এই শহরের মায়েরা ঘুমাতে পারেন না

মনে মনে ঠিক করেছিলাম, এ বছর ঘর ছেড়ে বের হব। ওয়াকার নয়, ক্যান সাপোর্ট বা পিসিএ নয়, শারীরিক পঙ্গুত্বকে ছুড়ে ফেলে একা একা নিজ টয়োটা করোলায় পা চেপে লংড্রাইভে যাব। ভেবেছি, কত কী দেখা হবে এবার! ক্যাডমান প্লাজা পার্ক, ফ্লাশিংম্যাডোস করোনা পার্ক, ব্রুকলিন বোটানিক্যাল-প্রসপেক্ট গার্ডেন, রুজভেল্ট আইল্যান্ড...আরও কত কী! শখ ছিল, এবার সত্যিই চলে যাব ওয়াশিংটন ডিসিতে, যেখানে চলে সর্ববৃহৎ চেরি ব্লসম ফেস্টিভ্যাল। ২২ বছর আমেরিকায় বসবাস করছি, এখনো চেরি ব্লসম দেখা হল না, এও কি হয়?
দুই বছরের বেশি হয়, দুচোখ মেলে নিউইয়র্কের বসন্ত দেখা হয়নি। মুক্ত বাতাস, স্বচ্ছ নীলাকাশ, উত্তর হতে ডানা জাপটে উড়ে আসা পাখির ঝাঁক; জানালায় বসে তাদের চিৎকার শুনিনি। ঝিমিয়ে পড়া গাছের ডালগুলোতে সবুজের উদ্ভিদ বৃদ্ধি, পাগলপারা বাতাসে বিচিত্র ফুলের সমারোহে উজ্জ্বল বিকেল, দেখা হয়নি কত দিন!
এপ্রিল মাসে প্রতি বছরেই এ সময়ে ওয়াশিংটন ডিসিতে চলে চেরি ব্লসম ফেস্টিভ্যাল। বসন্ত ঋতুর আগমন বার্তা জানাতে ওয়াশিংটন শহরে ৩ হাজার চেরি গাছ নিয়ে হয় এই ফুলের উৎসব। ২২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলে এখানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল। এ সময় অগণিত পর্যটক এই উৎসব দেখতে ওয়াশিং ডিসিতে সমবেত হন।
শীতের শেষে উষ্ণ আবহাওয়া মানেই আমেরিকায় স্প্রিংয়ের শুরু। আর এ সময় দেখা যায় নিথর গাছগুলো প্রাণ পেতে শুরু করে। গাছের ডালে ডালে ফোটে উঠে নানান রঙের ফুল। এ সময়ে হালকা গোলাপি আভায় নিথর কাঠে ফুটে ওঠা সহস্র ফুলের বাহারে মন মাতানো যে ফুলগুলো চোখে পড়ার মতো, তাই চেরি ফুল। দূর থেকে দেখলে মনে হবে, শুভ্র মেঘ বুঝি তার রং পাল্টে গোলাপি বর্ণ ধারণ করেছে।
কিন্তু আজ এই শহরে উজ্জ্বল বিকেল নেই। ফুলের সৌরভে মেতে ওঠা প্রাণ নেই, এ বাতাস আজ দূষণমুক্ত নয়। এখানে প্রজাপতির দল, পতঙ্গ, বিদ্রোহ ঘোষণা করে রাতের আঁধারে। এ শহর আজ শ্যামল সবুজ প্রান্তর নয়, এই শহর আর বিরহ শোকে গুটি পায়ে আকাশকে কাঁদায়, মানবতা লঙ্ঘন করে ঘড়ির কাটায়। আজ এখানে সেই শত বছরের চেরি ব্লসম ফেস্টিভ্যাল আর হয় না।
আমার মা বলেন, ‘কিগো মা! এই কি
গজব শুরু অইলো! রাইতভর ঘুম আয়েনা, সারা দিন–রাইত খালি অ্যাম্বুলেন্সের আওয়াজে বুক ধুকপুক করে।’
আমি বলি, ‘মা! শুধু তুমি নও, আজ এ শহরের কোন মায়েরা ঘুমাতে পারেন না। দুশ্চিন্তায় গর্ভে ধারণ করা সন্তানের মুখে কেবল তাকিয়ে থাকেন তারা। কেউ নিজ মতে স্রষ্টাকে ডাকেন দিনরাত। কেউ চিৎকার করে অভিযোগ করেন। কেউ লুকানোর জায়গা খোঁজেন, যদি তার সন্তানটিকে এই মহামারি থেকে নিরাপদে লুকিয়ে রাখা যেত!! যেমনটি তুমি করো, আমিও করি মা।’
মা চুপ হয়ে যান। শব্দহীন এই নীরবতার অর্থ আমি বুঝি।
আমার মা প্রায়ই মাঝ রাতে আমার ঘরে এসে আলতো করে নাক চেপে ধরেন। আমি ঝটকা মেরে উঠে পরি। মা তখন বলেন, রাতে না খেয়ে ঘুমিয়েছিস, কিছু খাবি? আমি বুঝতে পারি, মা আমার না খেয়ে ঘুমানোর জন্য বিচলিত হননি। তিনি নিশ্চিত হতে চেয়েছেন, আমার নিশ্বাস সচল আছে কিনা।
সারা দিন তসবি জপেন, রোজা রাখেন। রাতভর বিড়বিড় করে কি সব পড়তে থাকেন। সন্তানের জীবন রক্ষায় আল্লাহকে ডেকে ডেকে ক্লান্ত হন। দোয়া পড়ে গায়ে ফুঁ দেন। মা ভাবেন, একমাত্র আল্লাহ তার সন্তানকে, তার পরিবারকে, পুরো বিশ্বকে রক্ষা করতে পারবেন। আমার বোন বাফেলো থেকে দুশ্চিন্তায় রোজ ফোন করেন। আমি এবং আমার পরিবার সুস্থ আছি কিনা নিশ্চিত হন।
বিশ্বাস করুন, স্বীকার করি আর নাই করি, আমরাও ঠিক একই পথেই আছি। আমি, আপনি, আমরা...সবাই একই দুশ্চিন্তায় মরছি, সন্তানের জন্য, পরিবারের জন্য। রোজ খবরে হলনাগাদ হওয়া মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা দেখলেই আঁতকে উঠি। সবার আগে অসহায় চোখ দুটি খুঁজে চলে সন্তানটিকে। মনে হয়, আমার সন্তানটি ঠিক আছে তো?
