এক ট্রাম্প ডাকলেন অপর ট্রাম্পকে

নামের সঙ্গে মিল থাকলেও ছেলেটি ট্রাম্প পরিবারের কোনো সদস্য নয়। তবুও সে আমন্ত্রণ পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে। স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট এ ভাষণ দেবেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ওয়েলিংটনের বসবাসরত ওই শিক্ষার্থী তার নামের শেষ অংশের জন্য সম্প্রতি স্কুলে নানান বিদ্রূপের শিকার হয়। হোয়াইট হাউস এক বিবৃতিতে এই বিষয়টি উল্লেখ করে বলছে, এই বিদ্রূপের বিষয়টিই আমলে নিয়েছে তারা। তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উৎসাহিত করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে আমন্ত্রণ পাওয়া এই স্কুলশিক্ষার্থীর নাম জোশুয়া ট্রাম্প। ১১ বছর বয়সী এই শিশু বিজ্ঞান ও পশুপ্রেমী। সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী।
প্রতিবেদনে বলা হয়, ফার্স্ট লেডির পাশাপাশি কংগ্রেসের ৫৩৫ সদস্য প্রেসিডেন্টের বার্ষিক এই ভাষণে নিজেদের পছন্দের অতিথিদের আমন্ত্রণ জানাতে পারেন। সে হিসেবে আমন্ত্রণের এবারের তালিকায় জোশুয়া একটি চমকই বটে।
বিবৃতিতে আরও বলা হয়, ছেলেটি বিজ্ঞান, ইতিহাস ও প্রাণীদের ভালোবাসে। ভবিষ্যতে সংশ্লিষ্ট ক্ষেত্রে তার ক্যারিয়ার গড়ার আশা আছে।