যবহার করা যায় স্বচ্ছন্দে। ঘামের বিষয়টি মাথায় রেখে বাইরে বের হওয়ার সময় বাড়তি কাপড় রাখাটা ভালো অভ্যাস। এখানকার প্রচণ্ড শীত আমাদের মধ্যে বাড়তি ভারী পোশাক বহনের অভ্যাসটি করে দিয়েছে। গ্রীষ্মে তা চালিয়ে গেলে ক্ষতি কি। কারণ ঘামে ভেজা কাপড় পরনে বেশিক্ষণ রাখাটা ভালো নয়। এতে বেশি ঠান্ডা শরীরে প্রবেশ করে। অস্বস্তিও লাগে। এতে করে সর্দি-কাশির মতো রোগ বেশি হয়, যা এমনকি নিউমোনিয়া পর্যন্ত গড়াতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি করে নজরে রাখতে হবে। অনেকে মনে করেন, ঘরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারে বাচ্চাদের ঠান্ডা লাগে বেশি। কিন্তু এমন ধারণা ঠিক নয়। বরং গরমের ঘাম থেকে দূরে থাকার চেষ্টা করুন।
সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, গরমে নিয়মিত গোসল করুন। বিশেষত ঘর থেকে বের হওয়ার আগে গোসল করা খুব জরুরি। এতে করে মনে এক ধরনের প্রশান্তি আসে। শরীরও সহজে ক্লান্ত হয় না। আর লোমকূপ সতেজ থাকে বলে ঘামও কম হয়। শেষ কথা আর কিছু নয়, সতর্ক থাকুন, সুস্থ থাকুন আসছে গরমে।