এক স্বর্ণালি সন্ধ্যা
গীতা দত্ত যখন তাঁর কিন্নর কণ্ঠে গেয়ে ওঠেন—
‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু’...
এই গানের অসাধারণ সুরে মুহূর্তেই আমরা হারিয়ে যাই আমাদের মনোজগতের এক অতীন্দ্রিয় লোকে। ভুলে যাই ব্যক্তি আমি কে। মিলেমিশে একাকার হয়ে যাই গানের সঙ্গে, সিনেমার নায়ক-নায়িকার সঙ্গে।
কিংবা আবদুল জব্বার আর শাহনাজ রহমতুল্লাহ যখন গেয়ে ওঠেন
‘আমি সাত সাগরের ওপার হতে তোমায় দেখেছি
আর মন ভ্রমরের কাজল পাতায় ছবি এঁকেছি’...
এই যে ভুবন ভোলানো সুর আর হৃদয়ে ঝড় তোলা নায়ক-নায়িকা, যারা এই গানের সঙ্গে অভিনয় করেছেন এক সময়ে, তারা যদি হঠাৎই সামনে চলে আসেন তবে কেমন হয়? সম্ভব না, তাই না?
কিন্তু ৫ জানুয়ারির সন্ধ্যায় সবই যেন
সম্ভব হয়েছিল।
একে একে আমাদের সামনে দিয়ে হেঁটে গেলেন হারানো দিনের সেসব নায়িকা—সুচিত্রা সেন, কবরী, শবনম, সুজাতা, সুচন্দা, রোজী সামাদ। শুধু তাই নয়, কবরী আমার সামনে দিয়ে হেঁটে চলে গেলেন লম্বা বেণি দুলিয়ে। একটু পরেই দেখি, কবরী আবারও আসছেন খোঁপাতে বেলি ফুলের মালা জড়িয়ে, আর মুখে সেই ভুবন ভুলানো হাসি! একটু বুঝি আড়ে–ঠাড়ে চাইলেনও! রাজ্জাককে মনে হয় খুঁজছেন! এর পরে আসলেন শবনম মাথায় উঁচু খোঁপা করে, তাতে আবার ফুল গোঁজা। দারুণ স্টাইলিস্ট।
মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই সামনে চলে এলেন রূপবান কন্যা সুজাতা। মাগো কী তার রূপের বাহার! আজানুলম্বিত কেশ, কপালে টিকলি, ডাগর কালো চোখ, ঠোঁটের ওপরে তিল! কিন্তু একি, এসব হচ্ছেটা কি! আমি যে আরও দুজন শবনমকে দেখতে পাচ্ছি! শুধু তাই না, মহানায়িকা সুচিত্রা সেনও এগিয়ে আসছেন যে! ধরণি দ্বিধা হও! একে একে এগিয়ে আসতে লাগলেন সুচন্দা, রোজী, সুমিতা দেবী! তারপর সবাই যখন এক সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে লাগলেন, সেকি অবস্থা! হলজুড়ে শুধু ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজ। আর দর্শকের চোখ ঝলসে যেতে লাগল সে রূপ আর আলোর ছটায়।
আমরা কি টাইম মেশিনের সাহায্যে অতীতে চলে গিয়েছিলাম নাকি আলাদিনের দৈত্য এসেছিল? আমার মনে হয় দৈত্য এসেছিল। হ্যাঁ, দৈত্যই এসেছিল। আর সেই ‘দৈত্য’ হলো প্রথম আলোর ইব্রাহীম চৌধুরী। প্রথম আলো উত্তর আমেরিকার ‘উত্তরের নকশা’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই অভিনব আয়োজন ‘সাজে ও সংগীতে ষাটের দশক’। প্রবাসীদের মনে দারুণ আগ্রহ সৃষ্টি করে এই বিষয়টি। তরুণী থেকে মাঝবয়সী সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এতে। প্রবাসে যেখানে অনেক অনুরোধেও দর্শক পাওয়া যায় না, সেখানে ফেসবুকের একটি ঘোষণায় হল উপচানো দর্শক আমাদের মনে করিয়ে দেয়, দেশীয় সংস্কৃতি আমাদের কত প্রিয়, কত ভালোবাসি আমরা আমাদের নিকট অতীতের নায়ক–নায়িকা আর সেই সব সুরেলা গান।
পুরোনো দিনের গানের সঙ্গে যখন নায়িকারূপী মডেলরা এগিয়ে আসছিলেন ধীরে ধীরে, হলজুড়ে সবার মনে এক অনাবিল আনন্দের অনুভূতি বয়ে যায় । সাদা কালো যুগের নায়িকারা রঙিন পোশাকে আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন! আর মডেল যারা ছিলেন, তারা কেউই পেশাদার মডেল নন। মডেল আমরাই। আমাদের মেয়েরা, মায়েরা, বান্ধবীরা।
অনুষ্ঠান শেষে সবাই ঘরে ফিরে চলি প্রশান্ত মনে।
প্রথম আলোর আয়োজনে আমরা পেলাম এমন সুন্দর একটি স্বর্ণালি সন্ধ্যা। এই প্রবাসে এমন সন্ধ্যা আমাদের আরও দরকার। নতুন প্রজন্মের আলো দেখানোর পথ তো আমাদেরই শুরু করতে হবে। আশা করি, উত্তরের নকশা আমাদের নিরাশ করবে না।