একজন বাবার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ২০১৬ সালের জুলাই। স্নাতক পাসের পর আমার ছোট মেয়ে নাসিয়ার জন্য পার্টি করেছিলাম গত শনিবার দুপুরে। নাসিয়া কিছুতেই বেশি লোক ডেকে বড় কোনো পার্টি করতে চাইছিল না। ও চেয়েছে কেবল স্বজনদেরই যেন বলা হয়। অনেক বলেকয়ে, আত্মীয়দের বাইরে আমাদের খুব কাছের বন্ধুদের, যারা ওকে শৈশব থেকে দেখে আসছে, শুধু তাদের নিমন্ত্রণের কথা বলতে ও রাজি হয়। নিমন্ত্রিত ব্যক্তিদের সংখ্যা যা দাঁড়াল, তা নিয়ে একটা মাঝারি ধরনের পার্টি করা সম্ভব হলো। রেস্তোরাঁ আমেরিকান নয়, দেশি, তবে খুব জনপ্রিয়।

অতিথিরা তাঁদের পছন্দমতো জায়গায় বসেছেন। কিশোর-কিশোরীরা একসঙ্গে বসল। নারীদের মধ্যে যাদের বাচ্চাকাচ্চা বড় হয়ে গেছে, তাঁরা বসলেন একসঙ্গে। যাঁদের শিশু রয়েছে, তাঁরা বসলেন আলাদা। বয়স্ক পুরুষেরা একসঙ্গে বসে রাজা-উজির মারতে লাগলেন।

পৃথিবীর সব সমস্যার সমাধান এঁদের নখদর্পণে। ট্রাম্পের কী করা উচিত, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে প্রথম মেয়াদেই হিলারি ক্লিনটনকে কী কী করতে হবে, ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের বেকায়দায় ফেলতে কী ফাঁদ পেতেছেন, জার্মানির শরণার্থী সমস্যা, ভারতে গরু নিয়ে রাজনীতি, কাশ্মীরের পুলিশ, সেনাদের অত্যাচার, পাকিস্তানের মার্সি কিলিং, গুলশান, শোলাকিয়ায় জঙ্গি হামলা—কিছুই বাদ গেল না।

রেস্তোরাঁর দেয়ালে বড় ছবির ফ্রেমের মধ্যে পাশাপাশি বসে থাকা গান্ধী ও জিন্নাহর ছবি টাঙানো। রেস্তোরাঁর মালিকের স্ত্রীর নাম সারাহ্ খান। এই নামেই রেস্তোরাঁটি। নাম, ‘সেরা’স গ্রিল’। নিচে লেখা ‘ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি ক্যুজিন’। শুধু পাকিস্তানি ও বাংলাদেশি রেস্তোরাঁ যে ভারতীয় রেস্তোরাঁর নাম দেয়, তা নয়। নেপালিরাও তা করে। ভিয়েতনামি, কম্বোডীয়, লাওস, এমনকি ইন্দোনেশিয়া, ফিলিপিনো, সিঙ্গাপুরি, থাই, মিয়ানমারের রেস্তোরাঁগুলো প্রথম দিকে ঢালাওভাবে ‘চায়নিজ রেস্টুরেন্ট’ বলে সাইনবোর্ড দিত। এখন অবশ্য জাপানি, কোরীয়, বাংলাদেশি, হায়দরাবাদি ও থাইরা নিজেদের বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে গেছে।

রেস্তোরাঁয় ‘জিন্নাহ’ ও ‘গান্ধীর’ ছবি একসঙ্গে দেয়ালে টাঙানো দেখে মালিককে প্রশ্ন করলাম, ‘দেশ কোথায়?’ বললেন, ‘বাড়ি লাহোর।’ পাল্টা প্রশ্ন করলেন, ‘আই হোপ ইন্ডিয়া ইজ ট্রিটিং ইউ ওয়েল। ইন্ডিয়ার আন্ডারে আপনারা এখন বেশ সুখে-শান্তিতে আছেন।’

অবাক হয়ে বললাম, ‘ইন্ডিয়ার আন্ডারে? মানে কী?’

উনি বললেন, ‘কেন, সেভেন্টি ওয়ানে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান, বিহার, আসাম—এসব রাজ্যগুলো দখল করে নেয়নি?’ এবারে আর অবাক না হয়ে হেসে ফেললাম। বললাম, ‘আপনাদের ঐতিহাসিকেরা দারুণ চৌকস তো! ...বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে জানেন?’

