এক মার্কিন মুক্তিযোদ্ধা
ভদ্রলোকের নাম এড লুইস। পুরো নাম এডউইন সি লুইস (তৃতীয়)। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার; থাকেন টেক্সাসের কেইটি শহরে। ১৯৬৯ সালে ইউএসএইডের এক কর্মসূচির আওতায় তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) আসেন। এসেই এই দেশের মাটি আর মানুষের প্রেমে পড়ে যান। সারা দিন কাজ শেষে তাঁর মার্কিন বন্ধুরা যখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আড্ডা দেন, তিনি তখন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান ঢাকার পথে পথে। পথের ধারের দোকান, বর্ণিল কৃষ্ণচূড়া, বুড়িগঙ্গা নদীর নৌকা, বেদের গান সবকিছু ফুটে ওঠে তাঁর ক্যামেরায়।
পরেরবার ১৯৭০ সালে ঢাকায় যাওয়ার আগে হিউস্টনে কাউকে খোঁজেন যে কিনা বাংলায় একটা ব্যানার লিখে দিতে পারবেন—‘Summer science institute’। সেই সূত্রে পরিচয় হয় ইউনিভার্সিটি অব হিউস্টনের কয়েকজন পূর্ব পাকিস্তানি ছাত্রের সঙ্গে। সেই ক্ষণিকের পরিচয় যে সারা জীবনের বন্ধুত্বে পরিণত হবে, তাঁরা কেউ সেটা তখন বুঝতে পারেননি।
দ্বিতীয়বার পাকিস্তানের নানা অংশ ঘুরে একটা ব্যাপার এড লুইসের কাছে পরিষ্কার হয়ে যায় যে, ‘The warriors and the musicians cannot get along।’ এর পর নেমে আসে নভেম্বরের সেই ভয়াল রাত। দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু ক্ষয়ক্ষতির তুলনায় পাকিস্তান সরকারের পাঠানো ত্রাণ ছিল নামমাত্র। তখন ইউনিভার্সিটি অব হিউস্টনে পাকিস্তান স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন ড. এস এস নেওয়াজ। তাঁরা সাধ্যমতো অনুদান সংগ্রহ করতে নামেন। কিন্তু হাতেগোনা কয়েকজন মাত্র ছাত্রের কতটুকুই-বা সামর্থ্য? এমন সময় পাশে দাঁড়ান এড লুইস। তাঁর অক্লান্ত চেষ্টায় স্থানীয় মিডিয়ায় প্রচার শুরু হয়। ডোনেশান কালেকশন সেন্টার খোলা হয়। সংগ্রহ হয় প্রায় ৫০০ পাউন্ড জরুরি ওষুধসহ বিপুল ত্রাণসামগ্রী।
সবশেষে আসে ২৫ মার্চের গণহত্যা। শুরু হয় মুক্তিযুদ্ধ। এস এস নেওয়াজ বাংলাদেশের মুক্তিসংগ্রামে বলিষ্ঠ সমর্থন জানান। পাকিস্তান সরকার তাঁর পাসপোর্ট বাতিল করে। বিদেশ-বিভুঁইয়ে অজানা আশঙ্কা নিয়েও তিনি বাংলাদেশ আন্দোলনে অটল থাকেন।
বড় পাকিস্তানি কমিউনিটির মধ্যে মাত্র চার-পাঁচজন বাংলাদেশি ছাত্রকে নিয়ে মুক্তি আন্দোলন চালানো ছিল বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এখানেও এগিয়ে আসেন এড লুইস। মূলত তিনি ছিলেন বলেই তরুণদের পক্ষে অসংখ্য সেমিনার করা ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোড়ন তোলা সম্ভব হয়। শুধু তাই নয়, বাংলাদেশের পতাকার তিন রং নিয়ে (তখন লাল বৃত্তের ভেতর সোনালি মানচিত্র ছিল) প্রচুর কার-স্টিকার বিলি করেন, যেগুলোতে লেখা ছিল—‘Victory to Bangladesh’, ‘Joi Bangla’ (তখন এভাবেই লিখেছিলেন), ‘Stop Genocide in Bangladesh’, ‘Pakistan, take off your bloody hands’। এভাবে যুক্তরাষ্ট্রের স্থানীয় মানুষের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার চলতে থাকে।
দেশ থেকে বারো হাজার মাইল দূরে ভিনদেশি এড লুইসের বাসা হয় ওঠে বাংলাদেশের মুক্তি আন্দোলনের নীড়। দেশ স্বাধীনের পর এড লুইস বাংলাদেশে যান তাঁর পরিবার নিয়ে; নিজের ‘নতুন স্বাধীন দেশ’ দেখাতে।
এড লুইসের সঙ্গে কথা বললে বাংলাদেশ নিয়ে তিনি কী রকম উচ্ছ্বাস প্রকাশ করেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। ভদ্রলোক লুঙ্গি পরেন এবং তাঁর শেষ আশা মারা যাওয়ার পর যেন তাঁর দেহভস্ম বাংলাদেশে পাঠানো হয়। অথচ এই মানুষটিকে কোনো স্বীকৃতিই দেয়নি বাংলাদেশ। তিনি অবশ্য কিছু আশাও করেন না। কয়েক বছর আগে বাংলাদেশে গিয়েছিলেন। ভেবেছিলাম মুক্তিযুদ্ধের ওপর কাজ করেন—এমন কারও সঙ্গে আলাপ করিয়ে দেব। বিভিন্ন কারণে হয়নি। আগে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে ডাকা হতো। এখন বোধ হয় তাও করা হয় না। আমার এক বই ‘বিউটিফুল বাংলাদেশ ইন ব্রিফ’–এর প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন তিনি। খুব চমৎকার বক্তব্য রেখেছিলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটা গণযুদ্ধ। এড লুইসের মতো দেশ-বিদেশের এমন হাজারো নাম না জানা মানুষ সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এডের কথাটা কানে বাজে—When I die, send my ashes to Bangladesh.’
তথ্য ও মূল ইংরেজি বর্ণনা: এস এস নেওয়াজ