এক মঞ্চে হাজার বছরের কবিতা ও গান

মোর্শেদ খান অপুর অনবদ্য সেতার বাদনের মাধ্যমে শুরু হলো অনুষ্ঠান। চারদিকে ছড়িয়ে পরা ঝংকার যেন সৃষ্টি করল কালহীন, নিস্তব্ধ এক সময়ের। বাংলা ভাষার প্রথম সাহিত্য চর্যাপদ, যার প্রথম কবি লুইপা বা লুইপাদানাম। তাঁর লেখা কবিতার বৃন্দ আবৃত্তি হলো। চর্যাপদ থেকে আধুনিক কবিতা। সব মিলল এক আয়োজনে। এপ্রিল ছিল কবিতার মাস। তারই ধারাবাহিকতায় ৬ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পিএস সিক্সটি নাইন স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলার কবিতা, বাংলার গান’ শীর্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন ফারুক ফয়সল আর নির্দেশনায় ড. নজরুল ইসলাম। হাজার বছর ধরে চলে আসা বাংলা কবিতার বিবর্তন ও বাংলা গানের ইতিহাস বন্দনা তিন ঘণ্টার অনুষ্ঠানে ধারণ করার চেষ্টা। চর্যাপদের পরে রাধাকৃষ্ণ নিয়ে কীর্তন গেয়ে শোনালেন কাবেরী দাশ। মধ্যযুগের বর্ণনায় এল বৈষ্ণব পদাবলি। যার অন্যতম প্রধান কবি চণ্ডীদাস। তাঁর কবিতার পরে এল ব্রজবুলির কবি বিদ্যাপতির কথা। বিদ্যাপতির গান গেয়ে শোনালেন প্রবীণ সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। ‘বঙ্গবাণী’র মতো অসামান্য এক কবিতা লিখেছিলেন শেখ আবদুল হাকিম সেই সময়ে। যে কবিতার স্তবক এখনো মানুষের মুখে মুখে ফেরে। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’-এমন সব মহৎ বাণীর সৃষ্টিও কাছাকাছি সময়ের।
মধ্যযুগের আরেক অমর সৃষ্টি ময়মনসিংহ গীতিকা। মধ্যযুগের শেষভাগে এল রাম প্রসাদী গান। ‘মন রে কৃষিকাজ জান না/এমন মানবজমিন রইল পতিত/আবাদ করলে ফলতো সোনা’—এমন উচ্চমার্গীয় ভাবের গান রচিত হয়েছিল সেই সময়। এরপর একে একে শাক্ত পদাবলি, নিধু বাবুর টপ্পা, সুফিবাদের গান। এই পর্যায়ে আসেন লালন শাহ। ‘বাড়ির কাছে আরশিনগর’ ও ‘লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার’—গান দুটি মোহিত করে দর্শকদের।
এর পরেই এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ। রবীন্দ্রনাথের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আবৃত্তি করেন শাহরিয়ার তৈমুর। আর নৃত্য পরিবেশন করেন সেমন্তী ওয়াহেদ। ‘কিছু বলবে বলে এসেছিলে’ ও ‘এই লভিনু সঙ্গ তব’ রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান গেয়ে মুগ্ধ করেন শফি চৌধুরী হারুন। অতুল প্রসাদের গান গেয়ে শোনান মুত্তালিব বিশ্বাস। এভাবে চর্যাপদ থেকে শুরু হয়ে কবিতা পাঠ চলল আধুনিক কালের রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ পর্যন্ত।
২০১৬ সালের নভেম্বরে মঞ্চে উপস্থাপিত হাজার বছরের বাংলা কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘কালের অমৃতধারা’র ধারাক্রমে এবারের পরিবেশনায় সংগীতকে যুক্ত করায়, প্রাচীন ও মধ্যযুগ ঠিক রেখে আধুনিক কালে এসে সময় সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র বাংলাদেশের কবিতা ও গানের মাঝে আয়োজকদের সীমিত থাকতে হয়েছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বিষয় উপস্থাপনের প্রতিশ্রুতি রেখেছেন তাঁরা।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন—শরফুজ্জামান মুকুল, ক্লারা রোজারিও, মিজানুর রহমান বিপ্লব, আবীর আলমগীর, সেমন্তি ওয়াহেদ, হোসেন শাহরিয়ার তৈমুর, দুররে মাকনুন নবনী ও তাহরিনা পারভীন প্রীতি। সংগীত পরিবেশনায় ছিলেন মুত্তালিব বিশ্বাস, কাবেরী দাশ, শফি চৌধুরী হারুন, শাহ মাহবুব, জীবন বিশ্বাস ও তনিমা হাদী। এ ছাড়া তবলায় পিনাক পানি গোস্বামী, কী বোর্ডে মাসুদ রানা, বাঁশিতে রেজাউল করিম, মন্দিরায় শহীদ উদ্দীন। আখতার আহমেদ রাশার করা মঞ্চ পরিকল্পনা সবাইকে মুগ্ধ করেছে। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তানভীর শাহীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান, লেখক বেলাল বেগ, সাংবাদিক মনজুর আহমেদ, সৈয়দ মাহমুদউল্লাহ, অভিনেত্রী রেখা আহমেদ প্রমুখ।