এইচ বি রীতা: এক সাহসী যোদ্ধার নাম

২৭ জুলাই। শনিবার। বৃষ্টি ধোয়া বিকেল। মন বলছে কোথাও যাই। কারও হাতে হাত রাখি। বুকে জড়িয়ে ধরি। আমার নন্দন কাননে বসে আছি। আকাশ স্বচ্ছ নীল। তার কথা ভাবি। কেমন আছে সে। হাসপাতালের দুধসাদা বিছানায় তার কেমন কাটে সময়।
এইচ বি রীতা প্রথম আলো পত্রিকার সাংবাদিক; লেখক। লড়াকু নারী। তাঁর অসুস্থতার খবর জেনেছি। লিভার ফেইলিউর। মানুষের শরীরের প্রতিটি অঙ্গই জরুরি। কিডনি নষ্ট হলে আবার স্থাপন করা যায়। লিভার কি সম্ভব?
রীতা বাঁচতে চায়। আমরাও চাই তুমি বেঁচে থাক। আমাদের সবার ভালোবাসায়-দোয়ায় তুমি সেরে উঠছ। রীতা মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন। অকেজো লিভারের পরিবর্তে সক্ষম লিভার সংযোজন করা হয়েছে।
বিজ্ঞান কত দূর এগিয়েছে! আমেরিকা বলেই রীতার জীবন প্রদীপ ফের জ্বলে উঠল। রীতা আমার কাছের কেউ নয়। আমিও তার অপরিচিত। কিন্তু সুতোয় তীব্র টান অনুভব করি। মায়া আদর বুকের ভেতর ঝড় তুলছে। আমার মেজো ভাইয়া আওলাদ হোসেন খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। সময়টা ১৯৭৫ সাল। ভাইয়ার লিভার সিরোসিস। চিকিৎসক পিতা বাকরুদ্ধ। স্কুলে পড়ি তখন। আম্মা ভাইয়াকে নিয়ে হাসপাতালে। সাত দিন পর ছাব্বিশ বছরের আব্বা-আম্মার আদরের খোকন আমাদের সোনা ভাই চলে গেলেন।
অনুভব করি রীতা আমার ভাই। আধুনিক চিকিৎসায় আমেরিকায় সে সুস্থ হচ্ছে। প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন ভাই প্রতিনিয়ত ফেসবুকে এইচ বি রীতার সর্বশেষ খবর জানাচ্ছেন। একজন লড়াকু নারী দুই সন্তান নিয়ে নিউইয়র্ক শহরে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচার চেষ্টায় রত। কলম তার শাণিত। প্রথম আলোর এক ঝাঁক উজ্জ্বল নারী সাংবাদিক, লেখক রীতার পাশে রয়েছে—এটি একটি বিরাট আশার জায়গা।
রীতা তুমি একা নও। আমার উচাটন মন কী যেন খোঁজে। সেলফোনটি হাতে। রওশন হাসানের নম্বরে বাটন চাপি। রওশনের কণ্ঠে ক্লান্তি। সে জানায় এইমাত্র রীতাকে মাউন্ট সিনাই হাসপাতালে দেখে এসেছে। আমি তো এই আশাতেই পথ চেয়েছিলাম। প্রিয় রওশন হাসানের কাছ থেকে রীতার রুম নম্বর ও হাসপাতালের ঠিকানা নিয়ে তৈরি হয়ে দে ছুট।
শনিবারের বৃষ্টি ধোয়া সোনালি বিকেল। ম্যানহাটনের পথে গাড়ি ছুটছে। আমার জীবন পথের চলার সাথি আমাকে নিয়ে নির্দিষ্ট হাসপাতালের সামনে গাড়ি থামায়। জসিম পাশে আছে বলেই এই শহরে চলাচলে আমার কোনো অসুবিধা নেই।
-তুমি যাও। আমি গাড়ি পার্কিং পাই কিনা দেখি।
-আচ্ছা, বলে হাসপাতালের গেট দিয়ে ঢুকে নয়তলায় পৌঁছে যাই।
রুমের দরজায় রীতার নাম লেখা। রীতার দেহে অন্যজনের লিভার। মুগ্ধ হয়ে চেয়ে থাকি। দুদিন সে লাইফ সাপোর্টে ছিল। এখন সে কথা বলছে। পুরোপুরি সেরে উঠতে আরও কিছু সময় লাগবে। ধীরে ধীরে কথা বলে সদ্য লিভার সংযোজনে বেঁচে ওঠা বোনটি আমার। কেমন করে কোথা থেকে কী হলো। সবার ভালোবাসার আঁচল তাঁকে বাঁচার সাহস জুগিয়েছে। এই সময় দুজন ছেলে নার্স দরজায় এসে দাঁড়ায়। রাতের শিফটে রীতার দেখভাল করবেন তাঁরা।