বললেন, ‘জানি। তবে এতে পাঞ্জাবিদের কোনো দোষ নেই, সব দোষ ভুট্টোর। এখন অবশ্য বেলুচিস্তানের লোকেরাও কিছুটা অসন্তুষ্ট।’

ওনাকে বললাম, ‘আমেরিকায় আছেন তো অনেক দিন হলো। এবার নিরপেক্ষ লেখকদের বই পড়ে প্রকৃত ইতিহাসটা জানার একটু চেষ্টা করুন।’ ওই ফাঁকে পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তিন মিনিটের একটা ক্র্যাশ কোর্স দিতে ছাড়লাম না।

একসময় কেক কাটা হলো। একই সঙ্গে নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানে এসে নাসিয়াকে দোয়া ও তার এই আনন্দে শামিল হওয়ার জন্য সবাইকে যথারীতি ধন্যবাদ জানানো হলো। তারপর আফটার ডিনার স্পিচ দিতে গিয়ে বাপ-মেয়েদের অল্প কথার মধ্যে কিছু সারপ্রাইজ বেরিয়ে এল, যা অন্যদের অজানা এবং যা শুনে আমরা নিজেরাও কিছুটা অবাক হয়ে গেলাম।

প্রথমে আমি বললাম, ‘আমাদের সবার জীবনে দুঃখ ও সুখের সময় যায়-আসে। নাসিয়ার স্কুলে পড়ার সময় একবার আমার খুব অসুখ হলে আমি আল্লাহর কাছে এই বলে প্রাণভিক্ষা চেয়েছিলাম যে তিনি যেন আমাকে অন্তত ওর হাইস্কুলটা পাস করা পর্যন্ত বাঁচিয়ে রাখেন, যাতে সে কমপক্ষে একটা স্টোরে কাজ করেও কোনো রকমে বেঁচে থাকতে পারে। হাইস্কুল ড্রপ আউট হওয়া মানে তো সব শেষ। প্রায় ১৪ বছর আগে ওদের আম্মা যখন আমাদের সবাইকে ছেড়ে চলে যান, তখন আল্লাহর কাছে আবার কান্নাকাটি করে প্রার্থনা করেছিলাম, যেন তিনি আমাকে ওর গ্র্যাজুয়েশন পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আজ সে অনেক কষ্ট করে শুধু গ্র্যাজুয়েশানটাই শেষ করেনি, মাস্টার্স করে তারপর পিএইচডিটাও শেষ করে এল। আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দেখে যাওয়া পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এ জন্য তাঁর কাছে হাজার শোকর। এবং সেই সময় থেকে সব আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব সদা আমাদের পাশে থেকে যে সাহায্য ও সহানুভূতি দেখিয়েছেন, তার জন্য আপনাদের সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সাউথ এশিয়ান বাবা হিসেবে সবার মতো আমার একমাত্র ধ্যান ছিল বড়টার মতো আমার ছোট মেয়ে নাসিয়াও ডাক্তার হবে। অনেক বছর ধরে ঝাঁকাঝাঁকুনির পরও সে কিছুতেই যখন ডাক্তারি পড়বে না বলে অনড় থাকল, তখন কোনো দিকে লাগানো যায় ভেবে প্রায় তিন হাজার টাকা (ডলারকে এখানেও আমরা টাকা বলি) খরচ করে দু​ই সপ্তাহের একটা লিডারশিপ বুট ক্যাম্পে তাকে পাঠালাম। তাদের ​ইভেলুয়েশন রিপোর্ট ছিল ওর জন্য ল অথবা জার্নালিজম সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বললাম, ‘জার্নালিজম ছাড়ো। ওটা খুব কষ্টের ও ঝামেলার পেশা, বিশেষ করে মেয়েদের। চুরি-ডাকাতি, খুনখারাবি, দুর্ভিক্ষ, মহামারি, ঘূর্ণিঝড়, বান-বন্যা, বরফের ঝড় (স্নো স্টর্ম), যুদ্ধক্ষেত্র, রিফিউজি ক্যাম্প, মানব পাচার, দুর্নীতির রিপোর্ট করতে হবে। বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ। সকাল নেই, দুপুর নেই, রাত নেই, ছোট রে ছোট। বরং ওকালতি প​। ছ্যাঁচড়ামিটা না, করপোরেট ল ইয়ার হবে, পেটেন্ট অ্যাটর্নি, এনভায়রনমেন্টাল অ্যাটর্নি, হিউম্যান রাইটস অ্যাটর্নি—এই সব আরকি। ঝঞ্ঝাট কম, ইনকামও ভালো।’ ও বলেছিল, ‘আব্বা, আমি ইনকামের জন্য পড়াশোনা করতে চাই না। আমি আসলে কলেজ থেকে প্রকৃত বিদ্যা বা জ্ঞান অর্জন করতে চাই, পয়সা ইনকাম করার স্কিল শিখতে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই।’

