একজন ভবঘুরের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকায় ‘হোমলেস’ খুব পরিচিত একটি শব্দ। যাদের বাড়িঘর নেই, চাকরিবাকরি নেই, থাকার জায়গা নেই, খাওয়ার কোনো নিশ্চয়তা নেই, তাদেরই হোমলেস বলে। হোমলেসদের জন্য এখানে বিভিন্ন রকম আশ্রয়কেন্দ্র আছে। সরকারিভাবে এই হোমলেসদের সাহায্য-সহযোগিতা করা হয়। তাদের বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়। কিন্তু যারা হোমলেস, তারা অনেকটাই স্বাধীনচেতা। চার দেয়ালের বন্দী জীবনকে তারা ভালোবাসে না। তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ফুটপাতে কম্বল জড়িয়ে বসে বসে ভিক্ষা করে অথবা স্রেফ সাবওয়েতে দিনের পর দিন ঘুমিয়ে জীবন কাটাতে ভালোবাসে। কিন্তু এর নাম কি জীবন হতে পারে? আমেরিকার স্থানী লোকজন এই হোমলেসদের ডাকে ‘বাম’ হিসেবে। ‘বাম’ মানেই বেহিসেবি উচ্ছন্নে যাওয়া জীবনের নাম।
এদের বাম বলুন আর হোমলেস বলুন, এদেরও তো এক স্বর্ণালি অতীত ছিল! তাদেরও অন্য সবার মতো স্বপ্ন ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। তাহলে? সেই স্বপ্নের মৃত্যু হলো কেন? সে খবরটি কেউ কি নিয়েছেন? ভদ্রমহিলাকে প্রায়ই জ্যাকসন হাইটস এলাকায় দেখা যায়। কেউ তাঁকে ডাকে ‘পাগলিনী’, কেউ বলে ‘বাংলাদেশি বাম’, কেউ বলে ‘হোমলেস’। তাঁর দেখা পাওয়া যাবে জ্যাকসন হাইটসের সাবওয়ে স্টেশনের কাছে, কখনো দেখা যায় ডাইভার্সিটি প্লাজার ঠিক উল্টো পাশে, কখনো কখনো মেরিট কাবাব রেস্তোরাঁয়। খুব জানতে ইচ্ছা হলো, কে এই বাংলাদেশি নারী? কেন আজ তিনি গৃহহারা? কী তাঁর সেই পেছনের গল্পটি? পরপর তিন দিন জ্যাকসন হাইটসে হানা দিয়েও সেই বাঙালি নারী বামের কোনো হদিস পেলাম না। একদিন রাতের দিকে নিউইয়র্কের বাঙালি কমিউনিটি নেতা রহিমুজ্জামান সুমনের কল এল। তিনি জানালেন তাঁকে পাওয়া গেছে, তাড়াতাড়ি চলে আসেন। আমি গাড়িতে স্টার্ট দিয়েই এক দৌড়ে জ্যাকসন হাইটস।
ওনার বয়স কত হবে? বড়জোর ৫০ ছুঁই ছুঁই? বাঙালিদের কাছ থেকে ১ ডলার ২ ডলার চেয়ে নিয়ে তাঁর জীবন চলে। তাঁর নামটা আমি দিলাম ‘পরি’। আসল নামটা গোপনই থাক। খুব আন্তরিকভাবে মেশার চেষ্টা করলাম পরির সঙ্গে। তিনি কেমন অদ্ভুতভাবে যেন আমার দিকে তাকালেন। বেশ বুঝতে পারছিলাম যে এত ভালোবাসার সঙ্গে হয়তো কেউই তাঁর সঙ্গে কথা বলে না। চা-শিঙাড়ার অর্ডার দিয়ে পরির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। কেন আজ তাঁর জীবন এমন হলো? বাংলাদেশে তাঁর কে আছেন? তাঁর কি সংসার ছিল? তাহলে তাঁরা কোথায়? তাঁকে দেখে মনে হলো তিনি যেন একটা মরা নদীর মতো। যে নদীর বুকে একসময় নৌকা ভাসত, যে নদীর দুই কূলে ছিল হাজারো মানুষের জনকলরব, আজ সেখানে শুধুই শূন্যতা আর নিস্তব্ধতা।
খুব অবাক করে দিয়ে পরি কথা বলতে শুরু করলেন। ওনার কথা যতই শুনছিলাম, ততই যেন অবাক হওয়ার পালা। তাঁর আপন ভাই বাংলাদেশে একটি দলের সংসদ সদস্য! পরি আমাকে সেই সংসদ সদস্যের নামটিও বলে দিলেন। জানা গেল, তিনি বাংলাদেশে খুব সচ্ছল পরিবারের একটি মেয়ে ছিলেন। তারপর বাংলাদেশে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়েটা টিকল না। তাঁর কথায় বুঝতে পারলাম, স্বামী তাঁর সঙ্গে চিট করেছিলেন। তারপর থেকে তিনি বাংলাদেশেই মাদকাসক্ত হয়ে পড়েন। জীবন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেন। একদিন বাড়ির সবার পরামর্শে যুক্তরাষ্ট্রে চলে আসেন। যুক্তরাষ্ট্রে এসেই তিনি নতুন এক জীবনকে খুঁজে নেওয়ার চেষ্টা করেন। দীর্ঘদিন একজন ভারতীয়র সঙ্গে মন দেওয়া-নেওয়া চলতে থাকে। কিন্তু হায়! সুখ তাঁর কপালে সইল না। এখানেও প্রেমিকের কাছ থেকে চরমভাবে প্রতারিত হলেন। ধীরে ধীরে পরি আবার নেশার জগতে চলে গেলেন।
বর্তমানে নিউইয়র্কের এলমহাস্ট হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে দয়া করে হাসপাতালের একটি কোনায় ঘুমানোর জন্য ছোট্ট একটি কক্ষ দিয়েছে। জানালেন পরি। তবে মাঝে মাঝে তিনি সাবওয়ের পাতাল রেলস্টেশনে, এমনকি কোনো অফিসের বারান্দাতেও নাকি ঘুমানোর জন্য রাত কাটান। জ্যাকসন হাইটসের অনেক বাঙালি ব্যবসায়ী পরিকে প্রতিদিনই ১ ডলার ২ ডলার দিয়ে সাহায্য-সহযোগিতা করেন।
পরির কথা যেন ফুরাতে চায় না। রেস্তোরাঁর অনেকেই দেখি আমার দিকে বারবার আড় চোখে তাকাচ্ছিলেন। তাঁদের ভাবখানা যেন এমন যে সমস্যা কী? এই ভবঘুরে বামের সঙ্গে এত কী কথা? পরির কথার যেন শেষ নেই। কে জানে, আমার বারবার মনে হচ্ছিল পরি হয়তো তাঁর আশপাশের সবার তুচ্ছতাচ্ছিল্য পেতেই বেশি অভ্যস্ত। কিন্তু কেউ কি জানতে চেয়েছেন আজকে পরির এমন দশা কেন হলো? শেষ পর্যন্ত পরির কাছ থেকে যখন বিদায় নিতে গেলাম দেখি, পরি টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন। আমি ডাকলেও কোনো সাড়া দিলেন না। পরি কি কাঁদছেন? পরি তাঁর মাথাটা টেবিলের ওপর রেখে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছেন। কিন্তু পরি কি ঘুমিয়ে পড়েছেন? তাঁর চোখেও কি জল?