একটি সচেতনতার গল্প
দেয়াল ঘড়ির টুংটাং আওয়াজ শুনে প্রতিদিন সকাল ৮টায় ঘুম ভাঙে শাহেদের। সকালের প্রাতরাশ সেরে ঠিক সাড়ে ৯টায় অফিসে রওনা দেওয়ার কথা তার। স্বামীর অফিস যাত্রার আগ পর্যন্ত রুনা বেগমের কাজের তাড়া যেন শেষ হতে চায় না। কিশোরী কাজের মেয়ে কুড়ানিকে সঙ্গে নিয়ে সেই সকাল থেকে শুরু হয় রুটি বেলা, আর ডিম পোচ করা। তারপর শাহেদের দুপুরের খাবার তৈরি করে টিফিন বক্স ভরে রাখার কাজ তো রয়েছেই। প্রতি দিনের সকালটা শুরু হয় কুড়ানির সঙ্গে চেঁচামেচির মাধ্যমে।
প্রতি রাতে শাহেদ ও রুনা ঘুমিয়ে যাওয়ার পর কুড়ানি ড্রইংরুমে বসে অর্ধ রাত কাটিয়ে দেয় টিভি দেখে দেখে। ফলে সকালে তাকে নিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। ‘বড় বাপের বেটিকে ঘুম থেকে ওঠানো যায় না’, বলে গজগজ করতে থাকে রুনা। রুনার ডাকে ঘুম চটে যায়। কুড়ানি আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করে। মাঝেমধ্যে রুনা অনেক বিরক্ত হয়। ভাবে, বিদায় করে দেবে। পরক্ষণেই কুড়ানির জন্য দরদ উতলে ওঠে তার। মা মরা মেয়েটা সৎমার সংসারে টিকতে পারেনি বলেই কুড়ানির বাপ একদিন তাকে সঁপে দিয়েছিল রুনার হাতে। সেই থেকে মেয়েটার প্রতি কেমন একটা মায়া জন্ম নিয়েছে রুনার মনে।
শাহেদ নাশতার অপেক্ষায় বসে বসে বোর হয়ে রুনাকে জিজ্ঞেস করে, ‘কই তোমার হলো?’ রুনা তৎক্ষণাৎ কিছু না বলে দেখে চায়ের চিনি ফুরিয়ে গেছে। চিনি আনতে কুড়ানিকে পাঠিয়ে দেয় দোকানে। গেট বন্ধ করতে ক্যাচ করে শব্দ হতেই শাহেদ সংবাদপত্র থেকে চোখ তুলে তাকায়। দেখে কুড়ানি ছুটছে। তারপরই এক অদ্ভুত কাণ্ড করে বসে শাহেদ। এগিয়ে এসে রুনাকে দু হাতে ধরে আদর করতে শুরু করে। রুনা আপ্রাণ চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিতে। কিন্তু শাহেদ কিছুতেই ছাড়তে রাজি নয়। রুনা মাথা নিচু করে সব মেনে নিল। স্বামী হিসেবে শাহেদ খুবই চমৎকার গুণের অধিকারী। রুনার কোনো আবদার কখনো সে ফেলনা মনে করেনি।
শাহেদ খানিকক্ষণ বসল চেয়ারে। টেবিলে রাখা জগ থেকে ঢেলে এক গ্লাস পানি খাচ্ছে। এমন সময় রুনা পাশে এসে দাঁড়াল। ঠোঁটে মৃদু হাসি রেখে রুনা বলে, ‘কয়টা বাজে দেখেছ? অফিসে যাবে না?’
রুনার প্রশ্নে আঁতকে উঠে শাহেদ দেখে, ঘড়ির কাঁটায় সাড়ে ১০টা ছুঁয়ে যাচ্ছে। গতকালও আধা ঘণ্টা লেট করে অফিসে গেছে সে। আজও লেট। ম্যানেজারের রক্তচক্ষু আজও দেখতে হবে তাকে। প্রতিদিন দেরি করার অজুহাত কে মানবে! তারপরও বউয়ের সঙ্গে চাপা মেরে নিজের বাহাদুরি জাহির করে বলে, ‘অফিসে একবার হাজিরা দিলেই হলো। আমাকে কে কী বলবে?’
