এক সরল স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেস ইজ দ্য ইনডেক্স অফ মাইন্ড’ ছোটবেলায় মুখস্থ করা এই কথাটার সত্যতা বাস্তবে দেখিনি। দূরে যাওয়ার প্রয়োজন কী? আমার নিজের চেহারাই চরিত্রের পরিপূর্ণ পরিচয় বহন করে না। বর্ণচোরা আম অথবা বর্ণসর্বস্ব মাকালফল—এই দুটোর কোন দলে আমি পড়ি ঠিক জানি না। তবে এটুকু অন্তত বলতে পারি, আপাতদৃষ্টিতে আমাকে যতটা নিষ্পাপ অথবা ধোয়া তুলসীপাতা বলে মনে হয়, ততটা কিন্তু আমি আদতে নই।  

নিজের মিথ্যাচারিতার গল্প তুলে ধরার আগে একটা ইংরেজি ছায়াছবির কথা বলি। আপনারা অনেকেই হয়তো বিখ্যাত অভিনেতা রিকি জারভেইস অভিনীত দ্য ইনভেনশন অফ লাইয়িং ছবিটা দেখেছেন। আধুনিক বিশ্বের পটভূমিকায় নির্মিত এই ছবিতে এমন একটা কাল্পনিক জগৎ চিত্রায়িত করা হয়েছে, যেখানে মিথ্যা নামক ধারণাটির জন্ম হয়নি এখনো। এই পৃথিবীর মানুষ জানেই না মিথ্যা কথা কীভাবে বলতে হয়। এই মিথ্যাহীন পৃথিবীতে সবাই একে অন্যকে অকপটে বিশ্বাস করে। কারণ, মিথ্যার অনুপস্থিতিতে অবিশ্বাসের কোনো প্রয়োজনই নেই। আপাতদৃষ্টিতে বিষয়টাকে অসম্ভব সুন্দর বলে মনে হলেও এই জগতে অপ্রিয় সত্যটুকু না জানার স্বস্তি পাওয়ার সুযোগও কারও নেই। যেমন ধরুন, কেউ জিজ্ঞেস করল, ‘আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন?’ আপনি নির্বিকারভাবে বলে দিলেন, ‘তোমার চুলের এই নতুন রংটা কী বিশ্রী লাগছে! তোমাকে কুৎসিত দেখাচ্ছে।’ কোমল পানীয়র বিজ্ঞাপনের লোকটা অকপটে বলছে, ‘এই পানীয়তে মাত্রাতিরিক্ত পরিমাণে চিনি রয়েছে যা নিয়মিত সেবনে তুমি অসুস্থ রকমের মোটা হয়ে যেতে পার।’ এই বিজ্ঞাপন দেখার পর কারও এই পানীয় খেতে ইচ্ছে করবে? 

তো, এই অনুপম সুন্দর মিথ্যাহীন জগতে একদিন একটা অঘটন ঘটে গেল।  ছবির নায়ক রিকি জারভেইস চাকরিচ্যুত হয়ে ঘরভাড়া দিতে অক্ষম হয়ে পড়ল। তার ব্যাংকে মাত্র ৩০০ ডলার আছে। কিন্তু ভাড়ার জন্য প্রয়োজন ৮০০ ডলার। নিজের শেষ সম্বল ৩০০ ডলার ব্যাংক থেকে ওঠাতে গিয়ে জানতে পারল ব্যাংকের কম্পিউটার সিস্টেম কাজ করছে না। ব্যাংকের কর্মচারী বলল, ‘তোমার কত টাকা দরকার বলো, আমি দিয়ে দিচ্ছি।’ একমুহূর্তের জন্য নায়কের মাথার মধ্যে একটা বিদ্যুৎ চমকের মতো আইডিয়া খেলে গেল। সত্যবাদী পৃথিবীতে প্রথম মিথ্যা কথা উচ্চারিত হলো। সে ৮০০ ডলারই চাইল। ঠিক তখনই কম্পিউটার সিস্টেম কাজ করতে শুরু করলে কাউন্টারের মহিলাটা বলল, ‘আমাদের সিস্টেমে কোনো ভুল আছে নিশ্চয়ই। সিস্টেম বলছে তোমার অ্যাকাউন্টে মাত্র ৩০০ ডলার আছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই নাও তোমার ৮০০ ডলার।’ এই ঘটনায় নায়ক রীতিমতো অবাক হয়ে গেল, সেই সঙ্গে নিজের মিথ্যাচারিতার অভাবনীয় ক্ষমতায়ও অভিভূত। এই পৃথিবীতে সে-ই একমাত্র ব্যক্তি যে মিথ্যা বলতে শিখে গেছে এবং সে যা বলবে সবাই তা নির্দ্বিধায় বিশ্বাস করবে। কাজেই সে-ই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ। শুরু হলো তার মিথ্যা বলে বিশ্বজয়ের পালা।

