এই বৈশাখে যেভাবে সাজবেন মিলা

মিলা হোসেন, মডেল ও অভিনেত্রী—দীর্ঘ সময় ধরে যিনি বাস করছেন নিউইয়র্কে। ২০০০ সালে আনন্দধারা আয়োজিত লাক্স ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়ে পাদপ্রদীপের আলোয় আসেন। বাংলাদেশের গ্ল্যামার জগতে মিলা যখন আলোচনার তুঙ্গে, ঠিক তখনই বৈবাহিক সূত্রে পাড়ি জমান আমেরিকায়। তবে শোবিজ জগতের স্বপ্নকে ঠিকই লালন করেছেন হৃদয়ের গহিনে। ২০০৩ সালে আমেরিকায় এলেও পরের কয়েক বছর আসা-যাওয়ার মধ্যে ছিলেন মিলা। ২০০৯ সাল থেকে বলা যায় এখানে থিতু হয়েছেন। আর সেই সঙ্গে আগ্রহ বেড়েছে নিউইয়র্কে বাঙালি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে। বিশেষ করে নিউইয়র্কের পয়লা বৈশাখের আয়োজন মিলার খুব পছন্দ। বিশেষ এই দিন সামনে রেখে এখন জানব তাঁর সাজগোজ ও অন্যান্য প্রস্তুতি নিয়ে।
ঢাকায় থাকতে পয়লা বৈশাখে চারুকলা-শাহবাগ ও টিএসসি এলাকায় প্রতিবছর যেতেন মিলা। এখনো সেই দিনগুলোর কথা খুব মনে হয় তাঁর। নিউইয়র্কে আসার পরও তেমন কোনো উৎসবের সন্ধানে ছিলেন তিনি। ড্রামা সার্কেল প্রথম সেই সুযোগটা করে দেয়। প্রতিবছর চেষ্টা করেন বৈশাখের প্রথম দিনে ড্রামা সার্কেলের আয়োজনে উপস্থিত থাকার। এর বাইরে ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুদের পয়লা বৈশাখের আয়োজনে যান। এমনকি প্রতিবছর লং আইল্যান্ডে নিজের বাড়িতেও পয়লা বৈশাখের আয়োজন করেন তিনি। হয়তো ঠিক বৈশাখের প্রথম দিনে
করতে পারেন না। তবে চেষ্টা থাকে বৈশাখ মাসের মধ্যে করার।
প্রতিবছর পয়লা বৈশাখ সামনে রেখে তিন থেকে চারটা নতুন শাড়ি কেনেন মিলা। আগের বছরের শাড়ি পরেন না। কারণ সবাই দেখে ফেলেছে। মিলা হাসতে হাসতে বলেন, ‘আমি এই ব্যাপারে খুব সিরিয়াস। প্রতিবছর পয়লা বৈশাখের ছবি ফেসবুক-ইনস্টাগ্রামে দিই। তা ছাড়া পরিচিতরা সবার সঙ্গে দেখা হয় এই দিনে। কেউ যাতে বলতে না পারে মিলা, তুমি তো এই শাড়ি আগের বছরও পরেছ।’ ঢাকা থেকেই সব শাড়ি আনেন মিলা। আনন্দের ব্যাপার হলো, বোনের ডিজাইন করা শাড়ি পরেন তিনি। মিলার বোন মিতা হোসেন একজন ডিজাইনার। তবে শাড়ি পছন্দ করেন স্বামী জাকারিয়া মাসুদ জিকু। ঢাকা থেকে নিউইয়র্কে নিয়েও আসেন তিনি।
এমনিতে চুল খোলা রাখতে পছন্দ করলেও পয়লা বৈশাখে চুল বাঁধেন মিলা। বেনি বা খোঁপা করেন। তাতে ফুল অবশ্যই থাকবে। গত বছর জ্যাকসন হাইটসে একজনের কাছ একটি তাজা বেলি ফুলের মালা কিনেছিলেন। যার দাম ছিল এক ইঞ্চি এক ডলার। ছোট একটা মালা কিনতেই ২০-২৫ ডলার খরচ হয়ে গেছে। তবে পয়লা বৈশাখের দিনের কথা আলাদা। ওই দিন এ রকম মালা কেনাই যায়। মাথায় ফুলের সঙ্গে হাতভর্তি লাল-সাদা কাচের চুড়ি অবশ্যই থাকবে। কানে ঝুমকা পরেন। আর গলায় হালকা চেইন।

