
‘আমাকে...ছুটতে হয় বিষয়ের পেছনে। আর তোমার...কাছে বিষয়বস্তু ধরা দেয় আপনা থেকে।’ খুদে বার্তা পাঠিয়েছেন গিয়াসউদ্দিন আউয়াল, আমার এক সময়ের সহকর্মী, দৈনিক আজাদ ও সিলেটের যুগভেরীতে সাংবাদিকতা করেছেন, বর্তমান বসবাস নিউইয়র্কে।
আউয়ালের অনুমান পুরোপুরি ঠিক নয়। বিষয়ের পেছনে আমাকেও ঘুরতে হয়, হাতে তুলে কেউ দেয় না। তবে সূত্র পেতে হয়।
গত সপ্তাহে পারিবারিক এক আড্ডায় ‘ট্রাম্প আবারও পাশ করবেন’ বলে একজনের মন্তব্যে এক প্রবীণ প্রবাসীর প্রতিক্রিয়া আমার মনে দাগ কাটে। এই প্রবীণ প্রবাসী আমেরিকায় ৫০ বছর ধরে বসবাস করছেন। যত দূর জানি, নিউইয়র্ক টাইমস তাঁর প্রতিদিনের পত্রিকা। তিনি মন্তব্য করলেন, আমেরিকা এই ভার নিতে পারবে না, বিপর্যয় অনিবার্য।
আমার জিজ্ঞেস করা উচিত ছিল, কী কী বিপর্যয় হতে পারে। সেই মুহূর্তে তা জিজ্ঞেস করা হয়নি। মনে মনে এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম।
এর মধ্যে খবর বের হলো, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আরও চার বছরের জন্য যদি ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, তা হলে আমেরিকার চরিত্র বদলে যাবে। তাঁর কথা, ‘আমি নীরবে দাঁড়িয়ে তা ঘটতে দিতে পারি না।’ ভালো কথা, এখানেও পরিষ্কার হলো না, চরিত্র কী বদলাবে।
অনেকে মনে করেন,এই তো ভালো, বেশ ভালো। অর্থনীতি ভালো, সব ভালো। যে যাই বলুক, ট্রাম্প তো অর্থনীতি ভালো রেখেছেন। বেকারের সংখ্যা কম, চাকরি আছে, মানুষের হাতে টাকা—এই অবস্থায় ট্রাম্পকে কেন বদলাতে যাবে?
এ কথারই প্রতিধ্বনি করলেন আমার হিসাবরক্ষক। তিনি বাঙালি। আমি শুধু বলেছিলাম, তার আন্তর্জাতিক ভূমিকা তো ভালো নয়।
—তাতে কি? আমরা তো খেয়ে-পরে বেশ আছি। বাইরে কি করল, তাতে কিছু যায় আসে না।
আমি আর কথা বাড়ালাম না।
আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকি, কেন ট্রাম্পের ভার আর নিতে পারবে না আমেরিকা। আন্তর্জাতিক বিষয় কিছু কিছু উপলব্ধি করি, অভ্যন্তরীণটা আমাকে জানতে হবে আরও।
‘আমেরিকা ফার্স্ট’ এই নীতির কারণে বিশ্ব ব্যবস্থা যে ভেঙে পড়ছে, তা বুঝতে পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না। এত দিনে স্পষ্ট হয়েছে, স্বৈরশাসকদের ট্রাম্প কেন পছন্দ করেন। তিনি নিজে কর্তৃত্বপরায়ণ। তৃতীয় বিশ্বের একনায়কদের মতো দেশ চালাতে ভালোবাসেন। আন্তর্জাতিক আইনের যে ক্ষমতা, তা খর্ব করেছেন তিনি। কোনো কিছুর তোয়াক্কা না করে জলবায়ু সংক্রান্ত প্যারিস আন্তর্জাতিক চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন, যে চুক্তি ওবামা স্বাক্ষর