এই দীর্ঘশ্বাস কেউ শুনছে?

চারদিকে সাদা তুষারের স্তূপ। মোহময় শুভ্রতা। আর বাতাসে সুইয়ের ফলার মতো তীক্ষ্ণ ধার। যদিও মাথার ওপর ঝকঝকে রোদ। কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের ১০ ডিগ্রি নিচে। খালি চোখে দেখা রোদের উজ্জ্বলতায় প্রলুব্ধ হয়ে হিম বাতাসের ধাক্কায় বহুবার বিদীর্ণ হয়েছেন রাফিয়া। চোখের দেখা আর রক্তমাংসের অনুভবে কতটা ফারাক হতে পারে, সেই হিসাব তাঁর আজও অজানা। নিউইয়র্কের প্রকৃতির মোহ আর তা ভেঙে খান খান হওয়ার গল্পটা সাত সমুদ্র তেরো নদীর ওপারে ফেলে আসা সবুজ-সতেজ দেশটার মানুষ রাফিয়া মেলাতে পারেন না। তাঁর মাথা ব্যথা করে, চোখে জল আসে। তুষারের নিচে এই শহরের সবুজ যেমন করে সতেজতা হারায়, রাফিয়ার মনটা তেমন নিস্তেজ হয়ে আসে। বিষণ্নতার ওষুধেও তাঁর মৃত মনে কোনো আকাঙ্ক্ষার জন্ম হয় না।
মেঘনার স্বচ্ছ জলের রুপালি ইলিশ জেলেদের জালে আটকা পড়ে কয়েক মিনিটের দাপাদাপি শেষে যেমন নিস্তেজ হয়ে যায়, মেঘনা পারের রাফিয়ার নিউইয়র্কের জীবনটাও যেন তেমনই। বছর দশেক আগে ডিভি জিতে নিউইয়র্কে আসেন রাফিয়া ও তাঁর স্বামী হুমায়ূন। ভোলা থেকে লঞ্চে ঢাকা পৌঁছে সরাসরি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে এক আত্মীয়ের বাসায়। বাসা তো নয়, মাটির নিচে (বেসমেন্ট) ছোট্ট খুপরি ঘর। আলো-বাতাসহীন সেই ঘরে দম বন্ধ লাগে রাফিয়ার। তবু আমেরিকার স্বপ্ন আর মোহ তাঁকে টেনে রাখে রাতের ম্যানহাটনের মতো আলোকময় কোনো দিনের আশায়!
যদিও জীবনের পরের ১০টি বছরে মাটির তলা থেকে ওপরে উঠতে পারেননি রাফিয়া। নিজের ঘর হয়েছে বটে, তবে টাকা বাঁচাতে ঠাঁই হয়েছে আরেক বেসমেন্টে। ব্রুকলিনের শেফার্ড অ্যাভিনিউতে দোতলা বাড়ির মাটির নিচে তাঁর সংসার। দুজনে কাজ না করলে জীবনে সচ্ছলতা আনা কঠিন। তাই কাজের চেষ্টা কম করেননি। পড়ালেখায় এইট পাস, ইংরেজি না জানা রাফিয়া বাঙালি দোকানে কাজের চেষ্টা করেছিলেন। সংসারের সব সামলে, সময়মতো বাস-ট্রেন ধরার তাড়া খেয়ে ১০-১২ ঘণ্টা শ্রমের বিনিময়ে যে কটাকাই বা পান, তার চেয়ে ধকলটাই অনেক বেশি। বাড়তি আয়ের আশায় স্বামী হুচমায়ূন রেস্টুরেন্টের কাজ ছেড়ে এখন ট্যাক্সি চালান। ১০ বছরে হুমায়ূন তিনবার দেশে গেলেও রাফিয়া যেতে পারেননি একবারও। পরদেশে কেমন করে সময় কাটে রাফিয়ার?
