এক সপ্তাহে কয়টা মিথ্যা বলা যায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো সপ্তাহ শেষ হয়নি, অথচ এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আধ ডজন মিথ্যা বলে বসে আছেন। সোমবার, সপ্তাহের প্রথম দিন ট্রাম্প জানালেন, মেক্সিকোর প্রেসিডেন্ট টেলিফোনে সীমান্ত এলাকায় কড়াকড়ি বৃদ্ধি পাওয়ায় তাঁর অভিবাসন নীতির প্রশংসা করেছেন। প্রেসিডেন্টের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর মেক্সিকো জানাল, না, সাম্প্রতিক সময়ে দুই প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে আদৌ কোনো কথাবার্তা হয়নি। এভাবে হাতেনাতে ধরা পড়ে বুধবার হোয়াইট হাউস স্বীকার করল, না, ঠিক টেলিফোনে নয়, তবে কয়েক সপ্তাহ আগে জি-২০ শীর্ষ বৈঠকের সময় তাঁদের এই নিয়ে কথা হয়।
ট্রাম্প জানিয়েছিলেন, গত নির্বাচনের আগে এক রুশ আইনজীবীর সঙ্গে ট্রাম্প জুনিয়র যে গোপন বৈঠক করে, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। ট্রাম্পের আইনজীবীও এ কথা সাফাই গেয়েছিলেন। মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের খবরে জানা গেল, এ ব্যাপারে ডন জুনিয়র সত্য গোপন করে যে বক্তব্য তথ্য মাধ্যমের কাছে প্রেরণ করেন, ট্রাম্প নিজে তা ‘ডিকটেশন’ দিয়েছেন, বা মুখে মুখে বলে দিয়েছেন। কোনটা সত্যি, এই প্রশ্ন করা হলে হোয়াইট হাউস থেকে বলা হয়, ঠিক ‘ডিকটেশন’ দেওয়া নয়, তবে উদ্বিগ্ন পিতা হিসেবে প্রেসিডেন্ট এ নিয়ে তাঁর অভিমত জানিয়েছিলেন।
আগের সপ্তাহে ভার্জিনিয়ায় বয় স্কাউটদের এক সমাবেশ রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য ট্রাম্প বিভিন্ন মহলে সমালোচিত হয়েছিল। এমনকি এক বিবৃতিতে বয় স্কাউটকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা তারা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, বয় স্কাউটদের প্রধান ফোনে তাঁকে জানিয়েছেন তাঁর সে ভাষণ ছিল ইতিহাসে সেরা। মঙ্গলবার ট্রাম্পের এই সাক্ষাতের পুরো বিবরণ পড়ে সে সংস্থার একজন মুখপাত্র জানালেন, এ রকম কোনো টেলিফোন তাঁরা কেউ করেননি। এবারও হাতে নাতে ধরা পড়ে হোয়াইট হাউস থেকে জানাল হলো, টেলিফোনে নয়, তবে মুখে মুখে অনেকে সে বক্তৃতার প্রশংসা করেছে।
কিছুদিন আগে ট্রাম্প দাবি করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ছয় মাসে তিনি আগের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে অধিক আইনে স্বাক্ষর দিয়েছেন। সে দাবি মিথ্যা জানিয়ে নিউইয়র্ক টাইমস হিসাব করে বলেছ, এই ছয় মাসে ট্রাম্প স্বাক্ষর করেছেন এমন আইনের সংখ্যা ৪৫, যার একটিও অর্থপূর্ণ নয়। পক্ষান্তরে প্রথম ছয় মাসে জিমি কার্টার ৭০টি ও বিল ক্লিনটন ৫০টি আইনে স্বাক্ষর করেছিলেন।
এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর গলফ খেলা নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছেন। ক্রীড়া পত্রিকা ইলাস্ট্রেটেড স্পোর্টস চলতি সপ্তাহে জানিয়েছে, গলফ খেলায় সময় ট্রাম্প প্রায়ই ভুল দান দেওয়ার পর তাঁকে হিসাবের মধ্যে না নিয়ে পরবর্তী চাল মারতে অভ্যস্ত।
এভাবে একের পর এক মিথ্যা বলায় প্রেসিডেন্টের কথার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রিপাবলিকান দলের ভেতরেই অনেকে প্রশ্ন করা শুরু করেছেন দেশের ভেতরেই যদি প্রেসিডেন্টের কথায় আস্থা অর্জিত না হয়, তাহলে দেশের বাইরে কেউ তাঁর কথা গুরুত্বের সঙ্গে কেন গ্রহণ করবে। সিনেটর লিন্ডসে গ্রাহাম তো সরাসরি ট্রাম্পকে মিথ্যাচারের জন্য অভিযুক্ত করেছেন। এনবিসি টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, শুধু নিজের জন্য নয়, ছেলেকে মিথ্যা বলতে সাহায্য করে তাঁর জন্যও বিপদ ডেকে এনেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ট্রাম্প ক্যাম্পেইনের গোপন আঁতাত নিয়ে যে তদন্ত চলছে, এর ফলে তারা নতুন রসদ পাবে। গ্রাহাম বলেন, “তুমি যদি একটা মিথ্যা কথা বলে ধরা পড়, তাহলে আগের বলা (মিথ্যা) কথাগুলো উপেক্ষা করা কঠিন হয়ে পড়ে।”
