এক পরিবারের পাঁচজনের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সিংকিং স্প্রিং শহরতলিতে গত শনিবার তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এটা আত্মহত্যা এবং খুনের ঘটনা হতে পারে।  

সিংকিং স্প্রিংয়ের অবস্থান ফিলাডেলফিয়া থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করেছে। স্থানীয় সরকারি আইন কর্মকর্তা জন অ্যাডামস বলেন, নিহত ব্যক্তিদের নাম মার্ক শর্ট, তাঁর স্ত্রী মেগান এবং তিন শিশুসন্তান লিয়ানা, মার্ক ও উইলো। প্রত্যেকের মৃত্যু হয়েছে বন্দুকের গুলির আঘাতে।

নিহত পাঁচজনের কারও বয়স প্রকাশ করা হয়নি। তবে সংবাদমাধ্যম বলছে, সবচেয়ে ছোট শিশুটি উইলো এবং তার বয়স তিন বছরের কম। উইলোকে নিয়ে ২০১৪ সালের অক্টোবরে স্থানীয় রিডিং ইগল পত্রিকা একটি প্রতিবেদন ছেপেছিল। কারণ, মাত্র এক সপ্তাহ বয়সে তখন তার হৃদ্‌যন্ত্র প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করা হয়।

এনবিসি জানায়, শনিবার বেলা তিনটার দিকে ওই পরিবারের সদস্যদের গুলি করা হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।