হঠাৎ মনে হলো এরা মানুষ নয় অ্যাঞ্জেল (ফেরেশতা)। রোগীর জন্য এরা আশীর্বাদ। রীতা কেমন করে লিভার পেল তা জানাল। এই হাসপাতালের এক রোগী মারা গেছেন। ৫০ জন রোগী লিভারের জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু ম্যাচ হয়েছে রীতার সঙ্গে। দেরি না করে সঙ্গে সঙ্গে তা স্থাপন করা হয়। দু দিন লাইফ সাপোর্টে থাকা রীতা ধীরে ধীরে জ্ঞান ফিরে পান। আমি ওর গল্প শুনি। জড়িয়ে ধরি।
আমার হারিয়ে যাওয়া মেজো ভাইয়ার জীবন প্রদীপ সাত দিনের মাথায় নিভে গিয়েছিল। আম্মা ঢাকা মেডিকেল কলেজ থেকে ঘোড়ার গাড়িতে খোকন সোনার লাশ নিয়ে বাসায় ফেরেন। সেই পাথর চাপা কষ্ট ভাই হারানোর ব্যথা বুকে চেপে সেদিনের কিশোরী আমি, আমরা ভাই-বোনেরা বেঁচে আছি। খোকন নামের ভাইদের আমার হারিয়ে যাওয়া ভাইয়ের মতোই লাগে। ইব্রাহীম চৌধুরী ভাইকে মেজো ভাইয়ার মতো মনে করি; সম্মান করি, ভালোবাসি। রীতাকে জড়িয়ে ধরি। আমার বোন রীতা। বুকের ভেতর আনন্দ অনুভব করি; তুমি আছ। এই পৃথিবী তোমার। বোন তুমিই বিজয়ী।
রীতার বোন আছে হাসপাতালে, সার্বিক দেখাশোনা করেন তিনি। জীবনে অনেক ঝড় পেরিয়েছে ও। আমি ওর হাত ধরি। পাশে থাকার অভয় দিই। বিকেল ফুরিয়ে আঁধার নামছে। হাসপাতালের রুমটি কেমন যেন সৌরভে ভরে যায়। রীতা সবার কাছে কৃতজ্ঞতা জানায়। প্রথম আলো তাঁর পরিবারের মতো। সে খোকন ভাইয়ের কথা বলে। আহমাদ মাযহারের কথা বলে; ওর বান্ধবী সহকর্মীদের কথা বলে। ওর চোখে কৃতজ্ঞতার মায়াবী রং চিকচিক করে। জীবন এমনই। পাওয়া না পাওয়ার ব্যথা ভুলে কী পেয়েছি তার হিসাবটাই রাখে।
লুৎফুন নাহার লতার সঙ্গে কথা বলতে চাইল রীতা। রীতার অন্তর ছুঁয়ে আদরের ভালোবাসার মর্মস্পর্শী লেখা লিখেছেন লতা, যা ওর বেঁচে থাকার স্পৃহা বাড়িয়েছে। এমন করে রীতার জন্য চেনা-অচেনা মানুষের ভালোবাসা, আর দোয়ার ভান্ডার উজাড় করছে সবাই। লতা ফোনে আদর ও ভালোবাসার কথা বলে রীতাকে জড়িয়ে ধরার বাসনা জানায়। আমাকে ফিরতে হবে। বারবার রীতার দিকে তাকাই। দুই সন্তানের জননী। মা-বাবা দুটো ভূমিকাই রীতার। কুড়ি বছরের প্রবাস জীবন ওর। এত বড় একটা মারাত্মক অসুখ, লিভার নষ্ট হয়ে যাওয়া! দু দিন লাইফ সাপোর্টে থাকার পর জ্ঞান ফিরে পাওয়া—সবই সৃষ্টিকর্তার অশেষ করুণা।
তুমি ভালো থেকে। আবারও শুয়ে থাকা রীতাকে জড়িয়ে ধরি। লিফটে করে নয়তলা থেকে নিচে নামি। আঁধারে ছেয়ে গেছে শহর। গাড়িতে উঠি। জসিম জানতে চায়, ‘কেমন দেখলে?’
-খুব ভালো, আমার গলা কেঁপে ওঠে।
-কাঁদছ কেন?
-বাংলাদেশে কবে এমন আধুনিক চিকিৎসা চালু হবে?
-নিশ্চয় কোনো একদিন হবে।
-তাই বলে মৃত্যুর হাত থেকে তো সবাই রক্ষা পাবে না বাবু। রীতার আয়ু ছিল, তার জন্য বায়ু আছে।
জসিম বোঝে মেজো ভাইয়ার জন্য আমি কষ্ট পাই। হঠাৎ আমি প্রচণ্ড জোরে হেসে বলি, ‘রীতা আমার হারিয়ে যাওয়া ভাই। ওর পাশে আমি আছি। তুমি থাকবে তো?’
-কেন নয়! জসিমের ছোট জবাব।
আমার বুকের ভেতর ভূপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গানটি বেজে ওঠে।