এক দিনে তিন দেশ ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাতেমা হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতার অবতার। সে কোথা থেকে যেন শুনেছে যে, ভেনিসের ওই খালগুলোর পানিতে নাকি খুবই দুর্গন্ধ। তাই ওকে কোনোভাবেই ভেনিসে নিয়ে যেতে রাজি করাতে পারিনি। কিন্তু ওদের সবাইকে এভাবে ফেলে রেখে একা একা ভেনিসের মতো এত প্রসিদ্ধ পর্যটন গন্তব্যে এসে সম্পূর্ণ আনন্দটা পাচ্ছিলাম না। মনে মনে প্রতিজ্ঞা করলাম, ভেনিসে একা একা সবই করব; কিন্তু ওদের সবাইকে ফেলে স্বার্থপরের মতো ভেনিসের সবচেয়ে বড় আকর্ষণ গন্ডোলায় চড়ব না।

স্টেশনের লাগেজ রাখার বক্সে সাইড ব্যাগ হোল্ডলটা রেখে, লক করে বেরিয়ে পরলাম। ওহ ভীষণ গরম; রোদটা অত্যন্ত প্রকট। হাঁটতে হাঁটতে পঞ্চাশ গজ যেতেই পেলাম একটা ছোট বাংলাদেশি টং ধরনের দোকান। অনেক রকমারি জিনিস বিক্রি করছে; স্যুভেনির, ব্যাগ, হ্যাট থেকে শুরু করে খেলনা, শ্যাল, সেলফি স্টিক-সবই আছে এ দোকানে। দোকানদার ৩০-৩৫ বছর বয়সী এক যুবক—ফ্রেডি। অনর্গল ইতালিয়ান ভাষায় কথা বলছে। আর এই ফাঁকে আমি একটা স্ট্র জাতীয় একটা হ্যাট পছন্দ করলাম। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। লোকটার নাম ঝন্টু; বাড়ি ফরিদপুরের শরিয়তপুরে। ১৮ বছর ধরে আছে এখানে। ওই রকম আরও পাঁচটা টং দোকান আছে তার ভেনিসে। সপরিবারে বসবাস করছে এখানে; বউ, ছেলে-মেয়েরা সবাই একেকটা দোকান চালায়। বেশ ভালোই আছেন তিনি। নিজেকে একটু অপ্রস্তুত মনে হচ্ছিল। কিন্তু বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এই ভেনিসে এক বাঙালিকে দেখে বেশ গর্ব বোধ করলাম। কুশলাদি বিনিময়ের পর কিছুতেই পয়সা নিতে চাইল না। জোর করে ৮ ইউরো দিয়ে এলাম। ওর দেশপ্রেম ও আতিথেয়তা দেখে খুবই মুগ্ধ হলাম। চলে আসার সময় বলল, যাওয়ার সময় যেন আবার দেখা করে যাই। পাটালি গুড় দিয়ে বানানো তেলের পিঠা খেয়ে যেতে বলল। শুনে মনটা ভরে গেল। বাঙালির অতিথিপরায়ণতা বিশ্বখ্যাত। এ জন্যই মনে হয় বাঙালিদের রেস্তোরাঁ ব্যবসা এত সফল সবখানে।

হাঁটতে থাকলাম দুজন ভেনিসের ক্যানালের পাড় দিয়ে প্রধান সেন্ট মার্ক স্কয়ারের দিকে। থেমে থেমে আইফোন অথবা আমার প্রিয় সনি সাইবার শট ক্যামেরা দিয়ে তুলতে লাগলাম ছবি। ছবি তোলা আমার অন্যতম প্রধান শখ। এই বিল্ডিংয়ের ছবি নিই, তো আবার খালের ছবি, অথবা স্পিডবোটে করে ছুটে যাচ্ছে একদল পর্যটক-তাদের ছবি, কিংবা গন্ডোলাতে বসে আছে এক রোমান্টিক যুগল-তাদের ছবি। নিপুণ হাতে বইঠা দিয়ে নির্লিপ্তভাবে নৌকার মাঝির চাতুরী দেখি। দুই দালানের মধ্যে সরু খালের ভেতর দিয়ে কী সুন্দর করে চালিয়ে যাচ্ছে তার প্রমোদ নৌকা। ভেনিসের অন্যতম প্রধান আকর্ষণ এ নৌকা (ওদের দেশে এটা কে বলে গন্ডোলা)। একটু খারাপ লাগল নিজে চড়লাম না বলে। আমি দেখতে চাইছিলাম ওই নৌকা থেকে শহরটা কেমন দেখায়। কিছুক্ষণ পরপর একেকটা ছোট সাঁকো পড়ে, এ খাল থেকে ওই খালে, এই দালান থেকে ওই দালানে যাওয়ার জন্য।