তো, আমি হলাম গিয়ে সাউথ এশিয়ান অভিভাবক। ওসব কথায় চিড়ে ভিজবে নাকি আমার? ওর টেন্থ গ্রেড থেকে আন্ডার গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত ছয়-সাত বছর ধরে পেছনে লেগে থেকেছি যাতে মতামত পালটে যেন ওর হুঁশটা আসে। একটু র‍্যাশনাল হয়, একটা মার্কেটেবল ডিগ্রি অর্জন করে। বলতাম, ‘বেটি, ওসবে ডিগ্রি করলে তুই না খেতে পেয়ে মরবি।’ তা কে কার কথা শোনে? কোনো কিছুতেই যখন সুবিধে হলো না, তখন বাধ্য হয়ে অবস্থাটা মেনে নিয়ে আমি বলেছিলাম, ‘আম্মা, যে লাইনেই যাও, তার শেষ পর্যন্ত যেতে হবে শুধু নয়, তাতে শ্রেষ্ঠ হতে হবে। এমনকি পটারিও (কাদামাটি দিয়ে পুতুল ইত্যাদি বানানো) যদি শিখতে যাও, তাহলে তাতেও শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ পটার হতে হবে। এরপর যখন সময় সুযোগ এল, সে নিজের মনে ইংলিশে অনার্স ও মাস্টার্স করার পর চাকরি না খুঁজে তার পছন্দের বিষয়, ‘কম্পারেটিভ লিটারেচার’ নিয়ে পিএইচডি প্রোগ্রামে ঢুকল। ভাবলাম, মেয়েটা যত হোক, আমার কথাটা শেষ পর্যন্ত মনে রেখেছে। পড়াশোনাটার শেষ সীমা অবধি ধৈর্য ধরে চালিয়ে যাচ্ছে।

কিন্তু আজ এই প্রথম আমার সেই ভুল ভাঙল। আজ জানলাম যে তার মেন্টর আসলে আমি নই। আমি যখন তার সঙ্গে ফাইট করছি, তখন তার মা নীরবে ও সযত্নে তার পাশে এসে দাঁড়িয়েছে। তাকে তার সবচেয়ে দরকারি ওই পরম নির্ভরশীল সাপোর্টটা তখন দিয়েছে, যখন বাচ্চাটা খুব ডেস্পারেটলি তার গার্জেনদের কাছ থেকে সেটা চাচ্ছিল। এবং কেবল মা হিসেবে এটা সে করেছে, যদিও সে নিজেই ডাক্তার ছিল ও তার বর হলো ইঞ্জিনিয়ার। আমাদের দুজনের মধ্যে সে রিলেটিভলি স্ট্রং উইল্ড পারসন ছিল এবং তার প্রিন্সিপ্লে সে সদা অনড় থাকত। মজার ব্যাপার হলো, নিজেদের মধ্যে কোনো ইস্যু নিয়ে আর্গুমেন্ট হলে প্রায়ই দেখা যেত যে শেষ পর্যন্ত তার কথাই ঠিক। সেই দৃঢ়চেতা মানুষটা বুঝতে পারত কখন, কোথায়, কী নিয়ে, কার সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। অথচ আমি ভাবতাম, মেয়েটাকে মানুষ করার জন্য আমি একাই ভেবে মরে যাচ্ছি এবং তাকে ডাক্তারি পড়াতে ঘুরিয়ে আনার জন্য বউয়ের দিক থেকে কোনো সাহায্য, সহযোগিতা পাচ্ছি না। আমরা অনেকে অনেকের আপনজন। কেবল শুধু খুব কাছেরই নয়, একান্ত কাছের মানুষ। অথচ এত কাছে থেকেও আমরা কজন কজনকে প্রকৃতপক্ষে চিনি?