একটি নিহত গোলাপ

তাজা ফুল, ফুলের তোড়া, আর শোকবার্তায় ভরে গেছে ফাহিম সালেহের অ্যাপার্টমেন্ট ভবনের সামনের চত্বর। তখন ১৪ জুলাই পড়ন্ত বিকেল। প্রত্যক্ষদর্শী ফাহিমের বোনের ফোনকল পেয়ে ম্যানহাটনের নিজ অ্যাপার্টমেন্টে খুন হওয়া ফাহিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করল নিউইয়র্ক পুলিশ। শুরুতে এই হত্যাকাণ্ডকে খুবই অভিজ্ঞ, পেশাদার খুনির কাজ বলে ধারণা করা হয়েছিল। তবে উৎসুক জনগণকে অবাক করে দিয়ে ১৭ জুলাই সকালে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে সম্ভাব্য আততায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ৩৩ বছর বয়সী তরুণ ফাহিম সালেহ হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছে ফাহিমের সাবেক ব্যক্তিগত সহকারী ২১ বছর বয়সী টাইরেস ডেভন হ্যাসপিল।
সন্দেহভাজন হ্যাসপিল একজন কৃষ্ণাঙ্গ। ফলে তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকেই কয়েক দিন আগে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পরপর আমাদের মধ্যে যে কৃষ্ণাঙ্গ প্রেম দেখা গিয়েছিল, তা যেন ভেস্তে যেতে বসেছে। আমাদের বাঙালি বেশ কিছু মানুষের ফেসবুক পোস্ট ও মন্তব্যের ঘর ‘কাইল্লা’, ‘কালু’, ‘নিগ্রো’, ‘কালো মাণিক’ ইত্যাদি রেসিস্ট মন্তব্যে ভরে যাচ্ছে। আমেরিকার বিশেষ করে নিউইয়র্কের মতো একটি বহুজাতির জনগোষ্ঠীর রাজ্যে জাতপাত, রং নিয়ে কথা না বলাই উদার মনের পরিচয় বহন করে। ডাইভার্সিটিই হলো নিউইয়র্ক স্টেটের বড় সৌন্দর্য। অন্য সবার মতোই আমরা বাঙালিরাও এখানে বহিরাগত। আমেরিকা আমাদের এখানে ঠাঁই দিয়েছে। বসতি গড়ার অধিকার দিয়েছে। আমরা এটা নিয়েই গর্ববোধ করতে পারি। তাই খুনি কোন দেশ বা জাতের তা নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা না বলাই ভালো। একজনের কৃতকর্মের জন্য সমগ্র জাতি বা গোষ্ঠী দায়ী নয়।
খুনি একজন খুনি। সে যে-ই হোক। একজনকে দিয়ে সমগ্র জাতি বা গোষ্ঠীকে বিচার করা যায় না। আমরা যখনই তা করব, তাতে নিজের হীন মন-মানসিকতার পরিচয় দেব। মূলত সব মানুষই এক। দোষ ও গুণে ভরা। আমাদের মধ্যেই কেউ কেউ একটু বেশি মানবিক, আবার কেউ বেশি পাশবিক।
আত্মঘাতী কোনো মুসলিম যখন ধর্মের নামে বোমা হামলা করে বা জঙ্গি আক্রমণ করে, অন্যরা তখন মুসলিমদের টেররিস্ট বলে। এবং এসব কারণেই আমরা মুসলিম ধর্মাবলম্বীরা আজ বিশ্বে খানিকটা কোণঠাসা এবং হেয় হয়ে আছি। এসব নিয়ে আমাদের মধ্যে অভিযোগ ও উৎকণ্ঠা কাজ করে। এখন ভাবতে হবে আমরা বাঙালিরাও কী বর্ণবাদ মুক্ত?