প্রায় ১ হাজার ৬০০ বছর ধরে এই নগরী দাঁড়িয়ে আছে পানির ওপর। সেই ৪২১ খ্রিষ্টাব্দে গোড়াপত্তন হয়েছিল এ শহরের। ১১৮টি ছোট ছোট দ্বীপ জেগে উঠেছিল, হয়তোবা কোনো আগ্নেয়গিরির লাভা থেকে এই অ্যাড্রিয়াটিক সমুদ্রের শেষ পারের কিনারে। সমতল ভূমি থেকে সাগরের পানি দ্বারা বিচ্ছিন্ন। কেউ কি চায় এমন বিচ্ছিন্ন জায়গায় বাস করতে? কিন্তু জীবন মানেই সারভাইভাল ফর দি ফিটেস্ট। বর্বরদের আক্রমণ ও আগ্রাসন থেকে বাঁচার জন্য এই দ্বীপমালায় ধীরে ধীরে বসতি গড়ে ওঠে। কিন্তু সমস্যা দেখা দিল জায়গার স্বল্পতা ও পানির এত কাছে টেকসই আবাস গড়ে তোলা নিয়ে। বর্বররা পদাতিক আগ্রাসনে পটু ছিল। সেই আমলে ওরা নৌকেন্দ্রিক চলাচলে পারদর্শী ছিল না। তাই এই দ্বীপমালায় বসতি গড়া মানুষেরা বর্বরদের তীক্ষ্ণ তরবারির কোপ থেকে রক্ষা পায়। তারপর সেই জনগণ আস্তে আস্তে গড়ে তোলে এই বিশাল নগরী, যেখানে এখন প্রতি বছর আড়াই কোটি পর্যটক পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়াতে আসে। জাহাজে করে, প্রমোদতরী নিয়ে, প্লেনে করে আসা মানুষে বারো মাসই এখানে থাকে লোকারণ্য।

এই জল ও দালানের মিলিত রূপই ভেনিসের আসল সৌন্দর্য
এই জল ও দালানের মিলিত রূপই ভেনিসের আসল সৌন্দর্য

জলাশয়ের মধ্যে কাঠের স্তম্ভ ফেলে তার ওপর পাটাতন বানিয়ে গড়া হয় ভবনগুলোর ভিত্তি, যার ওপর নির্মাণ দাঁড়িয়ে আছে প্রাসাদতুল্য অট্টালিকাগুলো। থরে থরে সাজানো দালানগুলো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সেই সব কাঠের স্তম্ভগুলো সেই মধ্যযুগের মিস্ত্রিরা এতই সুনিপুনভাবে তৈরি করেছে, যা ভেদ করে ওই দালানের নিচে পানি প্রবেশ করতে না পারে। কাঠ সচরাচর পানিতে পচে না। এখন অনেক দালানের ভিত্তির কাঠের বয়স এক হাজার বছরেরও বেশি।

