এক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া
ছবি: রয়টার্স

জাতীয় নিরাপত্তা উদ্বেগ থেকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও রুশ কূটনীতিকেরা এ তথ্য নিশ্চিত করেছেন। কূটনৈতিক নয়, এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার মিশনের সদস্যদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে রাশিয়ার এই কূটনীতিকদের বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিচার্ড মিলস বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে কূটনীতিকদের চলে যেতে বলা হয়েছে, তাঁরা এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা কূটনীতিক হিসেবে একটি দেশের প্রতিনিধিত্ব করতে পাওয়া দায়িত্ব ও বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে রুশ কূটনীতিকেরা শিষ্টাচারবহির্ভূত কী কাজ করেছেন, তার ব্যাখ্যা দেননি তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের বলেছেন, ৭ মার্চের মধ্যে তাঁদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ সৈন্যদের চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র জাতিসংঘে নিযুক্ত এক ডজন রুশ কূটনীতিকে বহিষ্কার করল।