আমিও এই নায়কের মতো একদিন হঠাৎই মিথ্যা কথা বলার বিষয়টা আবিষ্কার করেছিলাম, তা-ও এমন একজন মানুষের কাছ থেকে যার কাছে আমি অপ্রিয় সত্য কথা বলার সাহসও অর্জন করেছিলাম। আমার বয়স তখন বড়জোর ছয় অথবা সাত। এক গ্রীষ্মের দুপুরে খাওয়াদাওয়ার পর বাবা-মা বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বাইরে থেকে গলার আওয়াজ পাওয়া গেল, ‘কর্নেল সাব, বাড়িত আছইননি?’

বাবা আমাকে ডেকে বললেন, ‘বারে রাজ্জাক মিয়া আইছে, তারে গিয়া কও আব্বা বাড়িত নাই।’

আমি প্রথমে ব্যাপারটা বুঝতেই পারিনি। জীবনের কত খুঁটিনাটি বিষয় তখনো জানতাম না। অনেক বড় হয়ে জেনেছিলাম এই রাজ্জাক মিয়া একটা প্রচণ্ড ঝামেলাবাজ ও মামলাবাজ লোক। কাজেই বাবার তার সঙ্গে দেখা করতে না চাওয়া তেমন বড় কোনো অন্যায় ছিল না। কিন্তু আমার ছোট্ট মগজ সেই সময়ে মায়ের বলা মহামনীষীদের সত্যবাদিতার কাহিনিতে পরিপূর্ণ। তা ছাড়া বাবাকেও দেখেছি সব সময় সাহসের সঙ্গে অপ্রিয় সব সত্য কথা বলতে। সেই সত্যবাদী বাবা আমাকে মিথ্যা কথা বলতে বলছেন? বাবা তো বাড়িতেই আছেন, তাহলে নাই বলতে বলছেন কেন? আমি ভীষণ দোটানায় পড়ে গেলাম। এ পর্যন্ত আমাকে শেখানো হয়েছে মিথ্যা বলা মহাপাপ। যাঁরা শিখিয়েছেন, তাঁদেরই একজন আমাকে মিথ্যা কথা বলতে বলছেন?

আমি বাইরে গিয়ে বুদ্ধি করে রাজ্জাক মিয়াকে বললাম, ‘আব্বায় কইছইন তাইন বাড়িত নাই।’ আমার কথা শুনে রাজ্জাক মিয়া একটু বিস্মিত হলেও খানিকটা ইতস্তত করে চলে গেল। বাবা আমাকে ডেকে নিয়ে একটা ধমক দিলেন, ‘এইভাবে বলতে হয়? তুমি একটা বোকা মেয়ে।’

সেই দিনের পর কিন্তু আমি বেশ চালাক হয়ে গেলাম এবং বেশ ধুমধাম মিথ্যা কথা বলতে শুরু করলাম। এমনকি বাবা-মার সঙ্গেও। দুই-একটা ঘটনার কথা বলি। আমাদের বাড়িতে কাজ করত যে ছেলেটা সে নিয়মিত সিগারেট খেত। বাবাকেও তামাক খেতে দেখতাম। আমার ভীষণ আগ্রহ হলো সিগারেট খেতে কেমন লাগে, একটু চেখে দেখব। একটা সিগারেট চুরি করার সুযোগ খুঁজতে থাকলাম। কিন্তু কাজের ছেলেটা তার সিগারেটের প্যাকেটটা সারাক্ষণই নিজের লুঙ্গির গাঁটে বেঁধে রাখত। কাজেই তেমন একটা সুবিধা করতে পারলাম না। অবশেষে তার ফেলে দেওয়া সিগারেটের বাটগুলো কুড়িয়ে নিয়ে একটা পুরোনো সিগারেটের প্যাকেটে জমালাম। রান্নাঘর থেকে একটা দেশলাইও জোগাড় করলাম। সব সরঞ্জাম নিয়ে এক অলস দুপুরে টিলার ঢালে আরাম করে বসে যেই একটা সিগারেটের বাটে আগুন দিয়েছি, অমনি আমার চার বছরের বড় ভাইটি কোথা থেকে এসে হাজির। আমার কাণ্ড দেখে সে একাধারে বিস্মিত এবং রাগান্বিত হয়ে বলল, ‘উবাও মারে কইয়ার গিয়া।’

আমি সঙ্গে সঙ্গে একরাশ জাপানি লতার নিচে একটুখানি গর্ত খুঁড়ে সিগারেটের প্যাকেট আর দেশলাইটা লুকিয়ে ফেলে জীবন্ত লতা দিয়ে অপরাধের চিহ্ন ঢেকে দিলাম। একটু পরে মা আর ছোট আপা মারমুখী হয়ে এসে দেখলেন আমি ভালো মানুষের মতো বসে বসে বরই চিবুচ্ছি। আমার সত্যবাদী নিরপরাধ ভাইটা আচ্ছামতো বকুনি খেল, ‘ছোট বইনটার ফিছে লাগি থাকো কেনে সারা দিন?’