ফাহিম হত্যার জন্য আমরা অবশ্যই আমাদের শোক ও সমবেদনা প্রকাশ করতে পারি। কয়েকজন একত্রিত হয়ে শোক প্রকাশ করতে পারি শোকের চিহ্ন কালো পোশাক পরে, কালো পতাকা বা ফাহিমের ছবি হাতে নিয়ে, তাঁর বাড়ির সামনে ফুল দিয়ে, মোমবাতি জ্বেলে, নিজেদের লেখালেখির মাধ্যমে। তবে নিউইয়র্কের পুলিশ যে ন্যূনতম সময়ে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তার পর আমাদের বাঙালি কমিউনিটির সবাই একত্রিত হয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানানো বা বিচার দাবি করার কিছু নেই আপাতত। আমরা অবশ্যই চাইব এই নির্মম হত্যাকাণ্ডটির সুষ্ঠু বিচার হোক, প্রকৃত অপরাধী উপযুক্ত সাজা পাক। এ ধরনের পাশবিক হত্যাকাণ্ড আর না হোক। সাম্প্রতিককালের ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটুক। এটাই আমাদের সবার কাম্য।
এই সুদর্শন ছেলেটি আমার ছেলের বয়সী হবে। অবশ্যই মানতে হবে সে অসম্ভব মেধাবী, স্মার্ট। এই বয়সেই সে ছিল একজন মিলিয়নিয়ার। নিজের কর্মদক্ষতা ও বুদ্ধি খাটিয়েই সে নিজের এই সমৃদ্ধ জীবন নির্মাণ করেছিল। ম্যানহাটনের ডাউনটাউনের অভিজাত পাড়ায় আড়াই মিলিয়ন ডলারের অ্যাপার্টমেন্ট কিনে সে তার উন্নত জীবন শুরু করেছিল। কিন্তু সেই জীবন সূচনাতেই স্তব্ধ হয়ে গেল। বোঝাই যাচ্ছে তার পেছনে শত্রু ছিল। হয়তো তার ওপরে ওঠা, কাজ বা উন্নতির পথ কুসুমাচ্ছাদিত ছিল না। হয়তো সেখানে কাঁটাও ছিল। আমরা কিছুই জানি না।
কিন্তু প্রিয়দর্শন এই মুখটির হাস্যোজ্জ্বল ছবি দেখে মায়া হচ্ছে খুব। কষ্ট হচ্ছে খুব। সন্তানতুল্য এই ছেলের হত্যাকাণ্ডের খবরে বিস্মিত, শিহরিত ও ব্যথিত হয়েছি। আহা, কী অমূল্য একটি জীবন হারিয়ে গেল। রোগে ভুগে নয়। পাশবিক হত্যার মাধ্যমে জীবনপ্রদীপ নিভে গেল ফাহিম নামের ৩৩ বছর বয়সী এই তরুণের। এসব মেনে নেওয়া খুব কঠিন। আহারে জীবন। আহারে...!
ফাহিম সালেহ নামে এমন একজন অতি সফল, হাই প্রোফাইল, অমিত সম্ভাবনাময় তরুণ আমাদের হোম টাউনে বসবাস করছিল, তা আমাদের কারও জানা ছিল না। আমরা কেউ তাঁকে চিনতাম না। হঠাৎ করে তাঁর মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর শোনার আগ পর্যন্ত তাঁর সম্পর্কে আমরা অনেকে কিছুই জানতাম না। এখন তাঁর জীবন সম্পর্কে যতই পড়ছি, যত জানছি, ততই এই মেধাবী তরুণের অসাধারণ কাজ ও অর্জন আমাদের বিস্মিত করছে। সে তার ক্ষণজন্মা জীবনকালে অবিশ্বাস্য রকমের সাফল্য অর্জন করেছিল। উন্নয়নশীল বাংলাদেশের জন্য ও নিউইয়র্কের অভিবাসী বাঙালিদের জন্য এ এক অপূরণীয় ক্ষতি। এমন একজন মেধাবী, সম্ভাবনাময় মানুষকে হারানোর শোক ও ক্ষতি আমরা বহুদিন বয়ে বেড়াব। এই শূন্যস্থানটি পূরণ সহজ নয়। ফাহিমের মতো জিনিয়াস মানুষেরা সহসা জন্মায় না।
ফাহিমের জন্ম সৌদি আরবে। পরে পরিবারের সঙ্গে তিনি অভিবাসী হিসেবে আমেরিকায় আসেন। আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করেন ফাহিম। ছোটবেলা থেকেই তথ্যপ্রযুক্তি নিয়ে নতুন ধরনের কাজ করা ছিল ফাহিমের শখ। কৈশোর থেকেই ফাহিম তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন। ফাহিম ছিলেন অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবালের একজন উদ্যোক্তা। ওয়েবসাইট ডেভেলপার ফাহিমের আরেকটা পরিচিতি ছিল ‘টেক মিলিয়নিয়ার’ হিসেবে। তরুণদের জন্য সালেহআইকনডুড ডটকম এবং এআইএমডুড নামক ওয়েবসাইট তৈরি করেছিলেন ফাহিম। বাংলাদেশভিত্তিক ‘পাঠাও’ ছাড়াও নাইজেরিয়াতে ‘গোকাডা’ নামে আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু করেছিলেন ফাহিম। কলম্বিয়াতেও নানা ধরনের কার্যক্রম নিয়ে সক্রিয় হয়েছিল ফাহিমের প্রতিষ্ঠান।
কী নির্মমভাবে প্রাণ হারাতে হলো নিউইয়র্কের এই বাঙালি তরুণকে! ডাউনটাউন ম্যানহাটনে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে খুন হলেন তিনি। করোনাকালে মাস্ক ও গ্লাভস পরা আততায়ী তাঁকে অনুসরণ করে, তাঁরই সঙ্গে একই এলিভেটরে উঠে এসেছিল সাততলা পর্যন্ত। অনুমান করা হচ্ছে সুরক্ষিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সংঘটিত এই হত্যাটি সুপরিকল্পিত ও ঝানু হত্যাকারীর দ্বারা সংঘটিত হয়েছে।হত্যার আলামত নষ্ট করার পরিকল্পনাও ছিল সুচারু। নিশ্চয়ই গোয়েন্দা তদন্তে ধীরে ধীরে সবকিছুই বেরিয়ে আসবে। আমরা জানতে পারব হত্যার মোটিভ কী ছিল। কে বা কারা তাঁকে হত্যা করল? কেন করল?
