
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারাতে রাশিয়া হ্যাকিং করে বলে অভিযোগ তোলা হয়েছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। আর এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত বলে নাম এসেছে রুশ তরুণী হ্যাকারের। তাঁর নাম অ্যালিসা শেভচেঙ্কো।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছেন অ্যালিসা। তিনি কারিগরি গবেষণা করে সাহায্য করেছেন রুশ গোয়েন্দাদের। কাজ করেছে তাঁর প্রতিষ্ঠানও। তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অ্যালিসা।
হ্যাকিংয়ের ঘটনায় মার্কিন প্রশাসন রুশ কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে। সেই তালিকায় উঠে এসেছে অ্যালিসা ও তাঁর প্রতিষ্ঠান জেডওআর বা জর। অ্যালিসার প্রতিষ্ঠানটি সাইবার নিরাপত্তা দিতে কাজ করে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, হিলারিকে হারাতে পুতিন ব্যক্তিগতভাবে হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছিলেন। গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে রাশিয়ার ভূমিকার কথা সরাসরি স্বীকার না করে শুধু বলেন, হ্যাকিং নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেনি।
অভিযোগের বিষয়ে অ্যালিসা বলেন, ‘এক তরুণী হ্যাকার ও তাঁর অসহায় কোম্পানিকে লক্ষ্য করা সহজ। আমি লুকানোর কোনো চেষ্টা করিনি। প্রচুর ভ্রমণ করি। বন্ধুবৎসল বলে আমাকে সহজে পাওয়া যায়। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, অভিযোগ বন্ধ করতে আমার অনেক অর্থ, শক্তি বা যোগাযোগ সক্ষমতা নেই। তাই আমার কোম্পানিকে তালিকাভুক্ত করা বড় ভুল।’ অ্যালিসা দাবি করেন, মার্কিন প্রশাসন অভিযোগের পেছনে কোনো প্রমাণও দেখায়নি। জরকে তালিকাভুক্তির পেছনে কারণ জানতে চেয়ে যে অনুরোধ করা হয়েছিল, তারও কোনো উত্তর দেয়নি।
কে এই অ্যালিসা?
সাইবার নিরাপত্তা বিষয়ে অ্যালিসা শেভচেঙ্কোর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অর্থাৎ, তিনি স্বশিক্ষিত। নিজেকে স্বশিক্ষিত নিরাপত্তা গবেষক হিসেবে পরিচয় দেন তিনি। ২০১৪ সালের ফোর্বস রাশিয়ার ব্যবসায়ী প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সে তিনি কোড শিখেছিলেন। এরপর প্রোগ্রামিংয়ের চেয়ে হ্যাকিং তাঁকে বেশি টানে।
স্কুল থেকে ঝরে পড়া অ্যালিসা রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবে ভাইরাস বিশ্লেষক বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালে নিজের প্রতিষ্ঠান দাঁড় করান। তখন এর নাম ছিল ইসেজ ল্যাবস, যা পরে জর সিকিউরিটি হিসেবে নামকরণ করা হয়। রুশ ভাষায় এর অর্থ ডিজিটাল অস্ত্র ও সুরক্ষা। নিজেকে ‘অপ্রীতিকর নিরাপত্তা গবেষক’ হিসেবে বর্ণনা দেন। ত্রুটি সারানোর চাইতে ত্রুটি বের করার কাজে আগ্রহ দেখান তিনি।

শুরুতে রাশিয়ার বিভিন্ন ব্যাংকের হয়ে কাজ করেছে অ্যালিসার প্রতিষ্ঠান। ওই সময় একটি ব্যাংকে ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থ বের করে নেওয়ার বিষয়টি ঠেকাতে কাজ করেছিলেন তিনি। এ ছাড়া ক্যাসপারস্কি ল্যাবের হয়েও কাজ করেছেন তিনি। সাইবার নিরাপত্তায় আয় বেশি হলেও তা নিয়মিত নয় বলে তিনি কোম্পানির বিশেষত্ব পরিবর্তন করে একে হ্যাকিং কোম্পানিতে রূপান্তরিত করেন।
অ্যালিসার বিশেষত্ব হচ্ছে কম্পিউটারে দখল নিতে পারে এমন সফটওয়্যারের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার কাজে। নানা বিদেশি প্রতিষ্ঠানের জন্য তাঁর প্রতিষ্ঠান কাজ করে। এভাবে অ্যালিসা সাইবার নিরাপত্তার জগতে নিজের সুনাম অর্জন করেন। যুক্তরাষ্ট্রের সরকারের হয়েও সফটওয়্যারের ত্রুটি বের করার কাজ করেন তিনি। এবারে তার বিরুদ্ধে উঠল পুতিনের হয়ে কাজ করার অভিযোগ।
তথ্যসূত্র: গার্ডিয়ান, ফোর্বস, সান।