অ্যাস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউয়ের ‘বনফুল’ গ্রোসারিতে ডাকাতির ঘটনায় একজনের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন কুইন্স সুপ্রিম কোর্ট। নিউইয়র্ক সিটি পুলিশ গ্রোসারির ভিডিও ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে। ওই ঘটনায় ব্রঙ্কসের বাসিন্দা আসামি হান্নিবল আলীর বিরুদ্ধে ’ফার্স্ট ডিগ্রি’ অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক জোয়ান ওয়াটার্স তাঁকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেন বলে জানিয়েছে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়।
বাংলাদেশি অধ্যুষিত লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশি মালিকানাধীন বনফুল গ্রোসারিতে গত বছরের ১৭ নভেম্বর ডাকাতির ঘটনা ঘটে। এতে মোহাম্মদ রাসেল নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তিনি ডাকাতদের ধাওয়া করতে গেলে পলায়নরত একজন তাঁর পায়ে গুলি করে। ঘটনাটি কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বনফুল গ্রোসারি বাংলাদেশি মালিকানাধীন পুরোনো একটি গ্রোসারি প্রতিষ্ঠান।
ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে বনফুল গ্রোসারিতে হান্নিবলসহ তিন মুখোশধারী ডাকাত হানা দেয়। তাদের দুজন প্রথমে গ্রোসারিতে প্রবেশ করে। অন্যজন নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দিয়ে দোকানে জাল ডলার রয়েছে বলে অভিযোগ তোলে। এরপর একজন ক্যাশ রেজিস্ট্রারে থাকা জাকারিয়া হোসেন শিবলু নামের একজনকে আঘাত করে এবং রেজিস্ট্রারে হানা দেয়। অন্য দুজন ভেতরে-বাইরে অবস্থান নেয়। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তারা রেজিস্ট্রারের ক্যাশে রাখা অর্থ লুট করে। এ সময় গ্রোসারিতে আসা ক্রেতারা ভয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সেই সঙ্গে বাইরেও ছোটাছুটি শুরু হয়। ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ আসামিদের শনাক্ত করে এবং প্রায় এক বছরের আইনি প্রক্রিয়া শেষে ডাকাতির মূল পরিকল্পনাকারী হান্নি আলীকে ফার্স্ট ডিগ্রি এবং সহযোগী দুজনের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি অপরাধের অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্নি আলীকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বনফুল গ্রোসারিতে ডাকাতির ঘটনার পর জাবেদ উদ্দিনের উদ্যোগে গ্রোসারির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। রায় ঘোষণার পর স্বস্তি প্রকাশ করে জাবেদ বলেন, ‘আমরা বাংলাদেশি কমিউনিটির সবাই ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যায় ভালো ফল পাব।