নিউইয়র্কের ম্যানহাটনের ইস্ট ২৬৫ হাউস্টন স্ট্রিটের অ্যাপার্টমেন্টের সামনে ফুল আর শোকের বার্তা দিয়ে লোকজন তাদের সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছেন একজন বাংলাদেশি আমেরিকানকে। স্মরণ করছেন একজন ক্ষণজন্মা ফাহিম সালেহকে। এই ফাহিম সালেহ অকালে হারিয়ে না গেলে আমরা বাংলাদেশিরা তথা নিউইয়র্কবাসী অন্তত গর্বভরে বুক ফুলিয়ে বলতে পারতাম ‘ফাহিম’ আমাদেরই লোক। আমাদের ফাহিমও হতে পারত স্বনামধন্য বিল গেটস, মার্ক জাকারবার্গ বা ইলোন মাস্কের মতো বিশ্বখ্যাত উদ্যোক্তাদের একজন। সেই সমস্ত গুণাবলি ধারণ করেছিলেন ফাহিম। সবে প্রস্ফুটিত হচ্ছিল সেই সুবাসিত গোলাপটি। সেই সাফল্যের স্ফুরণ আমরা দেখেছি। কিন্তু মর্মান্তিকভাবে একটি গোলাপের মৃত্যু হলো।
নিজের যে অ্যাপার্টমেন্টে নৃশংসভাবে খুন হন ফাহিম, সেই ভবনের সামনে দাঁড়িয়ে ছেলেটির জন্য বিলাপ করছেন অনেকেই। চোখ ভিজে যাচ্ছিল অনেক পথচারীর। সাদা, কালো, বাদামি, ভিন্নভাষী মানুষেরাও এক দণ্ড দাঁড়িয়ে শোক আর শ্রদ্ধা জানাতে ভুলছেন না। বাঙালিদের পাশাপাশি তাঁর জন্য প্রার্থনা করতে দেখা গেছে অন্য আমেরিকানদেরও। বহু দর্শনার্থীদের বিড়বিড় করে বলতে শোনা গেছে, ‘ইট ইজ স্যাড! ইট ইজ রিয়েলি স্যাড!’ ফাহিম তাঁর অসাধারণ মেধা আর প্রজ্ঞা দেখিয়ে এই সম্মান, এই শ্রদ্ধা অর্জন করেছিলেন।
এদিকে ফাহিম সালেহকে হত্যার পর তাঁর সম্ভাব্য তরুণ খুনি হ্যাসপিল মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। ফাহিমকে হত্যার পর নিহত ফাহিমের ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিং করছিল হ্যাসপিল। বেলুন, কসমেটিক, ব্যাগ কিনে বান্ধবীর বার্থডে পার্টি করার পরিকল্পনা করছিল সাড়ম্বরে। নিজের জন্যও সে প্রচুর কেনাকাটা করেছিল। নিউইয়র্ক পুলিশের জব্দ করা ভিডিওচিত্রে ক্রসবি স্ট্রিটের ভাড়া করা অ্যাপার্টমেন্টের সামনে হ্যাসপিলকে এক তরুণীর সঙ্গে হাতে বেলুন ধরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ফাহিমের অ্যাপার্টমেন্ট ভবন ইস্ট হাউস্টন স্ট্রিট থেকে মাইলেরও কম দূরত্বে এই ভবনটির অবস্থান।
ফাহিমের মৃতদেহ কাটার জন্য ‘হোম ডিপো’ থেকে কেনা ইলেকট্রিক করাত, বড় আকারের হিলিয়াম পার্টি বেলুন, প্রতিবারের উবারের ভাড়া, এয়ারবিএনবির মাধ্যমে ক্রসবি স্ট্রিটের অ্যাপার্টমেন্টের ভাড়ার লেনদেনও ক্রেডিট কার্ড দিয়েই করেছিল হ্যাসপিল।ক্রেডিট কার্ডের সূত্র ধরেই পুলিশ তাঁকে শনাক্ত করে। ১৭ জুলাই সকালে ক্রসবি স্ট্রিটের অ্যাপার্টমেন্ট থেকেই সে গ্রেপ্তার হয়েছিল। গোয়েন্দা সংস্থা হ্যাসপিলের কাছ থেকে কিছু তথ্য উদ্ধার করেছেন। তাদের মতে, সে খুব সতর্ক। হ্যাসপিলের মুভমেন্টে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। একটি খুন করার পর এতটা স্বাভাবিক থাকতে পারা খুবই আশ্চর্যজনক। তবে ফাহিমের ক্রেডিট কার্ড ব্যবহার করে সে নিজের ফাঁদে নিজেই ধরা দিয়েছিল। হ্যাসপিলের