করেছিলেন। জাতিসংঘ অনুমোদিত ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা বৃহৎ পাঁচ রাষ্ট্র, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় অংশগ্রহণে ওবামা আমলে স্বাক্ষরিত, তা থেকে যুক্তরাষ্ট্রকে শুধু প্রত্যাহারই করেননি, উপরন্তু ইরানের ওপর একতরফা অবরোধ আরোপ করেছেন। আন্তর্জাতিক আইনের পরোয়া না করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী মেনে নিয়ে আমেরিকান দূতাবাস সেখানে স্থানান্তর করেছেন। শুধু তাই নয়, সিরিয়ার নিজস্ব ভূখণ্ড গোলান হাইট্স যা ইসরায়েলের দখলে, তা ইসরায়েলকে দানের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
গত সপ্তাহে এনআরআইয়ের (ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন) সম্মেলনে ঘোষণা দিয়েছেন, জাতিসংঘের উদ্যোগে ১৩০টি দেশের স্বাক্ষরিত (যে চুক্তিতে যুক্তরাষ্ট্রও স্বাক্ষর করেছে) অস্ত্র কেনাবেচা নিয়ন্ত্রণ চুক্তি থেকে তার দেশের নাম প্রত্যাহার করবেন। সর্বশেষ, উত্তর কোরিয়া। দ্বিপক্ষীয় সমাধান ‘হয়েও হইল না’। আমেরিকা চায়, আগে কিম সব পারমাণবিক অস্ত্র ও স্থাপনা গুটিয়ে নিক, তারপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। উত্তর কোরিয়া চায়, নিষেধাজ্ঞা আগে প্রত্যাহার। চায় একটা আন্তর্জাতিক নিরাপত্তা গ্যারান্টি। এই গ্যারান্টির খোঁজে কিম রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেছেন। পুতিন বলেছেন, তিনিও চান উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি গুটিয়ে নিক, তবে তা হতে হবে আন্তর্জাতিক আইনের আওতায়। কোনো একটি বড় দেশের কথাতে সবকিছু না হয়ে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে হওয়া উচিত। এ জন্য প্রয়োজন আন্তর্জাতিক আইনের ক্ষমতা ফিরিয়ে আনা।
প্রশ্ন, ট্রাম্পের আমলে তা কি সম্ভব?
সন্দেহ হয়, কারণ তার হাত থেকে খেলাধুলাও রক্ষা পাচ্ছে না। কিউবার বেসবল খেলোয়াড়দের সুনাম-সুখ্যাতি আছে। তারা খেলে থাকেন আমেরিকান লীগে। কিউবান বেসবল ফেডারেশনের সঙ্গে চুক্তির মাধ্যমে তারা টাকা নিতে পারেন নিজ দেশে। এখানেও ট্রাম্প বাগড়া দিয়েছেন। বাতিল করতে যাচ্ছেন এই চুক্তি, যাতে খেলোয়াড়রা দেশে টাকা নিতে না পারেন। কারণ, এতে কিউবার শাসকেরা লাভবান হবে। শুধু তাই নয়, ওবামার আমলে স্বাক্ষরিত ট্রাভেল চুক্তিও বাতিল করার কথা বলছেন, যাতে আমেরিকানরা কিউবায় যেতে না পারে।
আমেরিকার অভ্যন্তরে যা দেখেছি, আর যা দেখিনি—সে কথা এবার বলতে হয়। অর্থনীতি ভালো, মজুরি বেড়েছে, বেকারত্ব কমেছে —এগুলো মুদ্রার এক পিঠ। অন্য পিঠের কথা কয়জন জানি?