অফিসে পৌঁছেই দেখে একগাদা ফাইল তার টেবিলে পড়ে আছে এবং তার রুমের সামনে দিয়ে ম্যানেজার পায়চারি করছেন। শাহেদ রুমে প্রবেশ করা মাত্র ম্যানেজার তার পিছু নিলেন। অফিসের সবার দৃষ্টি তখন শাহেদের দিকে। কেউ হয়তো মুখ টিপে হাসছে, কেউ ভাবছে এবার শাহেদ পড়ল ধরা।
তারপর যথারীতি কুশল বিনিময় করে ম্যানেজার মৃদু হাসি উপহার দিয়ে বললেন, ‘শাহেদ সাহেব আমি জানি আপনি কোম্পানির জন্য একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এত বড় একটা কোম্পানির হিসাবরক্ষকের দায়িত্ব আপনার ওপর বর্তেছে। দীর্ঘদিন ধরে আপনার দূরদর্শী কাজে কোম্পানির উন্নতি হয়েছে এবং আমি জানি এ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট সবাই পরিবার নিয়েই বাস করেন। কাজেই কেউ কেউ হয়তো তাদের পারিবারিক কারণে মাসে দু-এক দিন অফিসে আসতে দেরি করে—এটা মেনেও নেওয়া যায়। তাই বলে কিউ যদি প্রতি দিন দেরি করে অফিসে আসে, অফিস কোনোমতেই তা বরদাশত করবে না।’
কথাগুলো বলতে গিয়ে ম্যানেজার নিজেই আহত বোধ করছেন বলে মনে হলো। কারণ, শাহেদকে ম্যানেজার খুবই সমীহের চোখে দেখেন। শাহেদও তা জানে। আর জানে বলেই সে মুখ খুলে কিছু বলতে চায় না। ম্যানেজার বলেন, ‘আপনার কিছু বলার থাকলে বলতে পারেন শাহেদ সাহেব।
অগত্যা শাহেদ কিছু বলতে গিয়েও বুকের ভেতরটা ধুক ধুক করে উঠল। হঠাৎ যেন তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল। রুমের এসির প্রচণ্ড ঠান্ডা বাতাসও তা দমাতে পারছে না। ম্যানেজারের কৌতূহল যেন এতে আরও বাড়তে লাগল। শাহেদ এবার তার অফিসে আসার দেরি হওয়ার কারণটা বর্ণনা করল।
রুনা যখন রান্না ঘরে সকালের নাশতা বানাতে ব্যস্ত থাকে, শাহেদ তখন ড্রয়িংরুমে বসে সংবাদপত্র খুব মনযোগ দিয়ে পড়ে। পত্রিকায় অনেক মজার ঘটনা লেখা থাকে। সেগুলোতেই শাহেদের আকর্ষণ বেশি। এ সময় রুনা নাশতার প্লেট হাতে অনেক পীড়াপীড়ি করেও শাহেদকে খাবার টেবিলে বসাতে ব্যর্থ হয়। এই করতে করতেই শাহেদের দেরি হয়ে যায়। যখন খেয়াল হয়, তখন আর কিছু করার থাকে না।
অফিস ছুটি হলে শাহেদ রওনা দেয় বাসার পথে। তখন সন্ধ্যা পেরিয়ে খয়েরি অন্ধকার নেমে আসে। পাশের রেস্তোরাঁটা গমগম করছে নারী-পুরুষের হল্লায়। একটু আগেই ম্যাটিনি শো ভেঙেছে। তাই ভিড়টা বেশি। কাউন্টারের পাশের কফি টেবিলে বসা কিছু পরিচিত মুখ দূর থেকে শাহেদকে দেখে মুখ টিপে হাসে। এই হাসিটা রোজ অফিস ফেরার পথে শাহেদের জন্য তোলা থাকে। কিন্তু আজ মনে হচ্ছে সবাই ওকে দেখে বিদ্রূপের হাসি হাসছে। সবাই যেন ইশারায় একে অন্যকে দেখাচ্ছে, একটা অলস লোক হেঁটে যাচ্ছে। ভেতরে খুব অস্বস্তি লাগে শাহেদের। পাকস্থলীটা কেমন যেন দলা পাকিয়ে আসে। গলা থেকে বুকের মাঝখান অবধি কেমন শিরশির করে ওঠে। বারবার ম্যানেজারের কথাগুলো মাথার ভেতরে ঘুরতে থাকে, বিদ্ধ করতে থাকে।
বাসায় পৌঁছে দেখে রুনা ঘুমিয়ে গেছে। কাজের মেয়ে কুড়ানি ড্রয়িংরুমে একা বসে ভারতীয় সিরিয়াল দেখছে, আর শব্দ করে হাসছে। শাহেদকে দেখেই বলে, ‘খালুজান, খালাম্মা আপনার খাবার টেবিলে ঢেকে রাখছে। আপনার ইচ্ছে হলে খাওয়া দাওয়া করে শুইয়া পড়েন।’ শাহেদ কুড়ানির কথায় কান না দিয়ে শুতে গেল।
পরদিন আবার পাখি ডাকা ভোর। দেয়াল ঘড়ির টুংটাং শব্দে শাহেদের ঘুম ভাঙে। কিন্তু বিছানা ছেড়ে উঠতে মন চায় না তার। হঠাৎ তার কানে ভেসে আসে রুনার কণ্ঠ। রুনা চিৎকার করে কুড়ানিকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে, আর বলছে, ‘তোকে আমি বিদায় করে দেব। প্রতি দিন এভাবে ডাকাডাকি করে তোকে কাজ করাতে পারব না। যা বের হয়ে দ্যাখ, তোর মতো অলস মেয়েকে কে কাজে রাখে?’
কথাগুলো যেন ডিনামাইট ফাটার মতো শব্দে কানে আঘাত করল শাহেদের। তার অলসতার মুখোশ যেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। উজ্জ্বল হয়ে উঠল শাহেদের চোখের মণি। কাচের জারে রাখা সোনালি মাছগুলো ঘুরছে শেওলা সরিয়ে, যেন একটা দুর্গের কপাট খুলে বেরিয়ে গেল সোনালি সেই মাছগুলো।