রেখে যাওয়া ফুটপ্রিন্ট অনুসরণ করেই নিউইয়র্ক পুলিশ দু দিনের মাথায় তাঁকে গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টে দেওয়া প্রতিক্রিয়ায় এক পুলিশ কর্মকর্তা হ্যাসপিলকে ‘নিউ আমেরিকান সাইকো’ বলে উল্লেখ করেছেন। হ্যাসপিলকে জামিন অযোগ্য বর্ণনা করে বিচারক জোনাথন সভেটকি ১৭ জুলাই মধ্যরাতে তাঁকে কারাগারে পাঠান। ১৮ জুলাই হ্যাসপিলের আইনজীবী স্যাম রবার্টস এক বিবৃতিতে বলেন, ‘আমরা সত্য জানার খুবই প্রারম্ভিক স্তরে রয়েছি। এ মামলা দীর্ঘ এবং জটিল হবে। এ মামলা একজনের গ্রেপ্তার ও অভিযোগের চেয়ে আরও বিস্তৃত হতে পারে।’
সন্দেহভাজন খুনি হ্যাসপিলকে খুব দ্রুততার সঙ্গে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে আদালতে অনুষ্ঠিত হয় একটি ভার্চ্যুয়াল শুনানি । ম্যানহাটনের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড হ্যাসপিলকে আদালতে উপস্থাপন করেন। জানা যায়, হ্যাসপিল তরুণ প্রযুক্তিবিদ ফাহিমের অন্তত ৯০ হাজার ডলার চুরি করেছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি আশ্রয়ে না গিয়ে ফাহিম কিস্তিতে অর্থ ফেরত দেওয়ার সুবিধা করে দিয়েছিলেন।
প্রসিকিউশন এখনো এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে চূড়ান্তভাবে নিশ্চিত নন। হতে পারে অর্থের লেনদেন এবং ব্যক্তিগত বিষয়ই এই হত্যাকাণ্ডের কারণ। হ্যাসপিল কোনো অর্থ ফেরত দিয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জামিন অযোগ্য আসামি হ্যাসপিলের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার খুনের অভিযোগ আনা হয়েছে। যদিও নিউইয়র্কের আইনে প্রথম মাত্রা বা দ্বিতীয় মাত্রার হত্যাকাণ্ডের সর্বোচ্চ দণ্ড সমান। আদালতে অপরাধ প্রমাণিত হলে, সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তাঁর। দীর্ঘমেয়াদি কারাদণ্ডে প্যারোল বা প্যারোলবিহীন দণ্ড আরোপ হতে পারে। তবে হ্যাসপিল কঠোর জেরার মুখেও মুখ খুলছেন না এবং নিজের আইনজীবীর মাধ্যমে আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
পুলিশ সূত্রমতে, পুরো মামলার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। এদিকে ফাহিম হত্যার ঘটনা অন্যদিকে মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পুলিশ সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
ফাহিমের দুবোন রিফাত সালেহ ও রুবি বাশির। বড় বোন রুবির স্বামী নাইজেরিয়ান। নাইজেরিয়ায় ফাহিমের কোন শত্রু ছিল কিনা বা হত্যাকাণ্ডে আন্তর্জাতিক কোনো চক্র জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধারণা, হ্যাসপিলের পক্ষে একা এ কাজ করা হয়তো সম্ভব নয়। পেছন থেকে কেউ তাকে ফাহিম হত্যায় সহযোগিতা করেছে কিনা তাও ভাবা হচ্ছে।
পরিবারের প্রিয় সদস্যকে হারিয়ে মা-বাবা ও বোনেরা এখন শোকে স্তব্ধ। স্বজনহারা পরিবারের আহাজারিতে আজ গুমোট একদার হাসিখুশি সুখী পরিবারটি! আহারে জীবন…!