একটি প্রবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

কেবল অভিবাসীরাই মরছে মহামারি করোনায়?

সে কেবল চেনে বাদামি পীত আর কালো রং?
সাদায় সে অন্ধ?
নাকি নন্দ ঘোষের দোষ!
কেন?
কেন? এই বৈষম্য-বিভেদ?

প্রকৃতিই তাহলে এই নিগূঢ় সত্যের জন্মদাতা?
এবং ত্রাতাও সে!
এই বিস্ময়ের ঘোরের ভেতরে পাঁচ লাখ মানুষ হাপিস হয়ে গেল!
হায় খোদা তোমার চোখ কি বন্ধ?

তাদের কোনো উপায় নেই মেনে নেওয়া ছাড়া,
রাস্তায় বা বাড়িতে, যেখানেই হোক
করোনার গ্রাসাচ্ছাদনের টেবিলে বাঙালি
আর অবাঙালির কালো,
লালচে গোলাপি এশিয়ান ও ল্যাটিনো
বেশ ঘটা করে জমছে আজ
করোনার খাদ্যতালিকায়!

আমরা সাদারা মরতে শিখিনি কখনোই!

যখন কচুকাটার দিন ছিল আমাদের পূর্বপুরুষের,
বেশ ঘটা করেই কেটেছি
আদিবাসীর শির অস্থির হাতে।
তলোয়ারে সেই রক্তের দাগ আজও লেগে আছে।

আমাদের শিখিয়ে দেওয়া হলো,
তোমাদের রক্তের রং লাল হলেও হে শ্বেতাঙ্গ
জিন-গৌরবে তা সুনীল আকাশ!!

জর্জকে যেদিন হত্যা করে সাদা পুলিশ
সেদিন রাতের আকাশে দল বেঁধে কেঁদেছিল
কালো মেঘের মেয়েরা, তাদের সন্তান
আর হলুদ-পীতের দোসরদের চোখের জলে
ভেসে গিয়েছিল গোটা আমেরিকা,

আজ আবার দেখতে পাচ্ছি
কালো মেঘের আনাগোনা আকাশে,
রাস্তায় মিছিল প্রতিবাদীদের, ভেসে গেছে
করোনার ভয় ওয়েভ তরঙ্গে,
ম্যানহাটনের সড়কে সড়কে
বাতাসে ভাসছে বেদনার অশ্রুবিন্দু যেন জুঁই,
আর্তের হাহাকারে টপাটপ ঝরছে,
কিছু সাদা মেঘও চলেছে তাদের পাশাপাশি,
হাত ধরাধরি করে, মানববন্ধনে;

তারা কী চলে যাচ্ছে কোথাও? অন্য কোনো
অচেনা-অজানা দ্বীপে? অন্তরীপে?
অভিবাসী হবে তারা ভিন্ন কোনো সবুজ আশ্রয়ে?
বর্ণ ভেদহীন মানব সমাজে?

তারা কী শোকার্ত?
সাদাদের হাতে হত্যার ভয়ে শোকস্তব্ধ
কুঁকড়ে যাওয়া মানব-শাবক!
ভীত বাতাসের সাথে পলায়নপর
তারা পরিযায়ী পাখি?
উড়ে চলে
নিরুদ্দেশে!!