নিউইয়র্ক নগরের ব্রঙ্কসে প্রায় এক বছর আগে খুন হওয়া দুই নবজাতক শিশুর মৃত্যু রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। জন্মের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে খুন হওয়া অজ্ঞাতনামা ওই দুই শিশুর মরদেহ গত ২৫ সেপ্টেম্বর সমাহিত করা হয়েছে। ব্রঙ্কসের গানহিল এলাকার ফিউনারেল হোমে পুলিশ কর্মকর্তারা আবেগঘন অভিবাদন জানিয়ে শিশু দুটির শেষকৃত্য সম্পন্ন করেন।
২০২০ সালের নভেম্বরে ব্রঙ্কসের কলেজ অ্যাভিনিউ এলাকায় কাগজে মোড়ানো দুই শিশুর মরদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে মৃত দুই শিশুকে জন্মের পরই হত্যা করার প্রমাণ পাওয়া গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ বিভাগ গত এক বছর তদন্ত করেও এ হত্যা রহস্য বা শিশু দুটির পরিচয় বের করতে পারেনি।
শেষকৃত্য অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারাই শিশু দুটির নাম দিয়েছেন জ্যাইক ও জেইন। পুলিশের চৌকস দল অন্তিম অভিবাদন জানিয়ে মৃতদেহ সমাহিত করেছে। জানানো হয়েছে, মৃত শিশু দুটির কবর দেওয়ার মধ্য দিয়েই এ হত্যাকাণ্ডের কবর রচিত হচ্ছে না। তদন্ত চলমান এবং নবজাতকের হত্যাকারীকে খুঁজে বের করা হবে। এ হত্যাকাণ্ডের কোনো তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর জন্য নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। নিউইয়র্ক পুলিশ এ জঘন্য অপরাধের তথ্য দাতাকে ১০ হাজার ডলার পুরস্কার দেবে বলেও ঘোষণা দিয়েছে।
তদন্তে কাজে নিয়োজিত পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় প্রিসিঙ্কটের পুলিশ কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি ছিল জ্যাইক এবং জেইনের শেষকৃত্য অনুষ্ঠানে। তদন্তকাজে নিয়োজিত গোয়েন্দা কর্মকর্তা শামিকা টমাস বলেছেন, শিশু দুইটির পরিবারের খোঁজ মেলেনি। আমরাই নিষ্পাপ শিশু দুটির পরিবার। জনসমাজের লোকজনও শিশু দুইটির অকাল মৃত্যুতে আবেগ দেখিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠানে লোকজনের ব্যাপক উপস্থিতির কথা তিনি উল্লেখ করেন।