আরেকবার স্কুলে আমরা কজন মিলে স্যারদের খেতাব দিলাম। তখন আমি ক্লাস সিক্সে পড়ি। খেতাবগুলো বেশ গা-জ্বালানো টাইপের ছিল এবং আমিই ছিলাম মূল উদ্যোক্তা। খেতাবগুলো ছিল এমন ‘নারিকেল গাছ, তালইর গরোর বাই, কাঁচকলা, পানি কদু ইত্যাদি।’ ক্লাসের একটা ছেলে, যে কি না আমাকে দুচোখে দেখতে পারত না, গিয়ে হেড স্যারের কাছে বিচার দিল। স্যার আমাকে ডেকে নিয়ে গিয়ে জানতে চাইলেন ঘটনা সত্যি কি না। আমি কিছুতেই আমার অপরাধ স্বীকার করলাম না। স্যার আমার কথা সহজেই বিশ্বাস করলেন। কারণ, ভালো মেয়ে হিসেবে স্কুলে আমার বেশ সুনাম ছিল। সেই ছেলেটাকে কড়া শাস্তি পেতে হলো।

ঘটনাটা আমার সেই সত্যবাদী ভাইয়ের কানে গেল। আশ্চর্যের বিষয় হলো, শৈশবের সেই সিগারেট-বিষয়ক বিশ্বাসঘাতকতার পরও সে আমাকে বিশ্বাস করল। যারা নিজে সব সময় সত্য কথা বলে তাদের জন্য বোধ হয় অন্যকে বিশ্বাস করা সহজ। সে আমার বিরুদ্ধে অভিযোগকারী সেই ছেলেটিকে ডেকে নিয়ে বেশ বকে দিল, ‘খবরদার আমার বইনোর লগে আর জীবনে লাগিয়ো না।’ সে কত বছর আগের কথা। পরেও ভাইয়ের কাছে কখনো নিজের মিথ্যাচারিতার স্বীকারোক্তি দেওয়া হয়নি।

এরপরও জীবনে গা বাঁচাতে নানান সময় মিথ্যা কথা যে একেবারে বলিনি তা নয়। আবার আমার বাবার মতো যেখানেই দেখেছি কোনো অন্যায় ঘটছে অথচ সবাই চুপ করে আছে সেখানেই নির্ভয়ে সত্যের ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ার সাহসের অভাবও হয়নি কোনো দিন।

আমাদের সিলেট মহিলা কলেজে সাহিত্য পড়ানোর ছলে ইংরেজির প্রভাষক যখন মেয়েদের দাঁড় করিয়ে তাদের শারীরিক বর্ণনা দিতেন, একসঙ্গে মৌখিকভাবে যৌন নির্যাতন করতেন ক্লাসভর্তি সব মেয়েকে। আমিই ছিলাম একমাত্র মেয়ে যে দাঁড়িয়ে প্রতিবাদ করতাম। আমি একদিন স্যারকে বলেছিলাম, ‘সাহিত্যের সঙ্গে এসব কথার কোনো সংযোগ নেই। এসব নোংরা কথা। আমি আপনার ক্লাস করব না।’ এই বলে বেরিয়ে এসেছিলাম। আমার পেছন পেছন বেরিয়ে এসেছিল আরও অনেক মেয়ে। স্যার আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারেননি। কারণ, তিনিও জানতেন আমার কথা সত্যি ছিল।

দ্য ইনভেনশন অফ লাইয়িং ছবিটার কাহিনি পুরোটা বলে আপনাদের দেখার আনন্দ নষ্ট করব না। যাঁরা ইতিমধ্যে ছবিটা দেখেছেন, অথবা যাঁরা আমার লেখাটা পড়ার পর ছবিটা দেখবেন, তাঁরা বুঝতে পারবেন সবশেষে সেই নায়কের মতোই আমিও খুব একটা বিপজ্জনক মিথ্যাবাদী নই। বরং সত্যমিথ্যা মিলিয়ে আমি যে মানুষটায় পরিণত হয়েছি তার জন্য এই পৃথিবীটাই বেশ অনিরাপদ একটা স্থান।