এক ডজন সদস্য অবসরে, চিন্তায় রিপাবলিকানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার রাজনীতির চোখ এখন ২০২০ সালের নভেম্বরের দিকে। হোয়াইট হাউসের নতুন বাসিন্দা কে হচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প কি দ্বিতীয় মেয়াদে জয়ী হচ্ছেন—তা নিয়ে চলছে আলোচনা।

একই সঙ্গে কংগ্রেস ও সিনেটে নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের লড়াইয়ের ক্ষেত্রও গরম হয়ে উঠেছে। বিশেষ করে যখন এক ডজনের বেশি সংখ্যক আইনপ্রণেতা অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
অবসরে যাওয়ার অধিকাংশ ঘোষণা এসেছে রিপাবলিকান দলীয় প্রতিনিধিদের

কাছ থেকে। আগামী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়ানোর ক্ষেত্রে ডেমোক্র্যাটদের কীভাবে প্রতিরোধ করা যায়, সেই ভাবনা ছিল দলটির মধ্যে। এমন সময়ে দলীয় প্রতিনিধিদের অবসরে যাওয়ার ঘোষণা, অনেকটা উদ্বিগ্ন করে তুলেছে রিপাবলিকান নীতিনির্ধারকদের। এ পর্যন্ত হাউসের যে ১৩ সদস্য ২০২০

সালে নির্বাচন করবেন না ঘোষণা দিয়েছেন, তাঁদের ১১ জনই রিপাবলিকান। দুজন ডেমোক্রেটিক দলের সদস্য। গত কয়েক সপ্তাহে নেতাদের এসব ঘোষণা এসেছে।

অবসরের ঘোষণা দেওয়া নেতাদের একজন রিপাবলিকান দলীয় সদস্য জন সিমকাস। তিনি ইলিনয়ের ১৫তম ডিস্ট্রিক্টে ২০০৩ সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছেন। ২০১৮ সালের নির্বাচনে ৭০ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছিলেন। গত ৩০ আগস্ট বিদায়ের ঘোষণা দেন সিমকাস। অবসরের ঘোষণার সময় তিনি বলেছেন, ‘জীবনের পরবর্তী অধ্যায়ে মনোযোগ দিতে চান’ তিনি।

সন ডাফি উইসকনসিনের সপ্তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি। তিনি ডাকসাইটে ডানপন্থী রিপাবলিকান। গত ২৬ আগস্ট তিনি অবসরে যাওয়ার ঘোষণা দেন। সেপ্টেম্বরের পর থেকে আর কংগ্রেসে থাকছেন না তিনি। তাঁর স্ত্রী আবার সন্তান সম্ভবা। জটিল হার্ট কন্ডিশন নিয়ে জন্ম নিচ্ছে তাঁর সন্তান, যার প্রতি মনোযোগ দেওয়াই মূলত তার বিদায়ের কারণ, বললেন ডাফি। ২০১১ সাল থেকে তিনি উত্তর উইসকনসিনের এই ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি নির্বাচিত হওয়ার আগে এই আসনটি দোদুল্যমান হিসেবে পরিচিত ছিল। ডাফির রক্ষণশীল অবস্থানের কারণে ২০১১ সালের পর থেকে এই আসনটি রিপাবলিকানদের ঘাঁটিতে পরিণত হতে থাকে। এখন ডেমোক্র্যাটরা আবার এই আসনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠছেন।

কেনি মার্চেন্ট আরেক রিপাবলিকান। দীর্ঘ আট মেয়াদের ঝানু প্রতিনিধি তিনি। ৬৮ বছর বয়সী এই নেতা গত ৫ আগস্ট ঘোষণা দিয়েছেন, আর নির্বাচন করবেন না। দুই সপ্তাহের মধ্যে কেনি হচ্ছেন সপ্তম রিপাবলিকান প্রতিনিধি যিনি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন।