নিউইয়র্কে বৈধ বাংলাদেশি আছেন প্রায় লাখখানেক। অর্ধেক নারী। সেই নারীদের অর্ধেকেরও বেশি রাফিয়ার মতো কম শিক্ষিত, ইংরেজি না জানা। একদিকে পাশ্চাত্যের খোলামেলা সংস্কৃতি নিয়ে অজানা ভয়, অন্যদিকে অদক্ষতা-একরকম পরভূমে গৃহবন্দী নিঃসঙ্গতা।
‘এখানে আসার পর প্রথম বছর থেকেই আমার বিষণ্নতা ধরা পড়ে। আট বছর ধরে বিষণ্নতা থেকে মুক্তির ওষুধ খাই। ডাক্তার আনন্দে থাকার পরামর্শ দিয়েছে। কিন্তু আনন্দ কোথায়? কথা বলার মানুষ নেই, যাওয়ার জায়গা নেই, সবাই ব্যস্ত!’ বলেন রাফিয়া।
শারমিনের গল্পটা অন্য রকম। আমেরিকা পাড়ি জমানোর পর তাঁর মুখে অরুচি ধরেছে। কিছুই খেতে পারেন না। বাংলাদেশি দোকান ঘুরে ঘুরে হালাল বাজার করেন। তবু মাংস মুখে তুলতে পারেন না, যদি শূকরের মাংস হয়, যদি শূকরের মাংস কাটার আশপাশেই কাটা হয় গরু কিংবা মুরগি অথবা সহি হালাল তরিকায় জবাই হয়েছে কি না, অজানা এসব প্রশ্নে জর্জরিত হয়ে মাংস খাওয়া ছেড়েই দিয়েছেন শারমিন। এমনকি সামাজিক কোনো অনুষ্ঠানেও যাওয়া বন্ধ করে দিয়েছেন। বছর তিনেক ধরে চিকিৎসার মতো জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোন না শারমিন। হাইস্কুলপড়ুয়া দুই সন্তানের মা শারমিনের অজানা শঙ্কা দিনকে দিন বাড়ছেই। ছেলেমেয়ে বড় হলে মা-বাবার নাকি দুশ্চিন্তা কমে। কিন্তু এ দেশের আলো-হাওয়ায় বেড়ে ওঠা দুই ছেলেমেয়ে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই শারমিনের। তাদের না করা যায় শাসন, না মানে মানা। উপায় না পেয়ে বেড়ে যায় ধর্মচর্চা। এখন সংসারের কাজের বাইরে ধর্মকর্মেই সময় কাটে তাঁর।
ছেলেমেয়ের পোশাক-আশাক, চলাফেরা, বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি দেখে অস্থির লাগে, আল্লাহর কাছে কী জবাব দেবেন, ভয় লাগে শারমিনের।
১৯৯০ সালের পর থেকে ডিভি লটারির কল্যাণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। এঁদের একটা বড় অংশই বসবাসের জন্য নিউইয়র্কে ঠাঁই নেন। নিউইয়র্ক সিটির সবশেষ জরিপের তথ্য অনুযায়ী, পায় ৭৫ হাজার বৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছেন এখানে। তবে অবৈধর সংখ্যা কয়েক গুণ বেশি। বৈধ-অবৈধ যাই হোক না কেন, তাঁদের প্রায় অর্ধেক নারী। আর অনেকেই বাংলাদেশের প্রান্তিক নারী। তাঁদের কেউ কেউ উপার্জনের উপায় খুঁজে পেলেও অনেকেই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে হয়ে পড়েন গৃহবন্দী। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করা লাবিবার জীবনও খুব একটা ব্যতিক্রম নয়। মিলিয়নিয়ার স্বামীর কল্যাণে বিত্তবৈভবে ঠাসা তাঁর জীবন ‘রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা’।
‘হাসবেন্ডের বন্ধু আর তাঁদের বউদের নিয়ে মাঝে মাঝে ওয়ান ডিশ পার্টি করি, খাওয়া-দাওয়া শেষে হিন্দি গানের সঙ্গে নাচি, আন্তাক্ষরি খেলি, এই তো জীবন, খারাপ না...’ হাসতে হাসতে বলেন লাবিবা।
আসলেই কোনটা জীবন লাবিবা, শারমিন বা রাফিয়াদের।
সুলতানা রহমান, সাংবাদিক