একটি ভুলের এই খেসারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্গারিটা ডেল পিলার ফিট্জপ্যাট্রিক
মার্গারিটা ডেল পিলার ফিট্জপ্যাট্রিক

নির্বাচনী আইন লঙ্ঘন করে ভোট দেওয়ার অপরাধে আমেরিকা থেকে বহিষ্কৃত হচ্ছেন একজন অভিবাসী। পেরু থেকে আসা এই অভিবাসীর পুরো নাম মার্গারিটা ডেল পিলার ফিট্জপ্যাট্রিক। আমেরিকায় উন্নতর জীবনের স্বপ্নে ২০০১ সালে পেরু ত্যাগ করেছিলেন। সবকিছু দ্রুত সামলে নেন। আমেরিকায় এসে দ্রুত ইংরেজি রপ্ত করেন। লেখাপড়া করেন এবং মেডিক্যাল অনুবাদক হিসেবে সনদ অর্জন করেন। মার্গারিটা বিয়ে করে আমেরিকান গ্রিনকার্ডের অধিকারী হন। একপর্যায়ে নার্সিংকে তাঁর পেশা হিসেবে বেছে নেন। তিন কন্যাসন্তানের জন্ম আমেরিকায়। অভিবাসনের স্বাভাবিক প্রক্রিয়ায় তারা আমেরিকার নাগরিক।
মার্গারিটা ভেবেছিলেন একদিন তিনিও আমেরিকার নাগরিক হবেন। ‘অবিচারের শিকার হওয়াতেই আমি আমার স্বদেশ ত্যাগ করে আমেরিকায় এসেছিলাম।’ অশ্রুসিক্ত মার্গারিটা এনবিসি নিউজকে বলেন, ‘যা আমার দুর্ভাগ্য।’ ২০০৬ সালে আমেরিকার দুটি নির্বাচনে তিনি অবৈধভাবে ভোট দেন। অভিবাসন কর্মকর্তারা এ তথ্য জানার পর ইলিনয়ের বাসিন্দা মার্গারিটা ফিট্জপ্যাট্রিক এখন বিতাড়নের মুখে পড়েছেন।
ড্রাইভিং লাইসেন্স করার জন্য স্টেট মোটরযান বিভাগে গিয়েছিলেন মার্গারিটা। সেখানে তিনি ভোটার হওয়ার জন্য বৈধ বাসিন্দার ঘরে টিক চিহ্ন দিয়েছিলেন। পরে তাঁর কাছে ভোটার রেজিস্ট্রেশন কার্ড পাঠানো হয়। রেজিস্ট্রেশনের জের ধরে তিনি দুই দফা ভোটও দেন। মোটরযান অফিসে লাইসেন্স করার জন্য গেলেই লাইসেন্স পাওয়ার সঙ্গে একটি ভোটার রেজিস্ট্রেশন ফরম ধরিয়ে দেওয়া হয়। নাগরিকত্ব না থাকলে যে ভোটার হওয়া যায় না, তা কখনো ব্যাখ্যা করা হয় না।
২০০৭ সালে মার্গারিটা নাগরিকত্বের জন্য আবেদন করে অভিবাসন কর্মকর্তাকে অকপটে বলেন, তিনি ভোট দিয়েছেন। তিনি জানতেন না, তিনি কোনো ভুল করছেন। কিন্তু দুই মাস পরে অভিবাসন অফিস চিঠি দিয়ে তাঁকে বহিষ্কার করার উদ্যোগ নেওয়ার কথা জানায়। আদালতে মার্গারিটার আইনজীবী বলেছেন, তাঁর মক্কেলকে ফাঁদে ফেলা হয়েছে। তিনি ভোটার হওয়ার যোগ্য ছিলেন কি না, তা না জেনেই মার্গারিটাকে ভোটার করা হয়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্রের মতে, মার্গারিটা নিজেই নিজের বহিষ্কারের কারণ ঘটিয়েছেন। ভোটার ফর্মে তিনি দাবি করেছেন, তিনি আমেরিকার নাগরিক। তাঁর মামলা অভিবাসন ও আপিল আদালতে গড়ায়। ২০১৫ সালে তিনি এক দিন আটক থাকার পর আপিল অব্যাহত থাকায় মুক্তি পান। তাঁর সংকট এখনো কাটেনি। তাঁর আইনজীবী আপিল করার পক্ষে। যদিও তাঁর মেয়েরা মনে করে, মা আমেরিকায় থাকার সময় পাবেন।
মার্গারিটার মতো বহু অভিবাসী আইন না জেনে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিপাকে আছেন। মার্গারিটার দুর্ভোগ থেকে অন্যদের শিক্ষা নিতে হবে বলে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।