ট্রাম্পের এই অব্যাহত মিথ্যাচার ও বিচার প্রক্রিয়ায় বাধা দানের চেষ্টা দেখে রক্ষণশীল ভাষ্যকার রবার্ট স্যামুয়েলসন ওয়াশিংটন পোস্ট পত্রিকায় মন্তব্য করেছেন, সব দেখে শুনে মনে হয় ট্রাম্প নিজেই বলছেন, ‘আমাকে ইমপিচ’ কর।’
ট্রাম্পের মিথ্যাচার ও অযোগ্যতার কারণে রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে ট্রাম্পের অসন্তোষ বাড়ছে, তাঁদের মধ্যে প্রেসিডেন্টের ব্যাপারে ভীতি কমে আসছে। তাঁদের সাম্প্রতিক কাজ থেকে সে কথার প্রমাণ মেলে। ট্রাম্পের আপত্তি সত্ত্বেও কংগ্রেস বিপুল ভোটে রাশিয়ার ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট দাবি করেছিলেন সিনেটের ভোটে ব্যর্থতা সত্ত্বেও রিপাবলিকান সিনেটরদের উচিত হবে পুনরায় স্বাস্থ্যবিমা নিয়ে কাজ করা। রিপাবলিকান সিনেটরেরা সে হুমকি অগ্রাহ্য করে ভিন্ন বিষয় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। সিনেটে শীর্ষ স্থানীয় রিপাবলিকান নেতা জন করনাইন ট্রাম্পের ধমক পাত্তা না দিয়ে বলেছেন, সিনেট কীভাবে চলে সে বিষয়ে প্রেসিডেন্টের তেমন অভিজ্ঞতা আছে বলে মনে হয় না। “তাঁর করার মতো অনেক বড় বড় কাজ
আছে, প্রেসিডেন্টের উচিত হবে সেদিকে মনোযোগ দেওয়া।”
রিপাবলিকান দলের ওপর ট্রাম্পের সাঁড়াশি কামড় যে শিথিল হয়ে আসছে, তার আরেক প্রমাণ অ্যারিজোনা থেকে নির্বাচিত রক্ষণশীল সিনেটর জেফ ফ্লেক। “একজন রক্ষণশীলের বিবেক” এই নামে সদ্য প্রকাশিত এক গ্রন্থে তিনি ট্রাম্পকে “ধোঁকাবাজ” ও “নকল রক্ষণশীল’ নামে অভিহিত করেছেন। ফ্লেকের মতে, যে অর্থনৈতিক মূল্যবোধ ট্রাম্প প্রচার করছেন, তার ফলে আমেরিকা ও বিশ্বের অপূরণীয় ক্ষতি হচ্ছে। তিনি ট্রাম্পকে বারবার টুইট করার বদলে দেশ শাসনে মন দিতে পরামর্শ দিয়েছেন
নিজ দল থেকে চাপের মুখে আছেন বুঝতে পেরে ট্রাম্প এখন চেষ্টায় আছেন নিজ সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে। গত সপ্তাহে সামরিক কমান্ডারদের সঙ্গে পরামর্শ ছাড়াই ট্রান্সজেন্ডার বা লিঙ্গান্তরিত ব্যক্তিদের সামরিক বাহিনীতে অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্বেতকায়দের ভর্তির ব্যাপারে বৈষম্য হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার জন্যও ট্রাম্প প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসী আগমন ৫০ শতাংশ হ্রাসের এক প্রস্তাবও তিনি জোরেশোরে সমর্থন করেছেন। এই প্রস্তাব আইনে পরিণত হলে বর্তমান অভিবাসন আইনের বদলে যে ‘পয়েন্ট ভিত্তিক’ ব্যবস্থা চালু হবে, তাতে শুধুমাত্র শিক্ষিত ও আর্থিকভাবে অবস্থাসম্পন্ন ব্যক্তিরাই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে। এর ফলে দক্ষিণ আমেরিকা ও অন্যান্য ইংরেজিভাষী নয় এমন দেশের নাগরিকদের প্রতি বৈষম্য করা হবে, এই যুক্তিতে রিপাবলিকান দলের ভেতরেই প্রস্তাবটির বিরোধিতা এসেছে।
এই প্রতিটি উদ্যোগেরই লক্ষ্য ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত অল্প শিক্ষিত শ্বেতকায়দের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়ানো। ওয়াশিংটন পোস্ট এক জরিপের ভিত্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কৃষ্ণকায়দের তুলনায় শ্বেতকায়রা বৈষম্যের শিকার, অধিকাংশ শ্বেতকায় এই ভিত্তিহীন কথায় বিশ্বাস করে। এই পত্রিকার টম ওয়াল্ডেন লিখেছেন, শ্বেতকায়রা অধিক বৈষম্যের শিকার, এ কথা সম্পূর্ণ অবাস্তব ও হাস্যকর। কিন্তু ট্রাম্পের কট্টর সমর্থকেরা সে কথায় বিশ্বাস করে, ট্রাম্প তাই আশা করছেন এই সব উদ্যোগ গ্রহণের ফলে তাঁর জনপ্রিয়তা আরও বাড়বে।
তবে সর্বশেষ জাতীয় জনমত জরিপ থেকে স্পষ্ট তাঁর নিজের সমর্থকদের মধ্যেও ট্রাম্পের যোগ্যতা সম্বন্ধে সন্দেহ জাগছে। বুধবার কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় তাদের যে সর্বশেষ জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে, তাতে ট্রাম্পকে সমর্থন করে এমন আমেরিকানের সংখ্যা মাত্র ৩৩ শতাংশ। তাঁর বিরোধিতা করে এমন আমেরিকানের পরিমাণ ৫৫ শতাংশ। মার্কিন ইতিহাসে প্রথম ছয় মাসের পর কোনো প্রেসিডেন্টের প্রতি এটাই সবচেয়ে কম সমর্থন। এই জরিপের সবচেয়ে যা উল্লেখযোগ্য তা হলো রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের সমর্থন ৮৪ শতাংশ থেকে কমে ৭৬ শতাংশে দাঁড়িয়েছে।