আরও যারা রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তাঁদের মধ্যে আছেন টেক্সাসের ২৩তম ডিস্ট্রিক্টের উইল হার্ড, ১১তম ডিস্ট্রিক্ট প্রতিনিধি মাইক কনওয়ে, আলাবামার মারথা রুবি, টেক্সাসের পিট ওলসন, মিশিগানর পল মিচল, ইন্ডিয়ানার কংগ্রেসওমেন সুসান ব্রুক, জর্জিয়া সপ্তম ডিস্ট্রিক্টের রব উডওল। এরা সবাই রিপাবলিকান দলীয় কংগ্রেস প্রতিনিধি। ডেমোক্র্যাটদের বিদায়ী দুই কংগ্রেসম্যান হচ্ছেন আইওয়ার প্রতিনিধি ডেইভ লোয়াবাক ও নিউইয়র্ক প্রতিনিধি হোসে সেরানো।

পাঁচজন সিনেটর ২০২০ সালের আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন, তাঁদের মধ্যে চারজনই রিপাবলিকান। ডেমোক্র্যাটরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চান। তারা গত বছরের নির্বাচনে কংগ্রেসের মতো সাফল্য আশা করছেন আসন্ন সিনেটের নির্বাচনেও।

সিনেটে ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা শুধু প্রতিরোধই করতে সক্ষম হয়েছে, তা নয়, ডেমোক্র্যাটদের দুই আসনে জয়ীও হয়েছিলেন তারা। তবে ২০২০ সালের নির্বাচন অবশ্য মধ্যবর্তী নির্বাচন থেকে ব্যতিক্রমধর্মী হবে। ডোনাল্ড ট্রাম্প ব্যালটে থাকার কারণে তার ব্যাপারে ভোটারদের প্রভাব পড়বে এই নির্বাচনে। আগাগী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে চারটি আসন পেতে হবে ডেমোক্র্যাটদের। তবে হোয়াইট হাউস তাদের দখলে চলে আসলে তিন আসন হলেই চলবে।

১২ আসনে ডেমোক্র্যাট ও ২২টিতে রিপাবলিকানরা পুনর্নির্বাচন করছেন। অধিকাংশ রিপাবলিকান আসনই রেড (রিপাবলিকান) স্টেটগুলোতে, যেখানে ট্রাম্প অতীতে জিতেছিলেন। ওই আসনগুলোর সিনেটরদের অবসরে যাওয়ার ঘোষণায় ডেমোক্র্যাটরা অনেকটা আশাবাদী।

অবসরের ঘোষণা দেওয়া সিনেটররা জর্জিয়ার রিপাবলিকান জনি আইসাকসন। মূলত স্বাস্থ্যগত কারণে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন ৭৪ বছর বয়সী। ওয়াইমিংয়ের মাইক অ্যানজি, ৭৫ বছরের এই নেতা গত মার্চে অবসরের ঘোষণা দেন। নিজের শহরে একটা জুতার দোকান আছে তাঁর। তিনি বলেন, তাঁর কোনো দিনই রাজনৈতিক অভিলাষ ছিল না। অবশ্য এই আসনটি ধরে রাখতে পারে রিপাবলিকানরা।

নিউ মেক্সিকোর টম ইউডাল। ডেমোক্র্যাট দলীয় সিনেটর ইনি। অবসরে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন গত মার্চে। ডেমোক্র্যাটরা আসনটি ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে। ইউডাল মনে করেন, তিনি আরেক মেয়াদ জিততে পারতেন। তিনি বলেন, ‘একজন আইন প্রণেতার সবচেয়ে বাজে কাজ হচ্ছে, তার আসনটিকে জনগণের নয়, তার নিজের ভাবা।’ প্যাট রবার্টস ক্যানসাসের রিপাবলিকান সিনেটর। ৮২ বয়সে অবসরে যাচ্ছেন। এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা ভালো করেছে গত মধ্যবর্তী নির্বাচনে। ২০২০ সালে এই আসনটি ডেমোক্র্যাটদের হাতে চলে যাবে, এমন গুঞ্জন রয়েছে।

টেনেসি অঙ্গরাজ্যের সিনেটর লামার আলেক্সান্ডার। শক্তিমান এই নেতা প্রায় সিকি শতাব্দী ধরে সিনেটে। স্বাস্থ্য, শিক্ষা, শ্রমসহ নানা গুরুত্বপূর্ণ সিনেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সাবেক এই রিপাবলিকান গভর্নর। অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ২০১৮ সালে। ২০২০ নির্বাচনের ব্যালটে থাকছেন না তিনিও।