রাতভর আমার মা ঘুমান না। এই শহরের কোনো মা–ই আজ ঘুমাতে পারেন না। এ শহরে আজ মায়েরা কাঁদে, মানুষ কাঁদে। পশু কাঁদে, রাতের আঁধারে কাঁদে। শুধু মৃত্যু শোকে নয়, পৃথিবীর- প্রকৃতির নিষ্ঠুরতায় কাঁদে। আমি কাঁদি, আপনিও কাঁদেন। চেরি ব্লসম দেখার স্বাদ এখন অমূলক। টিকে থাকাটাই মুখ্য।
কোভিড-১৯ আজ এই শহরকে কাঁদিয়ে যাচ্ছে। এ শহর আজ শোকের শহর। এ শহর ঘুমাতে পারে না বহুদিন। এখানে মানুষ মরে রোজ শতক, হাজার। একা শূন্য প্লাস্টিক ব্যাগে মৃত মানুষগুলো চলে যায় বুকে ব্যথা নিয়ে। যেতে যেতে বলা হয় না, মা গো তুমি সময়মতো ওষুধ নিয়ো। বাবা তোমার ডায়াবেটিস চেক করার মেশিনটি ওখানে। বলা হয় না- ওগো! তুমি সাবধানে অফিস যেও! ছেলেকে বলা হয় না, বাবা আমার! আজ কি খাবে? পেস্তা না পিৎজা? মেয়েকে বলা হয় না, মামনি! পেটে ব্যথা করছে? ওষুধ দেব? কি নির্মম! কি নিষ্ঠুর পৃথিবী দেখছি আজ!
অ্যাম্বুলেন্সের শব্দ এই শহরে জেগে থাকা প্রাণগুলোকে জানান দিয়ে যায়, ‘গেট রেডি, ইউ কুড বি নেক্সট।’
এত কিছু ভেবে ভেবে আমার মা কাঁদেন। বলেন, এমন ভয়াবহ শহর কে দেখেছে? ইতিহাস সাক্ষী! স্রষ্টা সাক্ষী! এ শহর কেউ দেখেনি। আমি দেখিনি। আজ আমাদের দেখতে হচ্ছে। নতুন প্রজন্ম এই ইতিহাস স্মরণ করে একদিন হৃদ্রোগে মারা যাবে। এই ভয়াবহতা আর কত দিন? মাস, বছর, যুগ? কিংবা আর দুই দিন মাত্র?
আমি নীরব থাকি। নিজ মনে বলি, মা! কেউ জানে না। আমি, তুমি, আপনি, গবেষক, সায়েন্টিস্ট...কেউ জানে না। এর কোন উত্তর কারও কাছে নেই।
আমি শুধু জানি, হেরে যেতে তো আসিনি! কখনো কখনো আমাদের জীবনের পরিস্থিতি উল্টো দিকে মোড় নেয়, যা আমাদের প্রাপ্তি নয়। তাই বলে হেরে গেলে তো চলবে না!
জীবন একটি সংগ্রাম। জীবন আমাদের দিকে পাথর ছুড়ে দেবে, আমাদের নষ্ট করতে চাইবে, ভেঙে দেওয়ার চেষ্টা করবে। ভয়াবহ প্রতিকূলতা টুঁটি চেপে ধরবে, যেন আমরা নিজ থেকে নিশ্বাস নেওয়া বন্ধ করে দিই। জীবন কখনই সহজ ছিল না। সহজ হবে না। জীবন সব সময়ই টিকে থাকার লড়াইয়ে মনুষ্যকূলকে অন্তর্ভুক্ত করতে অভ্যস্ত।
আজকের এই মহামারি মৃত্যু একটি স্থির সংগ্রাম, চরম নিচু ও আশ্চর্যজনক উচ্চতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই খুব ভয়ানক কঠিন একটা সময় পার করছি। তবে এটিও টিকে থাকার একটি অংশ এবং আমাদের সবাইকে এই ভয়ানক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। তবে মানতে হবে, অন্ধকারের এই পথ ধরেই সর্বদা আলো আমাদের ক্ষতবিক্ষত হৃদয় দেখার অপেক্ষায় থাকে। হেরে গেলে হবে না। এই দিনেরও শেষ আছে। সোনালি রৌদ্দুরে স্বৈরী বাতাস, আমাদের নিশ্বাসকে একদিন বিশুদ্ধ করবেই।