এখানে প্রথম আসা সেই পলাতকেরা জলবন্দী এলাকায় মৎস্যজীবীদের সঙ্গে বসবাস করতে থাকে। ক্রমান্বয়ে আরও মানুষ আসতে থাকে বর্বর আগ্রাসন থেকে বাঁচার জন্য। তখন দেখা দেয় স্থানাভাব। সবাই মিলে ওই সমুদ্রের উপহ্রদে কাটে অনেকগুলো সংযোগ খাল। ধীরে ধীরে গড়ে তোলে কাদায় পরিপূর্ণ ওই জলাভূমিতে এক বিশাল জনপদ। ভরা জোয়ারের সময় অ্যাকুয়া আলটার কারণে প্রায়ই এই নগরী প্লাবিত হয়। আজ অনেকেই ভেনিসকে নিমজ্জিত শহর বলে ডাকে। কিন্তু সত্য হচ্ছে, দালানের ভিতে জমা কাদা ও ময়লাই জমাট বেঁধে মূল শক্ত ভিতটি তৈরি করেছে, যার ফলে দালানগুলো এখনো দাঁড়িয়ে আছে। যদিও গত ১০০ বছরে এই শহর প্রায় নয় ইঞ্চির মতো মাটিতে দেবে গেছে। বিশেষজ্ঞেরা মনে করছেন, ২০২১ সাল নাগাদ অ্যাড্রিয়াটিক সাগরের এই উপহ্রদ প্রায় নিমজ্জিত হয়ে যেতে পারে। এই শহর দেখে রাশিয়ান নামকরা এক লেখক আলেক্সান্ডার হেরযেন একদা বলেছিলেন, ‘যেখানে শহর বানানো সম্ভব নয়, সেখানে শহর বানানো পাগলামি। আর ওই জায়গায় সবচেয়ে মার্জিত ও এমন মহীয়ান নগরী বানানোটা একটা প্রতিভাবান পাগলামির কাজ।’

জীবনের প্রথম আমি এই রকম নগরী অবলোকন করেছিলাম। আর প্রতি মুহূর্তেই হারিয়ে যাচ্ছিলাম চিন্তার অতল গর্ভে। কীভাবে সম্ভব এমন কিছু বানানো সেই ১৬০০ বছর আগে। অনেক গলি, চত্বর, দালান, কোঠা, নদীনালা, ফুটব্রিজ, সাঁকো, মূর্তি, ম্যুরাল, গির্জা, সিনেগগ দেখতে দেখতে হাজির হলাম সেন্ট মার্ক চত্বরে। ভেনিসের প্রধান মাঠে যেখানে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী সেইন্ট মার্কের গির্জা। এটা শুধু চার্চ বা গির্জাই নয়; এটাকে বলে ব্যাসিলিকা (রাজপ্রাসাদ)। তার মানে হচ্ছে রোমান ক্যাথলিকদের এ গির্জা একটি প্রধান উপাসনালয়, যেখানে এ প্রদেশের প্রধান ধর্মীয় যাজকের আসন। একটি অপরূপ প্রাসাদসম দালান এটা, যা নাকি ইতালীয়, বাইজেন্টাইন স্থাপত্য শিল্পের একটি উদাহরণ। চোখ জুড়িয়ে যায় এই বাসিলিকার অপূর্ব কারুকাজখচিত নির্মাণশৈলী দেখে।

নিজের অজান্তেই হারিয়ে গিয়েছিলাম; একটা কোমল কণ্ঠে ভেঙে গেল তা। পাশে দাঁড়িয়ে এক অপরূপা মহিলা প্রশ্ন করলেন, আমি তাঁর কয়েক টা ছবি তুলে দিতে পারব কিনা? অত্যন্ত নম্রতার সঙ্গে উত্তর দিলাম, ‘অবশ্য।’ গোটা ত্রিশ ছবি তুলে দিলাম। তিনি একা এসেছেন আর্জেন্টিনা থেকে প্রমোদতরীতে করে; সঙ্গে মা-বাবা। তরী ভিড়েছে ভেনিসের তীরে। আজ সকালে আবার যাত্রা শুরু করবে ক্রোয়েশিয়ামুখে। মা-বাবা অনেক বয়সী; তাঁরা ক্লান্ত হয়ে জাহাজে ফিরে গেছেন ঘণ্টাখানেক আগে। আর তিনি একা সারা রাত কাটাবেন রাতের ভেনিসে। কিছুক্ষণ আগে তাঁর সেলফি স্টিক পানিতে পড়ে গেছে। অগত্যা আমার শরণাপন্ন হতে হয়েছে।

কুশল বিনিময়ের সময় নাম জানলাম, জুলিয়েটা; বুয়েনেস আইরেসে থাকেন। চাকরি করেন মার্চেন্ট ব্যাংকে। আমি যখন বললাম, আমি লন্ডনে থাকি; বললেন, তিনি খুব শিগগিরই লন্ডন যাবেন বেড়াতে। তাঁর খুব শখ স্কটল্যান্ড ও লন্ডন শহর দেখার। আমি বললাম লন্ডন এলে যোগাযোগ করতে। ফ্রেডি আমার মিলিটারি পরিচয় ওকে বলল। কথা প্রসঙ্গে এও বলল যে, ওর বাবা ফকল্যান্ড যুদ্ধের সময় আর্জেন্টাইন আর্মিতে লেফটেন্যান্ট ছিলেন এবং ওই যুদ্ধে ওর বাবা ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়ে রেডক্রসের মাধ্যমে ছাড়া পেয়েছিলেন তিন মাস পর। তখন ওর বয়স দু বছর। আমিও বললাম আমি তখন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত লেফটেন্যান্ট হওয়ার জন্য। এসব বলতে বলতেই ফ্রেড এসে বলল, ‘চলেন আইসক্রিম খাই।’ আমি সায় দিলাম। ও জুলিয়েটাকেও আমন্ত্রণ জানাল।

ফ্রেডিকে গেয়ে শোনালাম, ‘ওই জলকে চলে লো কার ঝিয়ারি রূপ ছাপে না তার নীল শাড়ি’—দুজনই অনেকক্ষণ মন খুলে হাসলাম। মহিলাটা জিজ্ঞেস করল, কেন আমরা এত জোরে হাসছি? নজরুল ইসলামের ওই কবিতা মার্চেন্ট অব ভেনিসের মতো ইংরেজিতে অনুবাদ করে শোনালাম। শুনে বেশ সংকুচিত হয়ে লজ্জা পেল যেন জুলিয়েটা। আজেবাজে বকতে বকতে একটা বেশ নামী হোটেলের লবিতে ঢুকে গেলাম আমরা। লবির শেষ প্রান্তেই আইসক্রিম পারলার। হোটেলে লবি দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। চল্লিশ-পঞ্চাশ ফুট ওপর থেকে ঝুলছে ঝাড়বাতিগুলো। ওক কাঠের চকচকে বার্নিশে করা কাঠের প্যানেল দিয়ে ঘেরা দেয়াল। ভেনিসের বিশ্বখ্যাত বড় চামড়ার সোফা আছে বেশ কয়েকটা। পিতলের দরজার হ্যান্ডেলগুলো চকচক করছে, যেন এই মুহূর্তেই কেউ এগুলো পলিশ করে দিয়ে গেছে। সব অতিথি নিচু গলায় কথা বলছে। লবির আরেক প্রান্তে এক বিশাল পিয়ানোর সামনে বসে মনের সুখে লুচিয়ানো পাভারতির সেই প্রসিদ্ধ ইতালিয়ান অপেরা টেনরের ‘চে গেলিদা মানিনা’-গানটা বাজাচ্ছে। অপূর্ব পরিবেশ।

একটি খালি সোফায় বসলাম। অপেক্ষা করলাম ওয়েটারের জন্য। প্রথমে কথা সে-ই শুরু করল। অনেক গল্প করলাম। তিনটি আইসক্রিম অর্ডার দিলাম। সঙ্গে জুলিয়েটাকে এক গ্লাস লার্জ ইতালিয়ান কিয়ানতি ক্লাসিকো রেড ওয়াইন অফার করলাম। সে খুব আশ্চর্য হলো আমি ওয়াইন না নেওয়ায়। ফ্রেডি নিল একটা বিয়ার। আমি শুধু বাদামবিহীন লেবু ফ্লেভারের আইসক্রিম খাচ্ছি। ফ্রেডি ওকে বোঝাল যে, আমি রেস্তোরাঁ ও ওয়াইনবারের মালিক ছিলাম এক সময়। তাই আমার ইতালিয়ান ও আর্জেন্টাইনসহ সব দেশের ওয়াইন সম্পর্কে অগাধ জ্ঞান আছে। যদিও আমি নিজে কখনো ওয়াইন পান করি না।