মিলা সাজগোজের ব্যাপারে খুব খুঁতখুঁতে। নিজের মেকআপ নিজেই করার জন্য ইতিমধ্যে এ বিষয়ে একটা কোর্সও করেছেন। মিলা সাধারণত মেকআপের শুরুতে ময়েশ্চারাইজার ক্রিম দেন সারা মুখে। তারপর প্রাইমার দেন। চোখের নিচে কনসিলার দিতে চেষ্টা করেন, বিশেষ করে ক্লান্ত দেখালে। তারপর পাতলা করে ডাবল লিকুইড ফাউন্ডেশন দেন। ব্ল্যাক শেডস দিয়ে চোয়াল কেটে চেহারায় তীক্ষ্ণতা আনেন। চোখ এঁকে কাজল দেন এরপর। মুখের গ্লো বাড়ানোর জন্য হাইলাইটারের শরণাপন্ন হন।
মুখের মেকআপ নিজেই করেন বলে জানালেন মিলা হোসেন। আরও বললেন, ‘বেজটা আমি নিজেই করি। তবে বিশেষ কোনো মেকআপ থাকলে মেকআপ আর্টিস্ট জসিম ভাইয়ের সাহায্য নিই। একটা তথ্য না জানিয়ে পারছি না, ২০০০ সালে আমি যে লাক্স ফটোসুন্দরী হয়েছিলাম, আমার মেকআপ করিয়ে দিয়েছিলেন জসিম ভাই। ২০১৬ সালে ড্রামা সার্কেল আয়োজিত পয়লা বৈশাখের অনুষ্ঠানে সাজগোজের জন্য সেরা দম্পতি হয়েছিলাম আমি আর জিকু। সেখানেও আমার মেকআপ করে দিয়েছিল জসিম ভাই। আর চুলের সেটিংয়ের জন্য আমি বিউটিশিয়ান তানজিন সুলতানা মুনমুনের সাহায্য নিই অনেক সময়।’ উল্লেখ্য, মিলার স্বামী জাকারিয়া মাসুদ জিকু পয়লা বৈশাখে অবশ্যই লাল-সাদা পাঞ্জাবি পরেন। ছেলেরাও পাঞ্জাবি পরেন বাবার দেখাদেখি।
মিলার পয়লা বৈশাখের সাজে পূর্ণতা আনে একটা লাল টিপ। এটা তিনি দেবেনই। কখনো কখনো মুখে আলপনা মানে ফেসপেইন্টিং করেন। নিজের চেহারার ভালো ও খারাপ দিক জানতে চাইলে মিলা বলেন, ‘আমার চেহারায় এক নিষ্পাপতা আছে বলে সবাই। এটাই আমার শুনতে খুব ভালো লাগে। মানে আমি সুইট আরকি…হা হা হা। আর খারাপ দিক বললে ভ্রুর নিচে তিল। যেটা অনেকে পছন্দ করেন। বলেন ন্যাচারাল। আমার মনে হয় তিলটার জন্য চেহারায় বৈচিত্র্য আসে না। মেকআপের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা মনে হয়।’
মিলা নিজের বাসায় পয়লা বৈশাখের যে আয়োজন করেন, সেখানে ইলিশ মাছ ভাজা অবশ্যই থাকবে। কড়া করে তেলে ভাজেন মাছ। সঙ্গে থাকে গরম ভাত। তিন-চার প্রকার ভর্তা থাকবে সেই সঙ্গে। শুঁটকিভর্তা, বেগুনভর্তা, আলুভর্তা থাকে সব সময়। মুরগি ও গরুর মাংস থাকে সেই সঙ্গে। দই, মিষ্টি ও মাঠা রাখেন ডেজার্ট হিসেবে। সেই সঙ্গে দু-তিন ধরনের পিঠা। আর এপিটাইজার হিসেবে থাকে কদমা, মুরলি ও বাতাসা। বাসায় পয়লা বৈশাখের আয়োজনে বাঙালি ছাড়াও প্রতিবেশী অন্য দেশের মানুষও আসে। তাঁরাও খুব উপভোগ করেন পুরো আয়োজন।