মজুরি বাড়লে কী হবে, কমে গেছে কর্মঘণ্টা। একাধিক চাকরি না করলে সংসার চালানো যায় না। নীরবে-নিভৃতে বেড়েছে জিনিসপত্রের দাম। বেড়েছে তেলের দাম, বাস-ট্রেনের ভাড়া, বিদ্যুৎ-গ্যাসের মূল্য, ঘর-বাড়ির ট্যাক্স, চাল-ডালের দাম। নাভিশ্বাস উঠেছে। মজার ব্যাপার হলো, বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে ফোকাস হয়, এখানের গণমাধ্যমে সেভাবে হয় না। এ নিয়ে অনুসন্ধান প্রয়োজন। বড় বড় করপোরেশন ভালো থাকলেও ভালো নেই ক্ষুদ্র ব্যবসায়ীরা। এক বাঙালি ব্যবসায়ী জানালেন, মাঝারি ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, সোজা হয়ে আর দাঁড়াতে পারবে না।
আর অভিবাসন? এই কাহিনির পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে আছে মানবিক বিপর্যয়ে।
ট্রাম্প প্রেসিডেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, নৈতিক পতন। তাঁর আচরণগত সমস্যায় প্রশ্ন উঠেছে হোয়াইট হাউসের মর্যাদা নিয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সত্য বলেন না, কটূক্তি করেন যখন-তখন। তার আয়কর রিটার্ন নানা বাহানায় এখনো প্রকাশ করেননি। নিজের পছন্দের গণমাধ্যম ছাড়া অন্যদের সঙ্গে দা-কুমড়ো সম্পর্ক। হোয়াইট হাউস প্রেসের বার্ষিক ডিনার বর্জন করে আসছেন। গত প্রাইমারিতে তার সতীর্থ রিপাবলিকানরা তার ধমক খেয়েছেন, অনেকটা মাস্তানদের মতো। জেব বুশকে অপমান করেছেন, ফ্লোরিডার তরুণ সিনেটরকে ডেকেছেন ‘লিটল মার্কো’, টেক্সাসের সিনেটর ক্রুজকে ‘লায়ার’ আর হিলারি ক্লিনটনকে প্রকাশ্যে ডাকতেন ‘ক্রুসেড হিলারি’। জো বাইডেনকে ‘স্লিপি জো’ উপাধির মাধ্যমে আগামী নির্বাচনের কথামালার খাতা উদ্বোধন করেছেন ট্রাম্প। বাইডেনের খাতা এখনো খোলেনি, তবে কথামালা যে এবার একতরফা হবে, তা মনে করার কোনো কারণ নেই। ইতিমধ্যে বাইডেন বলে ফেলেছেন, এতে অবাক হওয়ার কী আছে, এই লোকটাকে (ট্রাম্প) আমরা সবাই চিনি। আমি বরং আমার সম্পর্কে উল্টোটাই শুনে আসছি। লোকজন আমাকে ‘হাইপার জো’ বলেই জানে।
তবে ট্রাম্পকে দেওয়া জর্জ কনওয়ের খেতাব ইতিমধ্যে জোরেশোরে আলোচনায় আসছে। জর্জ কনওয়ে হচ্ছেন ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ের স্বামী। তার খেতাব হচ্ছে ‘ ডিরেঞ্জড ট্রাম্প’ বা ‘ বিকারগ্রস্ত ট্রাম্প’।
এত কথার পরেও বলতে হয়, ট্রাম্প নিঃস্ব নয়। গ্রামের যে সাদারা (হিলারি যাদের ভোট টানতে পারেননি) তাকে প্রেসিডেন্ট বানিয়েছেন, অনুমান করা হয়, তাদের অধিকাংশ এখনো তাকে সমর্থন করেন। এটাই তার শক্তি। এবং তিনি তাদের সন্তুষ্ট রাখতে সদা তৎপর।
জরিপে বাইডেন ট্রাম্প থেকে এগিয়ে আছেন। সাদাদের ভোট বাগানোর ক্ষমতা বাইডেনের আছে, এ কারণে ট্রাম্পের দুশ্চিন্তা তো হবেই।
তবে এখনো বাকি আঠারো মাস। এই ছক যে ঠিক থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। বাইডেনের পেছনে পেছনে হাঁটছেন বার্নি স্যান্ডার্স। ডেমোক্রেটিক পার্টির বাম অংশ তাকে নিয়ে এগোতে প্রস্তুত। এ ছাড়া উত্থান ঘটতে পারে আরও কারও। সুতরাং আমাদের অপেক্ষাতেই থাকতে হবে।#
লেখক: নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক।