এক দিনের জন্য গেটসের স্থান দখল করলেন বার্নার্ড আর্নল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল গেটস
বিল গেটস

মোট সম্পদের হিসাবে এক দিনের জন্য বিল গেটসকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হয়েছিলেন বার্নার্ড আর্নল্ট। ৬ নভেম্বর এ ঘটনা ঘটে। অবশ্য নিজের স্থানটি পুনরুদ্ধার করতে এক দিনের বেশি সময় নেননি গেটস।
বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের র‌্যাঙ্ক অনুযায়ী, ৬ নভেম্বর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১০৭ বিলিয়ন ডলার হয়েছিল। সে সময় বিল গেটসের সম্পদের পরিমাণ ছিল ১০৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। ফলে দ্বিতীয় অবস্থানটি আর্নল্টের কাছে ছেড়ে দিতে হয় গেটসকে। অবশ্য পরদিনই ১০৬ বিলিয়ন ডলারে নেমে আসে আর্নল্টের সম্পদের পরিমাণ। তবে দুজনের সম্পদের ব্যবধান এখনো মাত্র ৮০০ মিলিয়ন ডলার হওয়ায় তালিকায় অদল-বদলের ঘটনা আবারও ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
গত মার্চ মাসে প্রকাশিত ফোর্বসের শীর্ষ ধনী তালিকায় আর্নল্টের আকাশছোঁয়া সম্পদের পরিমাণের তথ্য প্রকাশের পর তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়তে থাকে। প্যারিস-ভিত্তিক বিলাসবহুল সামগ্রীর সমাহার এলভিএমএইচের শেয়ারের দাম ৩৩ শতাংশ বেড়েছিল সে সময়। এই ঊর্ধ্বগতির পথ ধরেই এক দিনের জন্য তালিকায় বিল গেটসকে টেক্কা দেন আর্নল্ট। অবশ্য পরদিনই ইউরোনেক্সট প্যারিস এক্সচেঞ্জে এলভিএমএইচের শেয়ারের দশমিক ১৭ শতাংশ কমে। ফলে ৬ নভেম্বর আর্নল্টের নিট সম্পদ ১ বিলিয়ন ডলার কমে যায়।

বার্নার্ড আর্নল্ট
বার্নার্ড আর্নল্ট

বিল গেটস ইতিমধ্যে তাঁর মাইক্রোসফটের বেশির ভাগ শেয়ার বিক্রি করে দিয়েছেন। তাই একই দিনে মাইক্রোসফটের শেয়ারের দাম কমলেও তা গেটসের সম্পদের পরিমাণে তেমন প্রভাব ফেলেনি।
এর পরদিনই আবার ওলটপালট হয় তালিকাটি। একটানা দুই বছর বিশ্বের শীর্ষ ধনীর তকমা ধরে রেখেছিলেন আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। শেয়ারবাজারে আমাজনের বড় ধরনের পতন হয়। এতে আবারও ধনীর তালিকায় শীর্ষে উঠে আসেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিল গেটস।
ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ নভেম্বর নিউইয়র্কের শেয়ারবাজারে ৭ শতাংশ দরপতন হয় আমাজনের। এতে বেজোসের মোট সম্পদের পরিমাণ কমে ১০৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। অন্যদিকে, বহু বছর শীর্ষ ধনীর তকমা ধরে রাখা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ একই সময়ে ছিল ১০৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, ১৯৮৭ সালে প্রথমবার শীর্ষ ধনীদের তালিকায় প্রবেশ করেন বিল গেটস। ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত ফোর্বসের তালিকা অনুযায়ী ১২ বার শীর্ষ ধনীর তকমা পান তিনি। এর বাইরে সব সময়ই শীর্ষ তিনের মধ্যেই থেকেছেন। তবে বিল গেটস তাঁর দাতব্য প্রতিষ্ঠানে ৩৫ বিলিয়ন ডলার দান করলে সম্পদের পরিমাণ অনেকটা কমে যায়।