এক বছরে নিউইয়র্কে ৬.৬ মিলিয়ন ডলারের অবৈধ তামাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক অঙ্গরাজ্যে চলতি বছর মোট ৬ দশমিক ৬ মিলিয়ন ডলারের অবৈধ তামাক জব্দ করা হয়েছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। আগের বছরের জব্দকৃত তামাকের চেয়ে এবার এক মিলিয়ন ডলার বেশি মূল্যমানের তামাক জব্দ হয়েছে। ২৬ ডিসেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য জানান। 

নিউইয়র্ক ডেইলির প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালে অবৈধ তামাকের বিরুদ্ধে কার্যক্রম জোরদারে পদক্ষেপ নেন গভর্নর কুমো। ২০১৬ সালে এ কার্যক্রম ব্যাপক বেগবান হয়। ওই বছর ২ লাখ ৬০ হাজার অবৈধ সিগার জব্দ করা হয়েছিল। এ বছর এর সঙ্গে এ পরিমাণ বেড়ে দেড় মিলিয়ন ছাড়িয়েছে। আর কর ফাঁকি দিয়ে আনা ৪৭ হাজার কার্টন সিগারেটও জব্দ করা হয়েছে। অবৈধভাবে তামাক ও সিগার চোরাচালানের দায়ে এ বছর ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে অ্যান্ড্রু কুমো বলেন, ‘এই অবৈধ কর্মকাণ্ড শুধু বৈধ ব্যবসার পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে না, এটি করদাতাদের ওপরও বাড়তি চাপ তৈরি করছে। কারণ এর মাধ্যমে বিপুল অর্থ করজাল থেকে বেরিয়ে যাচ্ছে, যা করদাতাদের বিভিন্ন সেবায় ব্যবহার করা যেত।’