এক মঞ্চে ৫ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট এক মঞ্চে। (বাঁ থেকে) জিমি কার্টার, জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও বিল ক্লিনটন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য গতকাল শনিবার টেক্সাসে আয়োজিত কনসার্টে হাজির হন তাঁরা। ছবি: এএফপি
সাবেক পাঁচ মার্কিন প্রেসিডেন্ট এক মঞ্চে। (বাঁ থেকে) জিমি কার্টার, জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও বিল ক্লিনটন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য গতকাল শনিবার টেক্সাসে আয়োজিত কনসার্টে হাজির হন তাঁরা। ছবি: এএফপি

আমেরিকার উপকূলে এ বছর আঘাত হেনেছে একের পর এক ঘূর্ণিঝড়। এসব ঘূর্ণিঝড়ে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াতে ২১ অক্টোবর টেক্সাসে আয়োজন করা হয় কনসার্টের, যেখানে এক মঞ্চে দাঁড়িয়েছিলেন আমেরিকার পাঁচ সাবেক জীবিত প্রেসিডেন্টের সবাই। আর ভিডিও বার্তার মধ্য দিয়ে এতে যোগ দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
আমেরিকায় আয়োজিত কোনো অনুষ্ঠানে এক সঙ্গে সব সাবেক প্রেসিডেন্টের জড়ো হওয়া বিরল এক ঘটনা। ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এ কনসার্ট সেই বিরল ঘটনারই জন্ম দিল। টেক্সাসের এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের রিড অ্যারেনায় ২১ অক্টোবর আয়োজিত ‘ডিপ ফ্রম হার্ট: দা ওয়ান আমেরিকা আপিল’ শীর্ষক কনসার্টের মঞ্চে দাঁড়ালেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ সিনিয়র ও জিমি কার্টার। আমেরিকান মানুষের পাশে দাঁড়াতে সাবেক এ প্রেসিডেন্টদের এক মঞ্চে দাঁড়ানোর ঘটনাকে ‘অসাধারণ’ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প তাঁর ভিডিও বার্তায়।
ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘চলতি বছরে একের পর এক ঘূর্ণিঝড় ও দাবানলের মুখে আমেরিকানরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, যাকে আমি সম্মান জানাই। এসব সাহসী আমেরিকানের পাশে দাঁড়াতে আমার পূর্বসূরিরা যে উদ্যোগ নিয়েছেন, তা অসাধারণ। প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাকে তাঁদের এ সহযোগিতার জন্য আমি ও মেলানিয়া গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এ অসাধারণ উদ্যোগ শুধু এই কথাই মনে করিয়ে দিচ্ছে যে, ঈশ্বরের রাজত্বে পারস্পরিক নিবেদন ও অভিন্ন মূল্যবোধের সমন্বয়ে সত্যিই আমরা একটি ঐক্যবদ্ধ একক জাতিসত্তা।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ত্রাণ ও উদ্ধারকাজে অংশ নিতে পারাকে ট্রাম্প নিজের জন্য সম্মানের বলে মনে করছেন। এই কঠিন সময়ে ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে দাঁড়াতে তিনি সব আমেরিকানের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ এ কনসার্টে সংগীত পরিবেশন করেন লাইলে লোভেট, রবার্ট আর্ল কিন, স্যাম মুর ও ইয়োলান্ডা অ্যাডামসের মতো শিল্পীরা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কান্ট্রি মিউজিকের জনপ্রিয় শিল্পী লি গ্রিনউড। পূর্ব নির্ধারিত না হলেও কনসার্টে এসে যোগ দেন লেডি গাগা। এ বিষয়ে এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘দুর্যোগের মুহূর্তে সব মতবিরোধকে পাশ কাটিয়ে এক সঙ্গে মানবতার পাশে এসে দাঁড়ানোর মতো সুন্দর আর কিছু হতে পারে না।’
অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ বলেন, ‘প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ঘুরে দাঁড়ানোর পথটাকে যদি অনিঃশেষ বলে মনে হয়, তবুও তারা জানুক যে, সে যাত্রায় আমরা তাদের সঙ্গেই থাকব সব সময়।’
সিনিয়র বুশের উদ্যোগে গৃহীত স্বেচ্ছাসেবামূলক প্রকল্পের প্রশংসা করে সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি আমাদের সামনে উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক যেমনটা করেছেন ফার্স্ট লেডি বারবারা বুশ।
নিজের বাবার প্রশংসা করেছেন জুনিয়র বুশও। তিনি বলেন, ‘এখানে উপস্থিত সবার পক্ষ হয়েই আমি বলছি যে, আমরা সত্যিই জর্জ এইচ ডব্লিউ বুশকে ভালোবাসি।’
অনুষ্ঠানে জিমি কার্টার বলেন, ৩৬ বছর ধরে আমি ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি’ নামের একটি অলাভজনক সংস্থার সঙ্গে কাজ করছি। ক্ষতিগ্রস্ত এলাকায় এ সংস্থার পক্ষ থেকে ৬ হাজার বাড়ি তৈরি করে দেওয়া হবে। একই সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের তহবিলও গঠনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি, যার মধ্যে ২০ মিলিয়ন এরই মধ্যে সংগৃহীত হয়েছে।
বিল ক্লিনটন তাঁর বক্তব্যে স্বেচ্ছাসেবামূলক কাজে আমেরিকানদের দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের সংবিধান তৈরির আগ থেকেই আমরা এ ধরনের কাজ করে আসছি, যার উদাহরণ হিসেবে ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের উদ্যোগে স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে অগ্নিনির্বাপণ বিভাগ সৃষ্টির কথা বলা যায়।’
দুর্গতদের জন্য তহবিল সংগ্রহের অংশ হিসেবে এক মঞ্চে এসে পাঁচ সাবেক মার্কিন প্রেসিডেন্টের একসঙ্গে দাঁড়ানোটা সফলই বলা যায়। ২১ অক্টোবর স্থানীয় সময় রাত পর্যন্ত মোট ৩১ মিলিয়ন ডলারের তহবিল সংগৃহীত হয়েছে। এ অর্থ ৮০ হাজারেরও বেশি মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকেরা।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে হারভে আঘাত হানার পর থেকেই পাঁচ সাবেক প্রেসিডেন্ট ‘ওয়ান আমেরিকা আপিল’ স্লোগানকে সামনে রেখে তহবিল সংগ্রহের জন্য নামেন। এ জন্য তাঁরা একটি ভিডিও নির্মাণ করেন, যেখানে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এর পর ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়া আঘাত হানলে তাদের এ উদ্যোগ আরও বেগবান হয়।