এক নতুন পৃথিবী দেখার প্রত্যাশা
বিশ্ব আজ থমকে আছে এক দানবীয় ভাইরাসের কাছে। এক মাস পার হয়ে গেল; আজও জানি না কবে ঘর থেকে বের হতে পারব, কখন নিশ্বাস নিতে পারব খোলা হাওয়ায়, আকাশ দেখতে পারব, দেখতে পারব এই বিশ্বের অপরূপ সৌন্দর্য। শুধু ভয় স্বজন হারোনোর। প্রতিনিয়ত আছি এক অজানা আশঙ্কায়। সারা বিশ্ব আজ লকডাউনে। এই ডিজিটাল যুগেও আমরা কত অসহায় প্রকৃতির কাছে। প্রকৃতি কি আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে? মানবজাতি অনেক আগেই মহাকাশে নিজের অস্তিত্বের জানান দিয়ে রেখেছে। অথচ এই যে করোনাভাইরাস, এর কোনো প্রতিষেধক আজও আবিষ্কার করা গেল না। চার মাস পার হয়ে গেল। অথচ এখনো দেখা মেলেনি সেই কাঙ্ক্ষিত ভ্যাকসিনের।
আর কত অপেক্ষা? মানবজাতি বিলীন হয়ে গেলে আমরা প্রতিষেধক দিয়ে কী করব? আশার কথা হলো, ৭৫টি দেশে স্বাস্থ্য গবেষকেরা অবিরাম গবেষণা চালিয়ে যাচ্ছেন। হয়তো অচিরেই ভ্যাকসিন পেয়ে যাব আমরা। দুঃখ হলো এই ভ্যাকসিন পেতে পেতে আরও অনেক প্রাণ হয়তো ঝরে যাবে। অনেক পরিবার আক্ষরিক অর্থেই শেষ হয়ে যাবে হয়তো।
আজ যারা বিশ্বব্যাপী সামনের সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছেন, সেই সাহসী স্বাস্থ্যকর্মী ও আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অনেকেই। হয়তো এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। অনেক দেশেই দেখা দেবে খাদ্যাভাব। শুরু হবে দুর্ভিক্ষ, অভাব–অনটনে বেড়ে যাবে অপরাধপ্রবণতা, ঘটবে অনেক নৃশংসতা, সব মিলিয়ে সারা বিশ্বে যে মন্দার পদধ্বনি পাওয়া যাচ্ছে, তা থেকে শেষ পর্যন্ত উত্তরণ কীভাবে হবে, তা আমরা কেউ জানি না। নিশ্চিতভাবে বলা যায় এই মহামারি পর্ব শেষে নতুন এক বিশ্বের দেখা পাব আমরা। সেখানে হয়তো আজকের পৃথিবীর মতো এমন জাতি–ধর্ম–বর্ণে এসব ব্যবধান থাকবে না। এক মানবিক পৃথিবীতে মানুষেরা একাকার হয়ে যাবে। আমরা আশাবাদী। মহামারি পরবর্তী বিশ্বকে এক মানবিক বিশ্ব হিসেবে গড়ে তুলবে আজকের নতুন প্রজন্ম। জয় হোক শান্তিময় বিশ্বের।