ছয়-সাত গ্লাস ওয়াইন ও ফ্রেডির বিয়ার প্রায় ৫টা তে যখন চলছে, তখন বিল মিটিয়ে বের হয়ে এলাম। দিব্যি হেঁটে বেড়াতে লাগল জুলিয়েটা। কথার ফুলঝুরি তার মুখে। অনর্গল কথা বলতে লাগল। নিয়নবাতির আলোয় ওর মুখটা লাগছিল অপ্সরাদের মতো। যখন প্রাণখুলে হাসছিল, তখন রাতের আলোয় ওর দাঁতগুলোকে মনে হচ্ছিল যেন সাগরপারের মুক্তো। সে বেশ টলটলায়মান। মনে হলো ফ্রেডি আবার এসব ব্যাপারে ওস্তাদ। ঘড়িতে রাত প্রায় ১০টা তখন। ফ্রেডি বলল, ‘চলেন সলিড কোনো খাবার খাই। তাহলে ও প্রকৃতিস্থ হয়ে যাবে। তিনজন মিলে ডিনার করলাম একটা জিউইশ কোশার রেস্টুরেন্টে। দারুণ মজার হমুস, আর ব্রেইসড কর্ন বিফ ব্রিস্কেট খেল। সঙ্গে আলু ও সালাদ। ব্রেড তো ছিলই।

খেতে খেতে সময় শেষ হয়ে এল। এবার বিদায় নেওয়ার পালা। সমুদ্রের মধ্যে ওর বিশাল নয়তলা প্রমোদ জাহাজে একটা স্পিডবোট ভাড়া করে গেলাম। জাহাজে উঠিয়ে দিয়ে এলাম। বিদায়ের রেওয়াজমতো মৃদু চুম্বন দিয়ে বিদায় নিলাম, ভবিষ্যতে লন্ডনে দেখা হওয়ার প্রতিজ্ঞায়। বিজনেস কার্ড বিনিময় করলাম এবং ফেসবুকে যোগ করলাম বন্ধু হিসেবে। আমরা আরও ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করলাম সমুদ্রতটে। রাতের আলোয় স্পিড বোট থেকে আলোকিত ভেনিস নগরীর রূপে পাগলপ্রায় আমি। দু চোখ জুড়িয়ে দেখলাম এই অপূর্ব ঐতিহাসিক নগরী।

ইতিহাসের পাতায় পাতায় কতবার যে হোঁচট খেয়েছি এই নগরীর গল্পের কাছে! সেই রোমান আমলের পর মধ্যযুগে মার্কো পোলোর বই ‘ট্র্যাভেলস অব মার্কো পোলো’তে— তিনি কীভাবে বাংলায় বানানো মসলিন দেখেছিলেন দামাস্কাসে, অটোমান সাম্রাজ্যের সময় ভেনিসের প্রসিদ্ধ প্রকাশক আলাসেন্দারো পাগানিনি ১৪-১৫ শতকে পবিত্র কোরআন ছাপাত এই ভেনিসে, পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ কাচের শিল্প গড়ে উঠেছিল এই নগরীতেই, এখানেই শুরু হয় ভেনিশীয় গ্লাস ও অরনেট কাচের যাত্রা।

রোমান্টিক নগরীকে আস্তে আস্তে পেছনে ফেলে যাচ্ছে আমাদের ওয়াটার ট্যাক্সি। প্রধান ক্যানেল ধরে একের পর এক ব্রিজের নিচ দিয়ে ভেনিস ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি আমরা। রাতের আলোয় জলে ওঠা ঢেউয়ে প্রতিফলিত হচ্ছে আলোর ধারা। এভাবেই ক্রমশ পারে নোঙর করা পন্টুনে এসে থেমে গেল আমাদের ওয়াটার ট্যাক্সি। তড়িৎ উঠে গেলাম স্টেশনে। ট্রেন ছাড়তে তখন ১ মিনিট ৯ সেকেন্ড বাকি। লকার খুলে হোল্ডলটা কাঁধে নিয়ে দৌড়ে গেলাম প্ল্যাটফর্মে। স্ক্যানারে টিকিটের গন্ধ শুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আলাউদ্দিন আর চল্লিশ চোরের মতো দরজাটা সিসিম ফাঁকের মতো খুলে গেল। আর আমরা দুজন হুমড়ি খেয়ে ট্রেনে উঠে পড়লাম পারদোনোনা যাওয়ার উদ্দেশ্যে। বিদায় ভেনিস। (চলবে)